আমনের ফলন আশানুরূপ না হওয়ায় হতাশ কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এবার আমন ধানের ফলন ভালো হয়নি। আবহাওয়া প্রতিকূল থাকায় ও কৃষি বিভাগের বিতরণ করা বীজের মান ভালো না হওয়ায় প্রত্যাশা পূরণ হয়নি কৃষকের। উপজেলায় এখন পুরোদমে ধান কাটা শুরু হলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতেই মহেশখালী পৌরসভা, কুতুবজোম, ছোট মহেশখালী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষকেরা ধান কাটা শুরু করেছেন। অন্যান্য বছরের তুলনায় এবারে ফলন ভালো না হওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
১৬ নভেম্বর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খেত থেকে ফসল তোলায় ব্যস্ত কৃষকেরা। উচ্চফলনশীল বীজ বপন করেও ফলন প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে জানান তাঁরা। কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকার কৃষক আবদুল হান্নান ধান কাটছিলেন। তাঁর পাশে খেতগুলোতে কাজ করছিলেন আরও অন্তত এক শ কৃষক। তাঁদের সবার কথা, আমন মৌসুমের শুরুতেই কৃষি অফিস বিনা মূল্যে বিনা ৮ ও বিনা ১০ জাতের বীজ ২০০ কৃষকের মধ্যে বিতরণ করে। ওই জাতের আমন চাষ করে প্রত্যাশিত ফলন পাননি তাঁরা। বিতরণ করা বীজগুলো পুরোনো ছিল বলে অভিযোগ করেন তাঁরা। স্থানীয় কৃষি কর্মকর্তারা এই অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
কৃষক আবদুল হান্নান বলেন, গত বছর পোকামাকড় কম ছিল, বৃষ্টিও হয়েছে পর্যাপ্ত। সে কারণে বেশ ভালো ফলন হয়েছিল। কিন্তু এবার আমন মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার পাশাপাশি পোকার আক্রমণ বেড়েছে।
মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার কৃষক আবদুল নবী জানান, এবার প্রতি কানি জমিতে আমন চাষ করার জন্য কৃষকের অতিরিক্ত চার-পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। এর পরও ফলন ভালো হয়নি।
বড় মহেশখালী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন, বৃষ্টি কম হওয়ার পাশাপাশি খেতে পোকা আক্রমণ করায় এবার আমনের ভালো ফলন হয়নি। তিনি আরও বলেন, বিনা ৮ ও বিনা ১০ জাতের বীজ পুরোনো ছিল। ফলন ভালো না হওয়ার পেছনে এটিকেও কারণ হিসেবে চিহ্নিত করেছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার আট হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। তার মধ্যে মাতারবাড়িতে ৫৯০ হেক্টর, কালারমারছড়ায় এক হাজার ৬৯০ হেক্টর, হোয়ানকে এক হাজার ২২০ হেক্টর, বড় মহেশখালীতে এক হাজার ৪০০ হেক্টর, কুতুবজোমে সাত শ হেক্টর, পৌরসভায় ৩০০ হেক্টর, ছোট মহেশখালীতে এক হাজার হেক্টর ও শাপলাপুরে এক হাজার ৩০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।
গত বছর আমন চাষ হয়েছিল আট হাজার হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫০ হাজার মেট্রিক টন ধান। কিন্তু উৎপাদন হয়েছিল ৫৫ হাজার মেট্রিক টন।
মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়নি। এ কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।