আমদানি 'আতঙ্কে' কক্সবাজারের লবণচাষিরা
কক্সবাজার উপকূলে মাঠে উৎপাদিত লবণের দাম এখন বাড়তি। মণপ্রতি লবণ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। কিন্তু বাড়তি দামেও স্বস্তিতে নেই লবণচাষিরা। আমদানি আতঙ্ক বিরাজ করছে তাঁদের মধ্যে।
সম্প্রতি টেকনাফের হ্নীলা, রঙ্গিখালী ও জাদিমুরা এলাকা ঘুরে দেখা গেছে, হাজার হাজার একর মাঠে লবণ উৎপাদিত হচ্ছে। ব্যবসায়ীরা মাঠের লবণ কিনে ট্রাকে করে পৌঁছে দিচ্ছেন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।
রঙ্গিখালীর চাষি কেফায়ত উল্লাহ (৪৭) বলেন, ‘মার্চ মাসের শেষ দিকে লবণ বিক্রি হয়েছে প্রতি মণ ১৮০ থেকে ২১০ টাকায়। এপ্রিলে এসে লবণের দাম আবার বেড়েছে। কিন্তু তাতেও স্বস্তি পাচ্ছি না। কারণ, কিছু ব্যবসায়ী বিদেশ থেকে লবণ আমদানির পঁায়তারা করছেন।’
জাদিমুরা এলাকার চাষি নিয়াজ উদ্দিন বলেন, ‘এখন লবণ উৎপাদনের ভর মৌসুম। লাভের আশায় হাজার হাজার চাষি ঘরের ধনসম্পদ বন্ধক রেখে লবণ চাষে নেমেছেন। কিন্তু লবণের দাম স্বাভাবিক পর্যায়ে থাকলেও চাষিরা খুশি হতে পারছেন না। যেকোনো সময় লবণ আমদানি হতে পারে। তখন প্রান্তিক চাষিদের পথে বসতে হবে।’
লবণ উৎপাদন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ১৭ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনুজ কুমার রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কক্সবাজারের লবণমাঠ পরিদর্শনে আসেন। রাতে তিনি কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় লবণচাষি, ব্যবসায়ী ও মিল মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি বলেন, ‘কক্সবাজারে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলে সরকার বিদেশ থেকে লবণ আমদানি করবে না। দেশে লবণের ঘাটতি দেখা দিলে সে ক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে। আমরা লবণের বর্তমান পরিস্থিতি দেখতেই এখানে এসেছি।’
মহেশখালীর লবণচাষি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এই মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত লবণ উৎপাদিত হবে। তাই বিদেশ থেকে লবণ আমদানির প্রয়োজন পড়বে না। এ পর্যন্ত উৎপাদিত লবণ দিয়েই আগামী ডিসেম্বর মাস পর্যন্ত জাতীয় চাহিদা পূরণ হবে। নভেম্বর থেকে নতুন মৌসুমের লবণ উৎপাদন শুরু হবে। অথচ এখন থেকেই লবণ আমদানিতে তৎপর একটি মহল।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, জেলার সমুদ্র উপকূলের ১০ লাখের বেশি মানুষ লবণের ওপর নির্ভরশীল। গত পাঁচটি মৌসুমে চাষিরা লোকসান দিয়ে উৎপাদিত লবণ বিক্রি করেছেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ রয়েছে। তারপরও বসে নেই প্রভাবশালী সিন্ডিকেট চক্র। তারা যেকোনো মূল্যে বিদেশ থেকে লবণ আমদানি করে চাষিদের পথে বসানোর চক্রান্ত করছে।
বিসিক কক্সবাজারের লবণ শিল্প উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্র জানায়, গত বছর জেলায় লবণ চাষ হয়েছিল ৫৯ হাজার ৯৬০ একর জমিতে। তখন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ ৮০ হাজার মেট্রিক টন। উৎপাদন হয়েছিল ১৬ লাখ ২৭ হাজার মেট্রিক টন। চলতি এই মৌসুমে কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়া উপজেলায় প্রায় ৬২ হাজার একর জমিতে লবণ উৎপাদন হচ্ছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৮ লাখ মেট্রিক টন। দেশে লবণের জাতীয় চাহিদা ১৭ লাখ ২০ হাজার মেট্রিক টন।
বিসিক লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের উপমহাব্যবস্থাপক মো. আবসার উদ্দিন বলেন, ২৩ এপ্রিল পর্যন্ত প্রায় ১৪ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। বৃষ্টিপাত না হলে ১৫ মে পর্যন্ত উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে। তিনি আরও বলেন, জেলায় প্রায় ৮০ হাজার প্রান্তিক চাষিসহ লবণ উৎপাদন ও বিপণনে জড়িত অন্তত ১০ লাখ মানুষ।
বিসিক কর্মকর্তারা বলেন, এখন মাঠে উৎপাদিত প্রতি কেজি সাদা লবণ বিক্রি হচ্ছে আট টাকায়। কিন্তু খুচরা বাজারে প্যাকেটজাত লবণ বিক্রি হচ্ছে কেজি ২৫-৩৪ টাকায়। লবণের দামের এই ব্যবধান কেন, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
টেকনাফ উপজেলা লবণচাষি ঐক্য পরিষদের সভাপতি শফিক মিয়া বলেন, লবণের দাম বৃদ্ধি পেলে চাষিরা বিপুল উৎসাহ নিয়ে উৎপাদন বাড়াবেন। ১৫ মে পর্যন্ত লবণ উৎপাদনের সময় আছে। এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার অতিরিক্ত লবণ উৎপাদিত না হলেও সরকারকে বিপাকে পড়তে হবে না। কারণ এর আগের দুই মৌসুমের কয়েক লাখ মেট্রিক টন লবণ উপকূলে মজুত আছে।