
গাছে মুকুল আসার পর থেকেই প্রস্তুতিপর্ব শুরু হয়ে যেত। হিসাব কষতাম, কোন গাছে কী পরিমাণ আম আসবে। কোনটিকে বেশি তদারকির মধ্যে রাখতে হবে। কালবোশেখি আর শিলাবৃষ্টির ধকল সামলে যে আমগুলো টিকে যেত তারাই যেন বিজয়ী! গৌরবের সঙ্গে গাছের ডালে ঝুলছে। একই থলেতে অনেকগুলো আম লিলুয়া বাতাসে এদিক-ওদিক দোল খায়। দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। গাছ থেকে পাকা আম পাড়া হবে, এ অপেক্ষা ক্রমেই বাড়তে থাকে। অবশেষে কেউ একজন খোঁজ আনে কোনো গাছের আমে পাক ধরেছে, সবুজ রং হলুদ হতে শুরু করেছে। আমরাও সে গাছের আম সংগ্রহের অভিযানে নেমে পড়ি।
ছেলেবেলায় অনেক কিছুই পারতাম না। যার একটা গাছে ওঠা। আম্মাও ঝুঁকি নিতে নিষেধ করতেন। তাই গাছপাকা ফল খাওয়ার জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। আপু ছিল আমার বছর দুয়েকের বড়, স্বভাবে ঠিক বিপরীত। আমি যে কাজ করতে ভয় পেতাম, আপু তা সাবলীলভাবে করে ফেলত। তরতর করে গাছে উঠে পাকা পাকা আম পেড়ে আনত। পুরো হলুদ হওয়ার জন্য দুই-তিন দিন অপেক্ষা করতে হতো। তখন নির্দিষ্ট একটা জায়গায় আমগুলো লুকিয়ে রাখত। এ সুযোগটাই আমি কাজে লাগাতাম। কিন্তু শুধু কাজের দক্ষতায় নয়, বুদ্ধিতেও আমার চেয়ে আপুই ছিল এগিয়ে। তার মনে সন্দেহ উঁকি দেয়, কেউ হয়তো আমগুলো খেয়ে ফেলতে পারে। তাই চুরি যাওয়ার আশঙ্কায় প্রত্যেকটি আমের গায়ে আলাদা নম্বর দিয়ে রাখত।
আপুর অনুপস্থিতিতে একদিন আমগুলোর কাছে যাই। পাকা আমের ঘ্রাণে জিবে জল চলে আসে। আপুর দারুণ বুদ্ধির কারণেই চুরির ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হয়। পাশাপাশি রাখা কয়েকটি আম একসঙ্গে না নিয়ে, একটা করে বাদ রেখে পরেরটা নিই। এভাবে কয়েকটা নিয়ে ত্বরিত সরে পড়ি। কেউ টের পাওয়ার আগে লুকিয়ে সেগুলো সাবাড় করে দিই। সন্ধ্যার পর আপুর চেঁচামেচিতে আম্মাকে অনুসরণ করে আমিও ছুটে যাই। আম চুরির ব্যাপারটা ঠিকই ধরে ফেলেছে! আপু কঠিন কণ্ঠে জানায়, কেউ স্বেচ্ছায় স্বীকার করলে মাফ করে দেওয়া হবে। কিন্তু অস্বীকার গেলে হুজুরের কাছে গিয়ে নাম উদ্ধার করবে। তারপর তাকে ‘জোড়চোর’ উপাধি দেওয়া হবে। কারণ, চুরি যাওয়া আমের সবগুলোই জোড় সংখ্যার। শাস্তি হিসেবে তাকে তার পাওনা আম থেকে বঞ্চিত করা হবে। আপুর ঘোষণায় আমার মুখ ফ্যাকাশে হয়ে যায়। বিষয়টি আম্মার নজর এড়ায় না। রাতে নীরবে তিনি আমাদের দুজনকে ডেকে পাঠান।
মীমাংসার জন্য একটা তত্ত্ব বাতলে দেন। গাছ থেকে পাড়া প্রতি তিনটি আম থেকে একটা আমি পাব। বিনিময়ে আমাকে আপুর সহযোগী হিসেবে কাজ করতে হবে। অর্থাৎ গাছের ওপর থেকে আপু আম ফেলবে আর আমি সেগুলো কুড়াব। একটু বিব্রতকর হলেও আম খাওয়ার নিরাপদ একটা পথ পেয়ে আম্মার আমতত্ত্ব বিনা বাক্যে মেনে নিয়েছিলাম।
বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা