আমনখেতে পাতা মোড়ানো পোকার আক্রমণ, শঙ্কায় চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীতে চলতি মৌসুমে আমনখেতে পাতা মোড়ানো পোকার (লিফ ফোল্ডার) আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। শত চেষ্টায়ও পোকার আক্রমণ দমন করতে না পারায় এই মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা এই সমস্যা সমাধানে উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তাদেরও হিমশিম খেতে হচ্ছে। ইতিমধ্যে প্রত্যেকটি ইউনিয়নে তদারকির জন্য স্কোয়াড গঠন করা হয়েছে। চাষিরা জানান, এসব জমিতে কমবেশি রোপা আমন খেতে পূর্ণবয়স্ক স্ত্রী জাতের পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকাগুলো পাতাকে লম্বালম্বিভাবে মুড়িয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফেলছে। ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যাচ্ছে। যেসব পাতা বেশি খেয়ে ফেলেছে এসব পাতা দেখে মনে হচ্ছে পুড়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর, ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমানমর্দ্দন, মাদার্শা, হাটহাজারী সদর, ফতেপুর, শিকারপুর, বুড়িশ্চর, চিকনদণ্ডী ও মেখল ইউনিয়ন এলাকায় পোকার আক্রমণ বেশি। ধলই ইউনিয়নের কৃষক আবদুল গফুর বলেন, ‘এবার কয়েক কানি জমিতে আমন চারা রোপণ করেছি। ৪০-৪৫ দিনের মধ্যে পোকার আক্রমণ দেখা দিয়েছে।’ গত বছরের তুলনায় এই বছর পোকার আক্রমণ বেশি বলে তিনি জানান। খন্দকিয়া এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘তিন কানি জমির আমন ফসল পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে। নানা ধরনের কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল পাচ্ছি না। এ সমস্যার সমাধান না হলে আমাদের পথে বসতে হবে।’উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ বছর হাটহাজারী উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ৬৫৮ হেক্টর। অর্জিত হয়েছে নয় হাজার ৭৫০ হেক্টর। এর মধ্যে এক হাজার হেক্টর স্থানীয় জাতের ও আট হাজার ৭৫০ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে উচ্চ ফলনশীল জাতের আমন ধান। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে এ বছর এই পোকার আক্রমণ বিগত বছরের তুলনায় অনেক বেশি। অবশ্য কৃষকদের এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি ইউনিয়নে স্কোয়াড গঠন করেছি। পোকার আক্রমণ থেকে রক্ষা পওয়ার জন্য কৃষকদের ম্যালাথিয়ন নামের একটি ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছি। তাঁদের বলা হয়েছে, এ ওষুধটি ব্যবহারের আগে বরই গাছের বাকল দিয়ে ধান গাছ আছড়িয়ে নেওয়ার জন্য। যাতে পোকাগুলো মাটিতে পড়ে যায়।’