আমনের ভরা মৌসুমে ইউরিয়া-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আমনের ভরা মৌসুমে ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। গত বছরের তুলনায় চলতি বছর প্রায় দেড় হাজার মেট্রিক টন ইউরিয়া সার কম বরাদ্দ দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন চাষিরা। এদিকে সংকট মোকাবিলায় ইউরিয়া সারের জন্য জরুরি বরাদ্দ চেয়ে ২২ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে ফ্যাক্সবার্তা পাঠিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল আবছার চকরিয়া উপজেলায় ইউরিয়া সার-সংকটের সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ২০১১-১২ অর্থবছরে এই উপজেলার ১৮ ইউনিয়ন ও এক পৌরসভার জন্য ইউরিয়া সারের বরাদ্দ দেওয়া হয় আট হাজার ৬০ মেট্রিক টন। ওই সময় কয়েক দফা বন্যার ফলে চাষাবাদ কম হয়।
এ ছাড়া যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অনেক ডিলার বরাদ্দকৃত সার উত্তোলন করতে পারেননি। ফলে অনেক সার ফেরত যায়। যার ফলে এবার বরাদ্দ কম দেওয়া হয়।
অধিদপ্তর সূত্র জানায়, চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয় চকরিয়ার জন্য ইউরিয়া সার বরাদ্দ দেয় ছয় হাজার ৫২৩ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় এক হাজার ৫৩৭ মেট্রিক টন কম। অপ্রতুল বরাদ্দের কারণে চলতি আমন মৌসুমে ইউরিয়া সারের সংকট হয়েছে।
চকরিয়া উপজেলা কৃষি বর্গাচাষি সমিতির সভাপতি মহিউদ্দিন বলেন, ‘এখন আমনের ভরা মৌসুম। কিন্তু কৃষকেরা ডিলারের কাছে সারের জন্য গিয়ে খালি হাতে ফিরে আসছেন। এমন সময় সার পাওয়া না গেলে আমন চাষে বির্পযয় দেখা পাবে।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৯২০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। চারা রোপণকাজ শেষ হয়েছে। এখন চলছে খেত পরিচর্যা। পুরো মৌসুমে সংকট মোকাবিলায় আরও ৭৮৩ মেট্রিক টন ইউরিয়া সারের প্রয়োজন রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ বলেন, ৭৮৩ মেট্রিক টন ইউরিয়া সার জরুরি ভিত্তিতে বরাদ্দ চেয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ২২ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন। কিন্তু এখনো বরাদ্দ পাওয়া যায়নি।