আমনখেতে আখের চাষ

গরমে আখের রস যেন প্রাণে শীতল পরশ বুলিয়ে দেয়। মৌসুমে এই আখ পছন্দ করেন না—এমন লোক কমই আছে। এই সময়টায় বাজারে আখের কদরও অন্য রকম। এবার আখ চাষে ব্যাপকভাবে লাভবান হয়েছেন আমন চাষের এলাকা ফটিকছড়ির কুম্ভারপাড়া গ্রামের চাষিরা। এখানে মাঠজুড়ে এখন আখের সমারোহ। খেত থেকে ইতিমধ্যে আখ বিক্রি শুরু হয়েছে। আশাতীত ফলন ও ভালো দাম পেয়ে খুশি চাষিরা।
চাষিরা জানান, কুম্ভারপাড়া বিলে অনেক বছর ধরে আমনের চাষ করে আসছিলেন তাঁরা। কিন্তু কয়েক বছর ধরে ধানের দাম আশানুরূপ না পাওয়ায় বিকল্প হিসেবে তাঁরা আখ চাষ করার চিন্তা করেন। তিন বছর আগে থেকে কয়েকজন চাষি আখ চাষ শুরু করেন। ফসল তুলে লাভবান হওয়ায় আরও অনেকে আখ চাষে এগিয়ে আসেন। বর্তমানে রোসাংগিরী, সমিতিরহাট, লেলাং ও দৌলতপুর এলাকায়ও ছড়িয়ে পড়েছে আখ চাষ। এখানকার উৎপাদিত আখ কিনে নিয়ে পার্শ্ববর্তী হাটহাজারী, রাউজান এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজারে সরবরাহ করেন ব্যবসায়ীরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে বিভিন্ন গ্রামে আখ চাষ হয়েছে ২০ হেক্টর জমিতে। এর মধ্যে সরকারি নিয়ন্ত্রণে হয়েছে ১২ হেক্টর জমিতে। সরকারি নিয়ন্ত্রণের বাইরে চাষ হয়েছে আরও আট হেক্টরে। গত মৌসুমে সরকারি নিয়ন্ত্রণে আট হেক্টর ও বেসরকারি পর্যায়ে পাঁচ হেক্টরসহ মোট ১৩ হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল।
চাষিরা জানান, প্রতি কানিতে (৪০ শতক) আমন চাষে সব মিলিয়ে খরচ পড়ে ২০-২৫ হাজার টাকা। কিন্তু ধান বেচে পাঁচ-সাত হাজার টাকার বেশি থাকে না। অন্যদিকে একই খরচে প্রতি কানি জমিতে আখ চাষ করে ৪০-৫০ হাজার টাকা লাভ পাওয়া যায়। চাষি মো. খোকন বলেন, ‘এবার আখের বিপ্লব হয়েছে। আমি ৪০ শতক জমিতে আখ চাষ করেছি। ইতিমধ্যে ৩৫ হাজার টাকার আখ বিক্রি করেছি, সব আখ বিক্রি করে আরও অন্তত ৫০ হাজার টাকা পাব বলে আশা করছি।’
সরেজমিনে দেখা গেছে, কুম্ভারপাড়ার বিস্তীর্ণ মাঠজুড়ে আখখেত। চাষিরা আখ কিনতে আসা পাইকারদের সঙ্গে দরদাম করছেন। নগরের বিবিরহাট থেকে আসা ব্যবসায়ী আলী আকবর বলেন, ‘দৈর্ঘ্য ও ঘের (মোটা) দেখে খেতেই দরদাম করে আখ কিনি। এরপর শহরে নিয়ে বিক্রি করি।’ চাষি মো. বাবুল বলেন, ‘আমি চারা রোপণের পর প্রথম দিকে খেতে ছত্রাকজাতীয় রোগ ও বিভিন্ন পোকার আক্রমণ দেখা যায়। এ ব্যাপারে কৃষি বিভাগের কর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা প্রয়োজনীয় পরামর্শ দেন।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, ‘নতুন হিসেবে কৃষকেরা আখ চাষ করে লাভবান হচ্ছেন। চাষিদের সহযোগিতা কিংবা পরামর্শ দেওয়ার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে।’