আম কুড়ানোর দিন
এই তো কদিন আগের ঘটনা। বৃষ্টিহীনতায় প্রকৃতি যখন পাগলপ্রায়, গাছে গাছে যখন আমকড়ালির আনাগোনা, তখন আমরা পাঁচ বন্ধু সিদ্ধান্ত নিলাম বছরের প্রথম ঝড়বৃষ্টিতে হোস্টেলের সামনের আমগাছতলায় আম কুড়াব। আমাদের রাজশাহী মেডিকেল কলেজের পিংকু হোস্টেলের সামনে আছে অনেকগুলো আমগাছ, যেগুলোর নিচ দিয়ে গেলে মাথায় আম ঠেকে; আর আছে কিছু কড়ই ও ইউক্যালিপটাস গাছ। তো, এক রাতে হঠাৎ ঝোড়ো বাতাস আর বিদ্যুৎ চমকাতে শুরু করল। আমরা পাঁচ বন্ধ—আরিফ-১, আরিফ-২, আসিফ, মাসুদ আর আমি সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। এমন সময় লোডশেডিং হলো। আমগাছের তলায় যেতে যেই বিদ্যুৎ চমকাল, দেখলাম অনেক ছোট ছোট আম পড়ে আছে। কুড়াতে লাগলাম, আর পকেটে ভরতে লাগলাম। মাসুদের চশমা ভিজে গেলে ও চশমাটা খুলে ফেলে। ও আর আম খুঁজে পাবে কি! আবার চশমা মুছে পরল। আবার বিদ্যুৎ চমকাতেই দেখি সামনে আরো বড় বড় আম। পকেটের আমগুলো তাড়াতাড়ি ফেলে দিয়ে বড় আমের আশায় হাত বাড়ালাম। প্রচণ্ড ঝড় হচ্ছিল। মনে হচ্ছিল যেন ডালপালা ভেঙে পড়বে। মাসুদ আবার আমাদের মধ্যে বেশি সুযোগসন্ধানী। আমরা সবাই আম কুড়াচ্ছি, আর এমন সময় একটা বেশ বড়সড় ডাল ভেঙে পড়ল। প্রথমে ঝড়ের শব্দে আমরা সেটা বুঝতে পারলাম না। কিন্তু মাসুদ ঠিকই বুঝল। বেশি আম পাবে বলে হাত আর পকেটের আম ফেলে দিয়ে দৌড়াল ডালের দিকে। ডাল নিয়ে এক দৌড় দিল হোস্টেলের সিঁড়িঘরের দিকে। ওর দৌড়ানো দেখে একটু পরে আমরাও পিছু নিলাম। আমরা সিঁড়িঘরে পৌঁছালে বিদ্যুৎ চমকাল। সবাই দেখি, মাসুদ একটা কড়ইগাছের বড় ডাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের হাসি আর দেখে কে!তন্ময় সরকাররাজশাহী মেডিকেল কলেজ।