আমনের ভালো ফলনে টেকনাফের কৃষকের মুখে হাসি
কক্সবাজারের টেকনাফে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, মৌসুমজুড়ে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ না হওয়াটাই মূলত ভালো ফলনের কারণ। এ ছাড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করেও অনেক কৃষক সফল হয়েছেন।
টেকনাফের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম কুতুবী বলেন, এবার কৃষকেরা জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করেছেন। পাশাপাশি জমিতে কীটনাশকের মতো বিষ প্রয়োগও করেননি। এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়েছে। তা ছাড়া কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় ধান উৎপাদন বেড়েছে।
তিনি বলেন, পুরো উপজেলায় ১০ হাজার ৮২০ হেক্টর জমিতে ৫৩ হাজার ৫৬৯ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। এই পরিমাণ ধান থেকে চাল পাওয়া যাচ্ছে ৩৫ হাজার ৫০৬ মেট্রিক টন।
সরেজমিনে দেখা গেছে, শীতের সকালে কিষান-কিষানিরা পাকা ধান কেটে আঁটি বেঁধে নিয়ে আসছেন। কাটা শেষ হয়েছে অর্ধেকের বেশি জমির ধান। তবে এখনো কোনো কোনো মাঠে আধা পাকা ধান রয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলার প্রায় ১৮ হাজারের মতো কৃষক ১০ হাজার ৮২০ হেক্টর জমিতে চাষাবাদ করেছেন। অন্যদিকে, সাম্প্রতিক ঝড়ে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের লোনা পানি ঢুকে পড়ায় প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে চাষাবাদ করা যায়নি।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, সাধারণত গত বছরের তুলনায় এ বছর বেশ আগেই ধান কাটা শুরু হয়েছে। কার্তিক মাসের শুরুতেই ধান কাটার রীতিমতো ধুম পড়েছে। পুরো উপজেলার ৯০ শতাংশ ধান পেকে গেছে। তার মধ্যে ৭৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, গত বছরের তুলনায় ধানের ফলন ভালো হয়েছে। দমদমিয়া এলাকার কৃষক বাঁচা মিয়া ও সোলতান আহমদ বলেন, প্রতি ৪০ শতক জমিতে এবার ধান উৎপাদন করতে সাড়ে ৪ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি মণ ধান ৮২০ থেকে ৮৫০ টাকায় বাজারে বিক্রি হচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এবার ফলনও বেশি হয়েছে, ভালো দামও পাওয়া যাচ্ছে।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, চলতি মৌসুমে সারের সংকট না থাকায় কৃষকেরা সারের সঠিক ব্যবহার করেছেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করেছেন তাঁরা। পাশাপাশি আবহাওয়াও অনুকূল ছিল। তাই এমন ভালো ফলন হয়েছে।