আমদানি কমলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি কমলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে শুল্ক কর্তৃপক্ষ। তবে আমদানি কমার হার অব্যাহত থাকলে রাজস্ব আদায় চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা রয়েছে বলে শুল্ক কর্মকর্তারা মনে করছেন। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের শুল্ক-কর আদায় করে কাস্টম হাউস কর্তৃপক্ষ। চলতি অর্থবছরের (২০১১-১২) জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আগের একই সময়ের তুলনায় আমদানি কমেছে প্রায় ১২ শতাংশ। কাস্টম হাউসের হিসাব অনুযায়ী, গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে ১০ হাজার ৬২৫ কোটি টাকা। এ সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ৯৮৮ কোটি টাকা। অর্থার‌্যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ৬৩৬ কোটি টাকা। কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান প্রথম আলোকে বলেন, বেশি শুল্ক-করযুক্ত পণ্য আমদানি আগের তুলনায় কমেছে। তবে আমদানি কমলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায় হয়েছে। রাজস্ব আদায়ে কিছু সংস্কার কর্মসূচি হাতে নেওয়ায় আদায় বেড়েছে বলে তিনি জানান।আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিলাসদ্রব্য আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলো আগের মতো সহযোগিতা করছে না। এ কারণে এসব পণ্য আমদানি হচ্ছে কম। তবে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল জাতীয় পণ্যের আমদানি বেড়েছে। ভোগ্যপণ্যের মধ্যে ভোজ্যতেলে রাজস্ব আদায় হয় বেশি। প্রতি মাসে এই খাত থেকে রাজস্ব আদায় হয় গড়ে ১০০ কোটি টাকার মতো।কাস্টম হাউসের পরিসংখ্যানে দেখা যায়, কাস্টম হাউসের পণ্যভিত্তিক শুল্কায়ন শাখা ও উপশাখা রয়েছে ১২টি। এর মধ্যে তিনটি শাখায় লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হয়েছে। তবে অন্য নয়টি শুল্কায়ন শাখা থেকে রাজস্ব আদায় বাড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে।চলতি অর্থবছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে ২২ হাজার ৫৬০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয় চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষকে। এর মধ্যে গত ছয় মাসে লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১০ হাজার কোটি টাকা। আগামী ছয় মাসে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। কাস্টম হাউসের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আমদানি কমার হার অব্যাহত থাকলে রাজাস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক রাখা কঠিন হয়ে পড়বে। কারণ, পণ্য আমদানির ওপর রাজস্ব আদায় নির্ভর করে বেশি। উল্লেখ্য, এর আগের অর্থবছরে (২০১০-১১) লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ২৬৫ কোটি টাকা। সে সময় আদায় করেছিল ২০ হাজার ৩৭২ কোটি টাকা।