আমদানি রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: রোমেল বড়ুয়া
আঁকা: রোমেল বড়ুয়া

মোক্ষম ওষুধ

প্রিয়তমা স্ত্রী মৃত্যুশয্যায়, আইসিইউতে ভর্তি করা হয়েছে। স্বামী বেচারা কেঁদেকেটে অস্থির। ডাক্তারের হাত ধরে বললেন, ‘ডাক্তার সাহেব, যেভাবেই হোক আমার স্ত্রীকে বাঁচান!’

ডাক্তার কাঁপা কাঁপা গলায় বললেন, ‘আপনি শান্ত হোন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু সমস্যা হচ্ছে, পেশেন্টের শরীর সাড়া দিচ্ছে না। ধীরে ধীরে কোমায় চলে যাচ্ছেন।’

ডাক্তারের কথা শুনে স্বামী বেচারা এবার ভেউ ভেউ করে কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে বললেন, ‘আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না, আমি শুধু আমার স্ত্রীকে ফেরত চাই। আমার ঘরে দুটি মাসুম বাচ্চা আছে ডাক্তার! ও চলে গেলে ওদেরকে কে দেখবে! আর এটা কি চলে যাওয়ার সময়? এত অল্প বয়সে কেউ চলে যেতে পারে! কতইবা বয়স হয়েছে আমার স্ত্রীর! মাত্র ৩০! এই বয়সে কেউ এভাবে চলে যেতে পারে না ডাক্তার, পারে না...’

স্বামী পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে লাগলেন। হঠাৎ কী যেন হয়ে গেল চারপাশে!

ইসিজি মেশিনটা আলৌকিকভাবে বিপ বিপ সিগন্যাল দিতে শুরু করল। সবাই দৌড়ে গেল রোগীর কাছে। স্বামী অবিশ্বাসের চোখে দেখলেন, তাঁর স্ত্রীর চোখের পাতা হালকা নড়তে শুরু করেছে, বিড়বিড় করে কী যেন বলছেনও; ঠিকমতো শোনা যাচ্ছে না।

স্ত্রীর মুখের কাছে স্বামী তাঁর কান পাতলেন। প্রায় অস্পষ্ট, ভাঙা ভাঙা গলায় স্ত্রী বললেন, ‘আমার বয়স এখনো ৩০ হয়নি, ২৯ চলছে।’

আঁকা: রোমেল বড়ুয়া
আঁকা: রোমেল বড়ুয়া

বৈশ্বিক সহজবোধ্যতা

একবার আলবার্ট আইনস্টাইন আর চার্লি চ্যাপলিনের দেখা হলো। দুজনেই দুজনার বেশ প্রশংসা করতে শুরু করলেন। আইনস্টাইন বললেন, ‘আপনার কাজ আমাকে সব সময়ই মুগ্ধ করে। আপনার কাজে একটা বেশ বৈশ্বিক সহজবোধ্যতা আছে। আপনি মুখে কিছুই বলেন না, তবু মানুষ কত সহজেই বুঝে ফেলে, আপনি কী বলতে চাইছেন। সবাই মন থেকেই আপনাকে প্রশংসায় ভরিয়ে দেয়। এটা সত্যিই মনোমুগ্ধকর।’

‘তা বটে’ চ্যাপলিন বিনয়ী কণ্ঠে উত্তর দিলেন, ‘তবে আপনার ব্যাপারটা কিন্তু আরও বেশি মনোমুগ্ধকর।’

‘তাই নাকি?’ কৌতূহলী গলায় আইনস্টাইন জানতে চাইলেন, ‘সেটা কী রকম?’

চ্যাপলিন বললেন, ‘এই যেমন, আপনি অনেক কিছুই বলেন, মানুষ সেগুলো কিছুই বোঝে না, তবু তারা কিন্তু আপনাকে মন থেকেই প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে।’

আঁকা: রোমেল বড়ুয়া
আঁকা: রোমেল বড়ুয়া

ভুলোমনার ঘুম

এক নাপিত, এক টেকো লোক আর এক ভুলোমনা অধ্যাপক একসঙ্গে ভ্রমণ করছিলেন। পথিমধ্যে রাত নেমে এল। তিনজনই বিশ্রাম নিতে চাইলেন। সিদ্ধান্ত হলো, সবাই পালাক্রমে জেগে থেকে সঙ্গে থাকা জিনিসপত্র পাহারা দেবেন।

প্রথমে নাপিতের পালা। নাপিতকে রেখে বাকি দুজন ঘুমিয়ে পড়লেন। একা বসে থাকতে থাকতে বিরক্ত লাগছিল নাপিতের। তাই তিনি ভুলোমনা অধ্যাপকের মাথাটা কামিয়ে দিলেন।

তারপর অধ্যাপকের জেগে থাকার পালা। নাপিত অধ্যাপককে জাগিয়ে দিয়ে নিজে ঘুমিয়ে পড়লেন। অধ্যাপক হঠাৎ মাথায় হাত দিয়ে দেখেন, মাথা গড়ের মাঠ। ঘুমন্ত নাপিতের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে তিনি বললেন, ‘ব্যাটা বদমাশ নাপিত কোথাকার। এখন পাহারা দেওয়ার কথা আমার, অথচ আমাকে না ডেকে ও টেকো লোকটাকে পাহারা দিতে বসিয়েছে।’ এই বলে অধ্যাপক আবার গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়লেন।

অনুবাদ: আসফেদুল হক