আম চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন রাতে চার বন্ধু মিলে ঠিক করলাম, আমাদের রাগি বান্ধবী সম্পার বাসায় আম চুরি করতে যাব। যেই ভাবা সেই কাজ। রাত ১২টার দিকে আমরা শুভকাজে বেরিয়ে পড়লাম। ওদের বাসার কাছে বিস্তৃত জায়গা থাকায় চুরি করাটা সহজ। যা-ই হোক, ওস্তাদ হওয়ার সুবাদে আমিই চড়ে গেলাম গাছের ওপর। বাকি তিনজন নিচে রইল। গাছের ওপর থেকে এদিক-ওদিক তাকাতেই দেখি, সম্পার রুমে আলো। মনে হলো, পড়াশোনায় খুব ব্যস্ত। মনে মনে দুঃখ হলো ওর জন্য। হায়রে বেচারি, ওর চোখের সামনে দিয়ে সব আম চলে যাবে, আর ও জানতেও পারবে না। নিচ থেকে বন্ধুদের তাড়াহুড়োর কারণে আম পাড়া শুরু করলাম। প্রথমেই এক থোকা আমে যেই টান দিয়েছি, অমনি পায়ের নিচের শুকনো ডাল ভেঙে বিকট শব্দে নিচে পড়লাম। সম্পা চোর চোর বলে চেঁচাতে শুরু করল। আমার তিন সঙ্গী মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। সামনে তাকিয়ে দেখি, সম্পার বাবা হাতে ক্রিকেট খেলার একটা স্টাম্প নিয়ে আসছেন। অবশেষে বুঝলাম, চোরকে আপ্যায়ন করতেই বুঝি এটা। এসব চিন্তা শেষ না হতেই শুধু পেছন থেকে একটা আওয়াজ কানে এল, ‘চঞ্চল, দৌড় লাগা।’ পায়ের ব্যথা নিয়েই দিলাম এক দৌড়। আজ প্রায় ১০ বছর পর এসব চিন্তা করলে হাসি পায়। আমার স্ত্রী বলে, সেদিন যদি আমার পিঠে ওই স্টাম্পের মার পড়ত, তবে নাকি ওর খুব কষ্ট হতো। কারণ একটাই, সেই আমবাগানের মালিকের মেয়ে সম্পাই তো আজ আমচোরের বউ।চঞ্চল পোদ্দারসরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজ, বগুড়া।