আমগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে আছে, মনে পড়ে হঠাৎ করেই। দুটি চোখ, একটু মৃদু হাসি; একটি আমগাছ, একটি ঘটনা। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। বয়স ১৩-১৪। নতুন আবেগ, অনুভূতির এক ভিন্ন জগৎ। বাংলা সিনেমার কিছু কিছু রোমান্টিক গান যেন হূদয়ের পুরো নাটাই ধরে টান মেরে বসে। যেদিন তার সঙ্গে আমার প্রথম দেখা, সেদিন বৃষ্টি ছিল। ভারী বৃষ্টি নয়, টিপটিপ বৃষ্টি। বৃষ্টির বেগ যখন হঠাৎ করেই একটু বাড়ল, আমি রাস্তার পাশে একটা আমগাছের নিচে দাঁড়ালাম। রাস্তাঘাট প্রায় ফাঁকা, মানুষজন নেই। একটি মেয়ে ছাতা মাথায় এদিকে আসছে, আমি প্রথমে খেয়াল করিনি। যখন খেয়াল করলাম, তখন দেখি, মেয়েটি আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি একটু অবাক হলাম। মেয়েটি আমার পরিচিত নয়, আগে কখনো দেখেছি বলে মনে হয় না। তাহলে আমাকে দেখে হাসবে কেন? ওই দিন সারাক্ষণ আমার পুরো অস্তিত্বজুড়ে শুধু একটি প্রশ্নই ছিল—আমাকে দেখে হাসল কেন? মেয়েটির হাতে বই-খাতা ছিল। সময়টা ছিল সকাল আটটা। বুঝতে পারলাম, মেয়েটি প্রাইভেট পড়তে যায়। এরপর প্রতিদিন সেই আমগাছের নিচে দাঁড়িয়ে থাকা। প্রতিদিন অপেক্ষা। আর শুধু অপলক তাকিয়ে থাকা। মেয়েটির মুখে মৃদু একটা হাসি লেগেই থাকত। সেই হাসি যেন প্রতিদিন আমাকে কটাক্ষ করে যেত। আমি কিছু বলতাম না, শুধু তাকিয়ে থাকতাম। মেয়েটিও আমার দিকে আড়চোখে, কখনো স্পষ্ট করে তাকাত। তার চোখের কোনো উপমা আমার জানা নেই। আমি শুধু বুঝতাম, তার চোখ যেন বলে যেত, ‘এই ছোকরা, প্রতিদিন এখানে দাঁড়িয়ে থেকে আমাকে দেখবি, নয়তো তোর খবর আছে।’ এভাবে প্রায় ছয় মাস। শুধু তাকিয়ে থাকা। কোনো দিন কোনো কারণে একটি দিনের জন্যও ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকা আমার বাদ যায়নি, শুধু বন্ধের দিন বাদে। কিন্তু এর মধ্যে ব্যাঘাত ঘটাল অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। একদিন সকালে ঠিক করলাম, আজ কিছু বলবই। দৃঢ় সংকল্প। অথচ গিয়ে দেখি, আমগাছটি কেটে ফেলা হয়েছে! এর পর থেকে আমি আর মেয়েটিকে দেখার জন্য ওই রাস্তায় দাঁড়াইনি। কোনো কথাও বলিনি। কিন্তু কেন? এ প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর এখনো আমার কাছে নেই।মো. শহীদুল ইসলামআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।