আব্বুর পাঞ্জাবি
তখন আমার বয়স সাত কি আট! ঈদুল ফিতরের আর দিন দশেক বাকি আছে। চারদিকে তখন ঈদের আমেজ। একদিন বিকেলে মা বাবাকে বললেন, ‘ছেলেমেয়ে দুটোকে কিছু কাপড় কিনে দেবে না, বছরে তো এই একবারই!’
বাবা বললেন, ‘কার কী লাগবে?’
সঙ্গে সঙ্গে আপু তার লিস্ট ধরিয়ে দিল, আমার জন্য বরাদ্দ হলো একটা শার্ট আর একটা ইংলিশ হাফপ্যান্ট। মা কিছু নেবেন কি না তা মার্কেটে গিয়ে দেখা যাবে!
নিম্ন মধ্যবিত্ত পরিবার হওয়ায় আমাদের হিসাব করে চলতে হতো। সেই হিসাব অবশ্য বাবা করতেন। তিনি ঈদের সময়ও কিছু নিতেন না। মা বললেন, ‘তোমার জন্য একটা পাঞ্জাবি কিনি? কিছুই তো নাও না।’ বাবা বললেন, ‘আগে বাচ্চাদের কিনে দাও, তারপর আমারটা দেখা যাবে।’
খুব নাজুক বাজেট হতো আমাদের। প্রায় দুই-তৃতীয়াংশই ঘাটতি। দুইজনের কেনাকাটা কোনোমতে হয়, চারজনেরটা বিলাসিতা। আপুর কেনাকাটা দিয়ে শুরু হলো। আপুকে আর আমাকে কিনে দিয়ে সামান্য কিছু টাকা বাঁচল। এবার হয় শাড়ি কিনতে হবে নতুবা পাঞ্জাবি। বাবাকে বলতেই মাকে বললেন, ‘তুমি একটা শাড়ি নাও।’
মা বললেন, ‘আমি তো সারা দিন বাসাতেই থাকব। তুমি ঈদগাহে যাবে, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করবে, তুমিই নাও।’ মায়ের সঙ্গে যুক্তিতে না পেরে বাবা বললেন, ‘আচ্ছা ঠিক আছে তুমি তোমার জন্য শাড়ি কিনে ফিরে এসো। আমি কিছু টাকা জোগাড় করে পাঞ্জাবি কিনে নেব।’
বাবার কথায় আশ্বস্ত হয়ে মা শাড়ি কিনে ফিরে এলেন। ঈদের আগের দিন সকালে মা বাবাকে বললেন, ‘কোথায় তোমার পাঞ্জাবি?’ বাবা বললেন, ‘রাতে দেখতে পাবে।’
ঈদের আগের রাতে মা পরের দিনের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় বাবা এসে একটা প্যাকেট দিয়ে বললেন, ‘কোথাও রেখে দাও তো, কাল সকালে বের করে দিয়ো।’ বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। মা প্যাকেটটা নেড়েচেড়ে খুশিমনে তুলে রাখলেন। ঈদের দিন সকালে বাবা আমাদের ডেকে তুললেন। আমি ঘুম থেকে উঠেই দেখি, মা সেমাই, পায়েস, পুডিং আরও কত কিছু রান্না করছেন। বাবা গোসলখানা থেকে গলা বাড়িয়ে মাকে বললেন পাঞ্জাবিটা দিতে। আমার স্পষ্ট মনে আছে, মা তাড়াহুড়োর মধ্যে প্যাকেট খুলেই আমাকে ডাকলেন। কপালে হাত রেখে বললেন, ‘তোর বাবা তো পাঞ্জাবি কেনেইনি! পুরোনোটা মাড় দিয়ে লন্ড্রি করিয়ে নতুন পাঞ্জাবির প্যাকেটে এনেছে। কাল ব্যস্ততার মধ্যে চোখেই পড়েনি।’
বাবা হাসতে হাসতে বললেন, ‘নামাজ পড়ে এসেই তো খুলে রাখতাম। বাচ্চাদের খুশিই তো আমার খুশি।’ বলেই বাবা আমাকে জড়িয়ে ধরে বললেন, ‘এরাই তো আমার পাঞ্জাবি!’