আম কুড়ানোর সেই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখ মাসে বৃষ্টি এলে গ্রামের মানুষ ছুটত ঘরের পথে, আর আমরা একদল ছেলে বেরিয়ে পড়তাম আম, জাম, জামরুল কুড়ানোর জন্য। কে কার চেয়ে বেশি কুড়াতে পারে, এই নিয়ে প্রতিযোগিতা। মনে পড়ে, সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। সব বাধা উপেক্ষা করে আমি ও আমার বন্ধু রশিদ বেরিয়ে পড়ি আম কুড়ানোর জন্য। বৃষ্টিতে ভিজে আমার শরীর রীতিমতো কাঁপছিল। দুজন একটি আমগাছের গোড়ায় আশ্রয় নিই। একটি আম পড়তেই রশিদ দৌড়ে যায় আমটি ধরার জন্য। আমিও পেছনে পেছনে যাওয়ার উদ্যোগ নিচ্ছিলাম। হঠাৎ একটি গাছের ডাল ভাঙার শব্দের সঙ্গে রশিদের চিৎকার একাকার হয়ে গেল। চেয়ে দেখি, রশিদ মাটিতে শুয়ে আছে। তার মাথার ওপর মস্ত বড় একটা ডাল। আমার তীব্র আর্তনাদে আশপাশের লোকজন ছুটে আসে। রশিদকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এরপর সে দুই দিন বেঁচে ছিল। ওই দিনের পর থেকে আমি আর কখনো আম কুড়াতে যাইনি। এখনো বিদ্যুৎ চমকায়, ঝড় হয়, বৃষ্টি হয়, আগের মতোই। এখনো বৃষ্টি এলে মনে পড়ে সেদিনের কথা। খোলা জানালা দিয়ে যখন একা বসে বৃষ্টি পড়তে দেখি, রশিদকে মনে করে নিজের অজান্তেই দুচোখ বেয়ে বৃষ্টি ঝরে। মো. শরিফ খান ঢাকা বিশ্ববিদ্যালয়।