আমরা আছি বাংলাদেশের সঙ্গে

গুলশানে হলি আর্টিজান বেকারির ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে লন্ডনে এক মানববন্ধনে শামিল হয়েছিলেন নানা ভাষাভাষী মানুষ। ৩ জুলাই স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই সমাবেশ।
‘সলিডারিটি উইথ দ্য ভিকটিমস অব ঢাকা অ্যাটাক’ শিরোনামে এ স্মরণ অনুষ্ঠানের সমন্বয় করে গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্য শাখা।
>সন্ত্রাসী-জঙ্গি যুবক আমাদের বাংলাদেশ কিংবা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে না। আমাদের প্রতিনিধিত্ব করে ফারাজ
ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে স্মরণ অনুষ্ঠানে আসা ব্যক্তিরা বলেন, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী অধিকারকর্মী রুমানা হাশেম, সাংবাদিক বুলবুল হাসান ও সায়মা আহমেদ। আরও উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ওয়াচের নিখিল গাঙ্গুলি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অরা ফ্রিম্যান।

ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ব্যথিত তাঁরা সবাই। একে একে নিহতের স্মরণে প্রদীপ প্রজ্বলন করেন তাঁরা। শ্রদ্ধা জানান ফুল দিয়ে।
বেদনাবিধুর এই স্মরণ অনুষ্ঠানে আগত ব্যক্তিদের চোখে-মুখে ক্ষোভ আর শোকের ছাপও ছিল স্পষ্ট। নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্তা লেখেন বিভিন্ন ভাষাভাষী মানুষ।
আয়োজকেরা বলেন, হামলার ওই রাতে বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মতো তাঁরাও ঘুমাতে পারেননি। দৃষ্টি ছিল সংবাদ মাধ্যমগুলোর দিকে। বাংলাদেশে এমন ঘটনা ঘটতে পারে এটা তাঁরা মেনে নিতে পারছিলেন না। স্মরণ অনুষ্ঠানে শামিল হওয়া মানুষের অভিমত, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এ হামলার ঘটনা মানুষকে হতবাক করেছে সত্য, কিন্তু একই সঙ্গে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ আর উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং সাহসী প্রতিরোধ গড়ে তোলার বার্তাও দিয়ে গেছে।

গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্য শাখার মুখপাত্র অজন্তা দেব রায় প্রথম আলোকে বলেন, পশ্চিমা দেশগুলোতে যখন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, তখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ওই সব দেশকে আক্রান্ত এবং ভুক্তভোগী হিসেবে তুলে ধরে। কিন্তু বাংলাদেশের বেলায় দেখা গেল, ওই সব গণমাধ্যম যেন বলতে চাইছে বাংলাদেশ ভুক্তভোগী নয়, বাংলাদেশ জঙ্গিবাদকে জন্ম দিচ্ছে।
তিনি আরও বলেন, ‘ট্রাফালগারের স্মরণসভার মাধ্যমে আমরা বিশ্ববাসীকে বলতে চেয়েছি, যেসব জঙ্গি তরুণ গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে, নৃশংস উপায়ে হত্যাযজ্ঞে মেতে উঠেছে, তারা বাংলাদেশি ছিল। কিন্তু এসব সন্ত্রাসী-জঙ্গি যুবক আমাদের বাংলাদেশ কিংবা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে না। আমাদের প্রতিনিধিত্ব করে ফারাজ। যে কিনা বুন্ধদের জন্য নিজের জীবন দিয়ে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছে’।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে মোকাবিলায় ফারাজের মানবিকতা আর সাহসিকতার কথা বারবার বলতে হবে মন্তব্য করে অজন্তা বলেন, ‘ভয়ের বিপরীতে মানবিকতা ও সাহসিকতা সঞ্চয় করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে রুখে দাঁড়াতে হবে।’