টানা তিন দিন হরতালের পর আবারও টানা দুই দিনের হরতাল। আজ রোববার সরকারি ছুটি এবং আগামী সোম ও মঙ্গলবার টানা হরতালের ফাঁদে পড়ে আবারও ক্ষতির মুখে আমদানি-রপ্তানি বাণিজ্য।এ পরিস্থিতিতে হরতালের আগেই বন্দর থেকে আমদানিপণ্য খালাসের হার বাড়িয়ে দিয়েছেন আমদানি-রপ্তানিকারকেরা। বন্দর দিয়ে রপ্তানির জন্য বেসরকারি ডিপোগুলোতেও বেড়েছে কনটেইনারে পণ্য বোঝাইয়ের হার। এর পরও উদ্বেগ কাটছে না ব্যবসায়ীদের। কারণ হরতালের সময় আমদানি-রপ্তানিপণ্য পরিবহন কার্যত অচল হয়ে পড়বে।জানতে চাইলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম প্রথম আলোকে বলেন, ‘হরতালে ক্ষতি ছাড়া আর কিছুই পাচ্ছি না আমরা। আমদানি-রপ্তানি বাণিজ্যে দীর্ঘমেয়াদি ক্ষতির প্রভাব পড়ছে।’ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ার কথা হলেও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ সরকারি ছুটি। এরই মধ্যে আগামী সোমবার ও মঙ্গলবার টানা হরতালের ঘোষণা দিয়েছে ১৮ দলীয় জোট। হরতালের আগাম ঘোষণা জেনে বন্দর থেকে পণ্য খালাস বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্বাভাবিক সময়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার একক কনটেইনার পণ্য বন্দর থেকে খালাস হয়। সেখানে কয়েক দিন ধরে দিনে দুই হাজারের বেশি কনটেইনার পণ্য খালাস হচ্ছে। তবে পণ্য খালাসের হার বাড়লেও আজ থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে তা অস্বাভাবিক কমে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ সাপ্তাহিক ছুটির কারণে গতকাল শনিবার পণ্য খালাসের জন্য শুল্ক-কর পরিশোধ ও দালিলিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি ব্যবসায়ীরা। আবার আজ সরকারি ছুটির কারণেও আমদানি পণ্য খালাসের প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে না।পণ্য খালাসের সঙ্গে জড়িত সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার প্রথম আলোকে বলেন, পণ্য খালাসের হার বাড়লেও আজ থেকে তা কমে যাবে। হরতালের আগেও পণ্য পরিবহনে শঙ্কা থাকে। এ সুযোগে বাড়তি ভাড়ার বোঝাও নিতে হচ্ছে ব্যবসায়ীদের।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সকাল-সন্ধ্যা হরতালে সাধারণত দিনে বন্দর থেকে পণ্য খালাস হয় না। তবে পণ্য খালাসের দালিলিক প্রক্রিয়া দিনে শেষ করে রাতেই পণ্য খালাস হয়। এ কারণে সকাল-সন্ধ্যা হরতালে বন্দরকেন্দ্রিক আমদানিপণ্য খালাসে খুব বেশি ব্যাঘাত হয় না। তবে টানা হরতাল হলে এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয় না।একই অবস্থা চলছে রপ্তানিপণ্য পরিবহনেও। হরতালে পোশাক শিল্পের কারখানা থেকে প্রস্তুত পণ্য বেসরকারি ডিপোতে পাঠানো সম্ভব হবে না। এ কারণে বেসরকারি ডিপোতে কনটেইনারে রপ্তানিপণ্য বোঝাই এবং বন্দর দিয়ে জাহাজীকরণ কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। এর আগের টানা তিন দিন হরতালে পুলিশি পাহারায় ডিপো থেকে রপ্তানি পণ্যভর্তি কিছুসংখ্যক কনটেইনার বন্দরে পাঠানো হয়। এবারও এমন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।