আম কুড়াতে গিয়ে চাচার পিটুনিতে ভাতিজার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম কুড়াতে গিয়ে চাচার পিটুনি খেয়ে মারা গেছে ১০ বছরের শিশু মোহাম্মদ ইমন। চন্দনাইশের সাতবাড়ীয়ায় ইমনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুসংবাদ তার সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। ইমন সাতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। জানা যায়, ৩ মে মোহাম্মদ ইমন পারিবারিক বসতভিটার আমগাছ থেকে বাতাসে ঝরে পড়া আম কুড়াতে যায়। এ সময় তার চাচা মোহাম্মদ মমতাজ (৪০) তাকে বকাঝকা করলে ঝগড়ায় জড়িয়ে পড়েন ইমনের বাবা-মা। একপর্যায়ে চাচা মমতাজ লাঠিপেটা করলে ইমনসহ তার বাবা মোহাম্মদ মুনসেফ আলী (৩৫) ও মা রেজিয়া বেগম (৩০) গুরুতর আহত হন। তাঁদের চন্দনাইশ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুই দিন পর ৫ মে দুপুরে সে মারা যায়। এ ব্যাপারে ইমনের বাবা মোহাম্মদ মুনসেফ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে, ইমন মারা যাওয়ার পর থেকে অভিযুক্ত মমতাজ পলাতক রয়েছেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, ৬ মে মামলা হওয়ার পরই আসামি গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে আসামি পলাতক রয়েছেন।প্রতিবাদ সভাইমন হত্যার প্রতিবাদে ৬ মে সাতবাড়ীয়া ইউনিয়নের সাবেক সদস্য আজিজুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভা সাতবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হয়। সভায় অভিভাবকের পক্ষে বক্তব্য দেন মোহাম্মদ সাইফুুদ্দীন, আনোয়ারুল ইসলাম ও দিদারুল আলম। বক্তারা ইমন হত্যাকারীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানান।