ভোগ্যপণ্যের বাজার আবার অস্থিতিশীল হতে শুরু করেছে। মোটা চালের দাম স্থিতিশীল হলেও সয়াবিন, পামতেল, ডাল, ছোলা ও চিনির দাম বেড়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে গত মাসে আমদানিনির্ভর ভোগ্যপণ্য আসার হার কমায় বাজারে প্রভাব পড়ছে বলে জানা গেছে।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক মাসের ব্যবধানে খুচরা বাজারে আমদানিনির্ভর আটটি পণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ডালের দাম। কানাডা থেকে আমদানি করা ডালের দাম বেড়েছে কেজিপ্রতি ১০-১৫ টাকা। দাম বাড়ার হার ২১ দশমিক ৭৪ শতাংশ।এ ছাড়া ভোজ্যতেলের দাম বেড়েছে ৩ দশমিক ৩১ শতাংশ। পামতেলের দাম বেড়েছে পাঁচ শতাংশ। চিনির দাম বেড়েছে কেজিপ্রতি দুই টাকা, শতাংশ হিসাবে দাম বাড়ার হার সাড়ে তিন শতাংশ। খাতুনগঞ্জ ও রিয়াজউদ্দিন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে সয়াবিন তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে। পাইকারি বাজারে প্রতি মণ সয়াবিন এখন বিক্রি হচ্ছে চার হাজার ৮৮০ টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি সয়াবিন বিক্রি হচ্ছে ১৩৬ টাকায়। বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১২৮ থেকে ১৩০ টাকা। মাঝারি মানের মসুর ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। মটর ডালের দাম কেজিপ্রতি তিন-চার টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪২ টাকায়। মাঝারি মানের ছোলার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। আটা-ময়দার দাম এখনো চড়া। কেজিপ্রতি প্যাকেটজাত আটা ৩৭ টাকা এবং ময়দা ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।রিয়াজউদ্দিন বাজারের খুচরা বিক্রেতা মো. ইউনুস প্রথম আলোকে বলেন, ‘সয়াবিনের দাম হঠাৎ বেড়ে গেছে। পাইকারি বাজার থেকে প্রতি কেজি সয়াবিন আনতে খরচ পড়ছে ১৩৩ টাকা।’ এ ছাড়া মসুর ডাল, মটর ডাল ও ছোলার দামও বেড়েছে বলে তিনি জানান।চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস সূত্রে জানা যায়, প্রতিবছর এ সময় গম আমদানি হয় বেশি। গত বছর মার্চ মাসে গম আমদানি হয়েছিল প্রায় সাড়ে ছয় লাখ টন। অথচ এ বছর মার্চ মাসে গমের জাহাজ এসেছে একটি। এই জাহাজে প্রায় ৪৯ হাজার টন গম আমদানি হয়।খাদ্য বিভাগের হিসাবে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে সরকারি-বেসরকারি খাতে গম আমদানি হয়েছে ১৪ লাখ ৫৯ হাজার টন। গত অর্থবছরের ১২ মাসে আমদানি হয়েছিল সাড়ে ৩৭ লাখ টন। গম আমদানি কমে যাওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, চালের দাম স্থিতিশীল থাকায় গমের চাহিদা কমছে। এ কারণে আমদানিও কমছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুরুল আলম প্রথম আলোকে বলেন, ডলারের চাপের কারণে ঋণপত্র খুলতে সমস্যায় পড়ছেন আমদানিকারকেরা। আবার আন্তর্জাতিক বাজারের চেয়ে কয়েকটি পণ্যের দাম স্থানীয় বাজারে কম থাকায় আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, আগে লেনদেনের জন্য বিশ্রাম নেওয়ার সুযোগ পেতেন না ব্যবসায়ীরা। এখন অনেক ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মযজ্ঞ কমে গেছে।গম ছাড়াও ভোজ্যতেল আমদানি আগের চেয়ে কমছে। গত ২৮ মার্চের হিসাবে, কাস্টম হাউস নিয়ন্ত্রিত ছয়টি ট্যাংক টার্মিনালে ভোজ্যতেলের মজুদ ছিল প্রায় ৬০ হাজার টন। শীত মৌসুমে সয়াবিন আমদানি বাড়লেও এখন কমে গেছে। গত মাসে শুধু পাম তেল আমদানি হয়েছে। বন্দর থেকে পাওয়া প্রাথমিক হিসাবে দেখা যায়, গত মাসে পাম তেল আমদানি হয় প্রায় ৫৮ হাজার টন। অবশ্য এই মাসের প্রথম সপ্তাহে বন্দরে চারটি জাহাজে ৪০ হাজার টন পাম তেল আসার কথা রয়েছে।খাতুনগঞ্জের একজন ভোজ্যতেল আমদানিকারক নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, তহবিলের সংকটসহ নানা কারণে ব্যবসায়ীরা ঋণপত্র খুলতে পারছেন না। এ কারণে আমদানি কমেছে ভোজ্যতেলের।বন্দর ও কাস্টম হাউসের হিসাবে দেখা যায়, ভোগ্যপণ্যের মধ্যে শুধু চিনি আমদানিই স্বাভাবিক আছে। গত মাসে চিনি আমদানি হয় প্রায় এক লাখ ২১ হাজার টন। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমদানি হয় প্রায় দুই লাখ ৭৫ হাজার টন। চিনি আমদানি স্বাভাবিক থাকায় চিনির বাজার কিছুটা হলেও স্থিতিশীল আছে বলে মনে করেন ব্যবসায়ীরা।