আম-কাঁঠালের ছুটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেক দিন মাকে দেখি না। কালই বাড়ি যাব। গরমের পুরো ছুটিটা এবার আমার মায়ের জন্য...’ বলতে বলতে চোখের কোণে কখন যে পানি চলে এসেছে টের পায়নি আরিফ। রুমির চোখটা কিন্তু এড়িয়ে যায়নি। বন্ধুর হাতটা আলতো করে ধরল সে, তাতে ছিল নির্ভরতার ছাপ। তারপর হঠাত্ করে চিত্কার করে উঠল, ‘জানিস, এবার ছুটিতে বিশাল পরিকল্পনা করেছি...।’ সামি, রানা, চৈতি, আরিফ—সবাই একসঙ্গে ‘কী কী’ করে উঠল। রুমি একটু চুপ করে থেকে মাথা চুলকিয়ে ‘কিছুই না’ বলে খিলখিল করে হাসল। সবার মেজাজ যখন চরমে, চৈতি তখন ধরল গান ‘মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি,/ আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি...আহা হা হা হা...’। গান শেষ না হতেই ‘কত দিন তোদের চাঁদমুখ দেখব না’ বলে চৈতিকে খেপিয়ে দিল রানা। ‘দোস্ত, আম-কাঁঠাল খেয়ে কারও মুখ আর চাঁদমুখ থাকবে না। খেতে খেতে গাল ফুলে একেবারে জাম্বুরা মুখ হয়ে যাবে।’ এই বলে সবাই চলল চা খেতে টিএসসিতে। কণার দোকানে ঢুকেই সামি পাঁচটা চা চেয়ে জিজ্ঞেস করল, ‘কিরে কণা, তুই ছুটিতে কী করিবে রে?’ ‘ভাইয়া, ম্যাডাম অনেক পড়া দিছে। পড়ালেখা করুম। ছুটিতে তো আফনেরা থাকবেন না, আমারও কামকাজ অত থাকবে না। এবারের ছুটিটা তাই ঠিক করছি কামে লাগামু।’ চৈতি বেশ অবাক হলো, ‘তুই পড়িস নাকি?’ ‘হ আফা, ক্লাস নাইনে।’ সবাই কণার জন্য একটা বাহবা দিয়ে চা খেতে ব্যস্ত হয়ে পড়ল।পাশে বসেই গল্প চলছিল শাকিল, ফাহিম, অরিণদের। অরিণের বাড়ি আবার রাজশাহী। শাকিল আর ফাহিম এরই মধ্যে ছুটিতে অরিণদের বাসায় আমের দাওয়াতটা ‘আদায়’ করে ফেলেছে। দাওয়াত না দিয়ে কি আর উপায় আছে! ল্যাংড়া আম ওদের না দিয়ে গেলে ও যে ল্যাংড়া হয়ে যাবে। ফাহিম কিন্তু শুধু ল্যাংড়া না, গোলাপজাম, সিঁদুরে আম, গোপালভোগ, হিমসাগর—সব আমই খাবে বলে ঘোষণা দিয়েছে। শাকিল অবশ্য বেশ অবাক হয়েছে ফাহিমের মাথায় এত আমের নাম আছে শুনে। ফাহিম উত্তরটাও দিয়েছে বেশ মজার, ‘দোস্ত, গত জনমে আমার শ্বশুরবাড়ি ছিল যে রাজশাহী!’ হাসতে হাসতে ততক্ষণে পাশে বসা রকির পেটে খিল ধরে গেছে। রকির বাড়ি যশোর। তার নানুবাড়ি আবার রাজশাহী, আম খেতে যদিও এখন আর রাজশাহী যাওয়া হয় না তার। যাবেই বা কেন, যশোরে ওদের বাড়িতেই আছে ছয় জাতের আমগাছ। কলাভবনের আমতলায় বসে মুন্না, হিমি, পিপীকারা তখন কাঁঠালের গল্প করছিল। ‘কিরে, কাঁঠালতলা না পেয়ে আমতলায় কাঁঠাল ভাঙছিস যে!’ ফাহিমের কথায় পিপীকা বলল, ‘এবারের ছুটিতে বাড়ি আগে যাই, তারপর দেখিস কাঁঠাল ভাঙা কাকে বলে! তোরাও আসিস। তোদের মাথায়ও কাঁঠাল ভাঙব।’ ‘দেখ দাওয়াতের কী ছিরি?’ এই বলে হিমি ওদের বাড়িতে কাঁঠালের দাওয়াত দিল। হিমির বাড়ি নরসিংদী। ওখানে লাল পাহাড়ের একটা এলাকা আছে। পাহাড়ের ঢালে বেশ ভালো কাঁঠাল হয়।ইমরুল ছুটিতে যাবে নেপাল। নেপালের হিমালয় দেখবে এবার সে। অনেক দিন থেকে টাকা জমিয়েছে। সময়টা যেহেতু পাওয়া গেল, এবার আর মিস করবে না সে। আর আলসে মুন্না ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে পুরোটা ছুটি। লুনার বেশ মন খারাপ। ওর বাসা ঢাকাতেই। কোথাও যাওয়া হবে না তার। ঘুম, সিনেমা, বইপড়া—এই করেই হয়তো কাটবে বেচারির ছুটি। তামান্না অবশ্য ওদের মধ্যে প্রথম। এরই মধ্যে তার ব্যাগ গোছানো শেষ। আজ ক্লাস শেষ করেই সে দেবে ভোঁ দৌড়। টিকিট কেটে রেখেছে আরও তিন দিন আগে। ভাবুক রূপম কিন্তু বেশ চুপচাপ ছিল এতক্ষণ। নীরবতা ভেঙে ঝাড়ল তার ভাবমার্কা কথা, ‘গ্রামে যাব রে এবার, বহুদিন সবুজ ঘাসে খালি পায়ে হাঁটি না।’ সবাই কিন্তু এবার সত্যিই বেশ চুপ মেরে গেল। আসলে সবার নাড়িতেই যেন গ্রামের জন্য একটা আলাদা মমত্ববোধ রয়েছে। মেঠোপথ, ধানখেতে পুবালি হাওয়ার লুটোপুটি আর পড়ন্ত দুপুরে একটা বউ কথা কও পাখির ডাক...।