আমদানি ও সরবরাহ বেড়েছে, তবু দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাল, গম, চিনি ও ভোজ্যতেল—এই চারটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছে প্রায় ২০ শতাংশ। গত অর্থবছরের প্রথম পাঁচ মাসের চেয়ে চলতি অর্থবছরের একই সময়ে এই আমদানি বেড়েছে। এই বাড়তি আমদানির পরিমাণ পাঁচ লাখ ৭৫ হাজার টন। ফলে বাজারে এখনই সরবরাহের সংকট থাকার কথা নয়। সূত্রমতে, বাজারে পণ্যমূল্য বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বিশ্ববাজারে পণ্যের দাম বাড়ার অজুহাত দেখাচ্ছেন। এই বৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে কম দামে কেনা পণ্যও ব্যবসায়ীরা বাড়তি দামে বিক্রি করছেন—এমন অনেক অভিযোগ আছে। বাজার ঘুরে ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্রে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় আটটি পণ্যের দাম বেড়েছে। পণ্যভেদে দাম বাড়ার শতকরা হার তিন থেকে ৩৭ শতাংশ। এক বছরের ব্যবধানে এই হার পণ্যভেদে ২৪ থেকে ১০০ শতাংশেরও বেশি। এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে দুই টাকা। গতকাল শনিবার খুচরা বাজারে মোটা চাল বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৪ টাকা। খোলা ভোজ্যতেল পাম ও সয়াবিনের দাম বেড়েছে কেজিতে তিন-চার টাকা। এ ছাড়া প্রতি কেজিতে চিনি দুই টাকা, মটর ডাল তিন টাকা, আটা এক টাকা ও ময়দা দুই টাকা বেড়েছে। ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমার পরও গতকাল ৭৫-৭৮ টাকায় বিক্রি হয়েছে। চট্টগ্রাম চেম্বারের সদ্য নির্বাচিত সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করে ভোগ্যপণ্যের দাম বাড়াটা দুঃখজনক। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও এখানে তার চেয়ে বেশি বেড়েছে কি না তা খুঁজে বের করা দরকার।’ কেউ যাতে অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারে সেজন্য চট্টগ্রাম চেম্বার থেকে বাজার তদারকির উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, চাল ও গম—এই দুটি খাদ্যপণ্য গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে আমদানি হয় ১৫ লাখ ৭০ হাজার টন। চলতি অর্থবছরে একই সময়ে আমদানির পরিমাণ ১৮ লাখ ৪৪ হাজার টন। গত অর্থবছরে একই সময়ে অপরিশোধিত চিনি আমদানি হয় পাঁচ লাখ ৮৮ হাজার টন। এবার আমদানি বেড়ে দাঁড়ায় আট লাখ ৪৫ হাজার টন। পাঁচ মাসে চিনির চাহিদা পাঁচ লাখ ৮৩ হাজার টন ধরা হলে বাড়তি আমদানি আড়াই লাখ টনের বেশি। বন্দরের পরিসংখ্যানে দেখা যায়, গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে ভোজ্যতেল পাম ও সয়াবিন আমদানি হয় ছয় লাখ ৭৬ হাজার টন। এবার আমদানি হয়েছে সাত লাখ ২৪ হাজার টন। ভোজ্যতেল ও চিনি পরিশোধন করে বাজারজাত করা হয়। আমদানি বেশি হওয়ায় পাঁচটি ট্যাংক টার্মিনালে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ আছে। একইভাবে পরিশোধন কারখানায় চিনির পর্যাপ্ত মজুদ আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারি সূত্র ও ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, দেশে এ বছর চিনির চাহিদা প্রায় ১৪ লাখ টন। এ ছাড়া ভোজ্যতেল পাম ও সয়াবিনের চাহিদা ১২ লাখ টন।আমদানির হিসাব অনুযায়ী, গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে এই চারটি পণ্য আমদানি হয় মোট ২৮ লাখ ৩৪ হাজার টন। চলতি অর্থবছরে একই পণ্য আমদানি হয় ৩৪ লাখ ১৪ হাজার টন। অর্থাৎ আমদানি বেড়েছে প্রায় ২০ শতাংশ। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে চাল, গম, চিনি ও ভোজ্যতেল আমদানি গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। ভোগ্যপণ্যের জাহাজও এসেছে বেশি।একাধিক আমদানিকারক বলেন, আগে তুলনামূলক কম দামে কেনা হলেও এখন বিশ্ববাজার থেকে পণ্য কিনতে হচ্ছে চড়া দামে। ফলে দেশের বাজারেও পণ্যের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে দাম নিম্নমুখী হলে দেশের বাজারেও কমতে শুরু করবে বলে তাঁরা জানান।