এমভি কাউ লুং জাহাজটি গত রোববার সকালে বন্দরের জেটিতে ভিড়ে কনটেইনার খালাস শুরু করে। এ জাহাজে আমদানি করা ৬৩৪ বাক্স কনটেইনার থেকে প্রথম দিন খালাস হয় ৩৪৮ বাক্স। জাহাজটিতে এক হাজার ১০০ ইউনিট (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) রপ্তানি পণ্যবাহী কনটেইনার বোঝাই করার কথা থাকলেও প্রথম ২৪ ঘণ্টায় একটি কনটেইনারও বোঝাই করা হয়নি।এ কারণে নির্ধারিত সময় অনুযায়ী জাহাজটি বন্দর ছেড়ে যেতে পারছে না বলে জাহাজ পরিচালনাকারী সূত্রে জানা গেছে। নির্ধারিত সংখ্যক রপ্তানি-পণ্যও বোঝাই করা যাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেডের উপমহাব্যবস্থাপক কাজী শহীদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘হরতালের কারণে অন্তত দুই দিন বাড়তি অবস্থান করতে হতে পারে। এ জন্য ন্যূনতম ২৮ হাজার মার্কিন ডলার বাড়তি ভাড়া গুনতে হবে। রপ্তানিকারকেরাও এতে ক্ষতির শিকার হবেন।’জানা গেছে, জাহাজটি প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরে রপ্তানি-পণ্য খালাস করবে। এ দুই বন্দর থেকে বড় জাহাজে করে এসব পণ্য যাবে ইউরোপ-আমেরিকায়। কিন্তু চট্টগ্রাম বন্দর ছেড়ে যেতে দেরি হলে নির্ধারিত সময় অনুযায়ী সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বড় জাহাজে রপ্তানি-পণ্য তোলার সুযোগ থাকবে না। এ দুই বন্দরে বড় জাহাজে পণ্য বোঝাই করতে না পারলে বিদেশি ক্রেতার শর্তানুযায়ী বিমানে পণ্য পরিবহন করতে হবে। এতে রপ্তানিকারকদের খরচ বাড়বে। সময়মতো পণ্য ক্রেতার কাছে পৌঁছাতে না পারলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।এ জাহাজের মতো বন্দর জেটি এবং বহির্নোঙরে থাকা কয়েকটি কনটেইনার জাহাজের ক্ষেত্রে একই পরিণতি ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।কনটেইনার জাহাজ ছাড়াও হরতালের কারণে খোলা ও বস্তাবন্দী পণ্য নিয়ে আসা জাহাজ থেকেও পণ্য খালাসে সময় লাগছে বেশি। যেমন, জেটিতে সরকারের আমদানি করা চাল নিয়ে আসা তিনটি জাহাজেও গত দুই দিন পুরোদমে কাজ করা যায়নি। এসব জাহাজে স্বাভাবিকের চেয়ে পাঁচ ভাগের এক ভাগ কাজ হয়েছে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ১২ ঘণ্টা হরতালের ক্ষতি পুষিয়ে নিতে পারার সুযোগ থাকলেও টানা ৩৬ ঘণ্টার হরতালে দিশেহারা হয়ে পড়েছেন আমদানি-রপ্তানিকারকেরা।কারণ, টানা দুই দিন পিছিয়ে পড়ার কারণে জেটি ও বহির্নোঙরে বাড়তি দুই দিন অবস্থান করতে হচ্ছে জাহাজগুলোকে। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, জাহাজ কোম্পানি, পরিবহন ব্যবসায়ী সবাই কম-বেশি ক্ষতি গুনছেন বলে জানা গেছে।এ প্রসঙ্গে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ পাহারায় চট্টগ্রামের কয়েকটি কারখানা ও ডিপো থেকে কিছু জরুরি রপ্তানি-পণ্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু চট্টগ্রামের বাইরের পোশাক কারখানার জরুরি রপ্তানি-পণ্যে এ সুযোগ দেওয়া সম্ভব নয়।’ হরতালে পোশাক কারখানা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে বলে তিনি জানান।রপ্তানি-পণ্য জাহাজে বোঝাই করা ছাড়াও পোশাকশিল্পের জন্য আমদানি করা কাঁচামালও আটকা পড়েছে বন্দরে। গত দুই দিন এ খাতে আমদানি করা কাঁচামাল বন্দর থেকে ছাড়িয়ে নিতে না পারায় উৎপাদনেও ব্যাঘাত হয়েছে বলে বিজিএমইএ সূত্রে জানা গেছে।