আমনখেতে রোগের প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর কয়েকবার বন্যা ও অতিবৃষ্টিতে আমনের বীজতলা নষ্ট হয়েছে। আমনখেতে এবার নতুন উপদ্রব হিসেবে দেখা দিয়েছে পোকা ও রোগ–বালাই। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। চট্টগ্রামের ফটিকছড়ি ও কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
ফটিকছড়ি: উপজেলার বিভিন্ন এলাকায় ধানখেতে খোলপোড়া, পাতা মোড়ানো এবং খোলপচা রোগের প্রকোপ দেখা দিয়েছে। ফটিকছড়ি উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২২ হাজার ২০০ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়। এর মধ্যে ২০ হেক্টর জমিতে খোলপচা রোগ হয়েছে। তবে ঠিক কী পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তা নির্ণয়ে জরিপ চালানো হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে।
প্রতিকূল আবহাওয়া, ভ্যাপসা গরম, রাতে কুয়াশা, অতিরিক্ত বৃষ্টি এবং যথাসময়ে কীটনাশক না ছিটানোর ফলে এসব রোগ দেখা দিয়েছে বলে কৃষি কর্মকর্তারা মনে করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রথম আলোকে বলেন, রোগ দমনে কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ছুটির দিনেও তাঁরা মাঠে কাজ করছেন। সচেতনতামূলক প্রচারপত্র বিলিসহ কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের আমনচাষি মুহাম্মদ জসিম উদ্দিন (৫০) বলেন, ‘সবে কিছু কিছু খেতে ধান পাকতে শুরু করেছে। এ অবস্থায় খেতে খোলপোড়া রোগ ছড়িয়ে পড়েছে। রোগের আক্রমণ যেভাবে বাড়ছে, তাতে আমাদের সব শেষ হয়ে যাবে।’
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রোগের আক্রমণে ধানগাছ বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের বালাইনাশক ব্যবহার করে রোগ দমন করার চেষ্টা করছেন কৃষকেরা।
রোসাংগিরী গ্রামের কৃষক শম্ভু কুমার শীল (৪৫) বলেন, ‘তিন দফা বন্যার পর আমন রোপণ করেছি। চাষে খরচ বেড়েছে তিন গুণ। তার ওপর এবার বিভিন্ন রোগবালাই দেখা দিল। কী করব ভেবে পাচ্ছি না।’
মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমনখেতে পাতা মোড়ানো রোগের প্রকোপ দেখা দিয়েছে। আবহাওয়া প্রতিকূলে থাকার কারণে ২০ দিন ধরে আমনখেতে এ রোগ দেখা দেয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে রোগ ঠেকাতে মাঠপর্যায়ে কৃষি বিভাগ ছয়টি দল গঠন করে কৃষকদের উদ্বুদ্ধ করছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবজোম, ছোটমহেশখালী, হোয়ানক, শাপলাপুর, বড়মহেশখালী ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে ২০ দিন ধরে আমনখেতে পাতা মোড়ানো রোগ দেখা দেয়। এ ছাড়া ছত্রাকজাতীয় রোগের প্রকোপও দেখা গেছে কোথাও কোথাও।
এবার ৮ হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। এর মধ্যে ৩০০ হেক্টর জমিতে পাতা মোড়ানো রোগ দেখা গেছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুল আলম।
গত সোমবার দুপুরে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, উপজেলার কুতুবজোম, ছোটমহেশখালী ও বড়মহেশখালী ইউনিয়নের আটটি বিলে আমনখেতে পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে। রোগ দমনে কীটনাশকও ব্যবহার করছেন তাঁরা। স্থানীয় কৃষি কার্যালয়ের ব্লক সুপারভাইজাররা বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন কৃষকদের।
শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার বাসিন্দা কৃষক কলিম উল্লাহ ও রফিকুল ইসলাম জানান, আমন ধান ঘরে তুলতে আরও এক মাস বাকি। কিন্তু এই সময় পাতা মোড়ানো রোগ দেখা দেওয়ায় এবার ভালো ফলন হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে তাঁদের।
হোয়ানক ইউনিয়নের হরিয়াছড়া ব্লকে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ কাইছার উদ্দিন বলেন, আবহাওয়া প্রতিকূলে থাকার কারণে ২০ দিন আগে বিভিন্ন এলাকায় আমনখেতে রোগ দেখা দেয়।
রোগ দমনে কৃষি বিভাগের ছয়টি দল মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছেন ও নানা পরামর্শ দিচ্ছেন। রোগের আক্রমণে ধানের ফলনে কোনো প্রভাব পড়বে না বলে তিনি দাবি করেন।
জানতে চাইলে মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুল আলম বলেন, আবহাওয়া প্রতিকূল থাকার কারণে ২০ দিন ধরে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে আমনখেতে পোকা ও রোগের আক্রমণ হচ্ছে। কৃষি কর্মকর্তারা রোগ দমনে মাঠে কাজ করছেন এবং কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন।