আব্বুর না থাকার কষ্ট বুঝতে দাওনি কখনো

আমাদের ছোট-বড় স্বপ্ন পূরণে ছায়ার মতো পাশে থাকেন মা। কখনো কখনো মায়ের অনুপ্রেরণাতেই আমরা স্বপ্নের ক্যাম্পাসে পা রাখি, পছন্দের পেশা বেছে নিই কিংবা শুরু করি সাহসী কোনো উদ্যোগ। কিন্তু স্বপ্নপূরণের সঙ্গী, মাকে ধন্যবাদ দেওয়া হয়ে ওঠে না। আজ মা দিবস উপলক্ষে তাই মায়ের কাছে খোলা চিঠি নিয়ে বিশেষ আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে লেখক

আজ ঈদের দিনে তোমাকে লিখতে বসেছি। তুমি এখন অফিসে। সেই ছোট্টবেলা থেকেই আমাকে রেখে রোজ অফিসে যেতে হয় তোমার। ছোট্ট পুতুল মেয়েটাকে রেখে অফিসে যেতে তোমার খুব কষ্ট হতো জানি। তবু এতগুলা বছর ধরে নিজের সুখ বিলীন করে হলেও আমার সব ইচ্ছা পূরণ করেছ। তোমার ছোট্ট মেয়েটাকে তিল তিল করে তোমার মতো শক্তিশালী করে গড়ে তুলেছ। শিখিয়েছ, কীভাবে এই কঠিন দুনিয়ায় হাসিমুখে পথ চলতে হয়। রোজ ১২ ঘণ্টা অফিস শেষে বাসায় এসে সেলাই, রান্না, বাগান করা—সব কাজ কী অনায়াস করে যাও তুমি! অন্য সব ঈদের মতো আজও মজার সব খাবার রান্না করে রেখে তারপরই তুমি অফিসে গেছ। পরিবারের সবাইকে ছেড়ে ইদ করার কষ্ট মনে চেপে রেখে হাসিমুখে অফিস করছ! আর তাই তো তোমার কাছে আমি রোজ শিখছি পরিশ্রমী, ধৈর্যশীল ও বিনয়ী হতে।

তুমি রোজ আমাকে সাহস দিয়েছ, অনুপ্রেরণা দিয়েছ, বিশ্বাস রেখেছ যে ‘আমিই পারব’। তাই এই ব্যস্ত দুনিয়ার কোনো হতাশা আমাকে গ্রাস করতে পারেনি। তোমার জন্যই ভর্তি হতে পেরেছি স্বপ্নের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

সেই ছোট্টবেলা থেকে তোমার মুখে মিষ্টি গান শুনতে শুনতেই গানের ভুবনটাকে ভালোবেসে ফেলি। তোমার কাছেই শিখি শুদ্ধ বাংলায় আবৃত্তি। শত ব্যস্ততা সত্ত্বেও রোজ আমাকে নিয়ে যেতে নাচের ক্লাসে, গানের ক্লাসে। তোমার হাত ধরেই সংস্কৃতির রুচিশীল দুনিয়াকে চিনতে শুরু করেছি। তোমার জন্যই এই আমি ‘আজকের আমি’।

আব্বুর না থাকার কষ্ট তোমাকে ভেতরে ভেতরে গ্রাস করলেও কখনো আমাদের তা বুঝতে দাও না। একাই তুমি সবটা দিয়ে আগলে রাখো। জানো মা, তোমার মনের শিশুসুলভ সারল্য, স্নেহ আর উচ্ছলতায় ঘরে-বাইরে আশপাশের সব মানুষের মন রাঙিয়ে রাখো তুমি। সারা দিন অপেক্ষার পর রাতে তুমি যখন বাড়ি ফেরো, আমাদের অন্ধকার ঘর যেন আলোকিত হয়ে যায়।

লক্ষ্মী আম্মু, আমাদের জন্য হলেও নিজের খেয়াল রেখো প্লিজ। অনেক কষ্ট দিই তোমাকে। পারলে ক্ষমা কোরো। আর দোয়া করো, তোমার এই দুষ্টু মেয়ে যেন আপন আলোয় বিকশিত হতে পারে। যেন তোমার মতো শক্তিশালী হতে পারে। তোমাকে ভালোবাসি মা।