আম কুড়ানোর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি তখন এসএসসি দেব। ফুলবাড়িয়া উপজেলা শহরে থাকি। এসএসসি পরীক্ষা দেওয়া উপলক্ষেই উপজেলা সদরে থাকা। কিন্তু আমার ছোট ভাই গ্রাম ছেড়ে থাকবে না। বাসায় তার ভালো লাগে না। সময় কাটে না। খেলাধুলার কেউ নেই। বন্ধুবান্ধবও কেউ নেই। গ্রামের বাড়িতে তার অসংখ্য খেলার সাথি। যা-ই হোক ছোট ভাই কখনো নানার বাড়িতে থাকে। কখনো দাদির সঙ্গে আমাদের বাড়িতে থাকে। আমি, আম্মা ও ছোট বোন ফুলবাড়িয়ায় থাকি। আব্বা বাড়িতেও থাকেন আবার মাঝেমধ্যে আমাদের সঙ্গে বাসায়ও থাকেন।
কোনো এক গ্রীষ্মের ভোররাতের দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হয়েছে। ওই দিন আব্বা বাড়িতে ছিলেন। আমার ছোট ভাই বাড়িতেই দাদির সঙ্গে ঘুমাত। ছোট ভাই তো সেই ঝড়-বৃষ্টির সময় থেকে দাদিকে বলে যাচ্ছে, ‘আজকে সব আম আমি কুড়াব।’ ঝড় শেষে দাদিকে বলে, ‘চলো, আমতলায় যাই। পরে অন্য সবাই জেগে আম নিয়ে যাবে।’ দাদি বলেন, ‘আরে ছ্যাড়া, আরেট্টু পরিষ্কার ওক। অহনো তো আন্ধাইর।’ কে শোনে কার কথা? শেষ পর্যন্ত দাদি বাধ্য হয়ে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও কুপিবাতি জ্বালিয়ে আমতলার দিকে আসেন ছোটকে নিয়ে। দাদি আর ছোট দূর থেকে দেখে, টর্চের আলোয় কে যেন আম কুড়াচ্ছে। কে যেন আম কুড়াচ্ছে? অন্ধকারে স্পষ্ট দেখা যায় না। শুধু মানুষের অবয়ব বোঝা যায়। এটা দেখে ছোটর অবস্থা তো খারাপ। সে চিৎকার দেয়, ‘কেডা! কেডায় আম কুড়ায়? আমি আগেই কইছি না আইজকা সব আম আমিই কুড়ামু। আম থুইয়া যা কইতাছি। আর কুড়াইস না।’
গাছতলা থেকে আমার আব্বা বলে ওঠেন, ‘আরে বেটা, আমিই আম কুড়াই, আমি তোর বাপ!’
আফসোস সেই সব ছেলেমেয়ের জন্য যাদের আম কুড়ানোর কোনো স্মৃতি নেই। আফসোস আমার ছোট বোন দুটির জন্য, তাদের ভাইদের মতো ভোররাতে আম কুড়ানোর কোনো স্মৃতি তাদের থাকবে না। অথচ কী সুন্দর দুরন্ত শৈশব কাটানোর কথা ছিল ওদের। বিকেল কাটানোর কথা ছিল পাড়ার ছেলেমেয়ের সঙ্গে, কাজিনদের সঙ্গে হইহুল্লোড় আর দুরন্তপনায়। বউচি, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট খেলায় মেতে থাকার কথা ছিল। এই ছোট ছেলেমেয়েরা ১২-১৩ বছরেই যেন অনেক বড় হয়ে গেছে।
নাসির উদ্দিন
পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।