আমরা আছি রোকেয়া হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলার নারীমুক্তি ও সমাজপ্রগতির অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া। আজ আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে নারী-পুরুষের যে সমতা প্রতিষ্ঠিত হচ্ছে, তার পেছনের কারণ খুঁজতে গেলে রোকেয়ার অবদান স্বীকার করতে হয়। শিক্ষাক্ষেত্রে এখন মেয়েরা যে ছেলেদের সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছে, তা কোনো দিনই সম্ভব হতো না, যদি না তিনি নারীশিক্ষার স্বপ্ন দেখতেন।’ এভাবেই বেগম রোকেয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ তামান্না। তিনি অনার্সে এ বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। তিনি বলেন, ‘রোকেয়ার মতো পথপ্রদর্শকদের দেখেই আমরা অনুপ্রাণিত হই। আমাদেরও ভালো কিছু করতে স্বপ্ন জাগে। তাঁর নামের হলে থেকে আমি গর্বিত।’নারীশিক্ষা আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতির উদ্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দ্বিতীয় আবাসিক হল ১৯৮০ সালে বেগম রোকেয়ার নামানুসারে নামকরণ করা হয়। এখানে মোট ৭২০টি শয্যা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন। হল নির্বাচনের সময় কোনো একটি বিশেষ কারণে তাঁদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে রোকেয়া হল। প্রথম বর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নাজমুন নাহার বলেন, ‘ভর্তি হওয়ার সময় আমার ইচ্ছা ছিল রোকেয়া হলে সিট পাওয়ার। হয়েছেও তা-ই। এটি আমার খুব ভালো লাগার একটা বিষয়। আমি আমার কাজে তাঁর নামের সঙ্গে একধরনের অনুপ্রেরণা পাই। নারীশিক্ষার জন্য তাঁর অবদান অবশ্যই আমাদের জন্য অনেক বড় পাওয়া।’রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রিংকি মুনমুন সাহা বলেন, ‘তিনি এ দেশের নারীদের শিক্ষার জন্য যা করেছেন; তার ঋণ কখনোই শোধ হওয়ার নয়। বাংলার নারীশিক্ষার প্রসার ঘটিয়ে সামাজিক পশ্চাৎপদতা, কুসংস্কার ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে রোকেয়া নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াইকে দিয়েছেন এক ভিন্ন মাত্রা। তাঁর লেখা আমাদের সব সময় অনুপ্রাণিত করে।’বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দা মারিয়া। অনার্সে তিনি নিজ সিজিপিএতে প্রথম অবস্থানে আছেন। তিনি বেগম রোকেয়াকে শুধু শিক্ষার ক্ষেত্রেই অনুপ্রেরণা মনে করেন না, তিনি তাঁকে নারীমুক্তির পথিকৃৎ মনে করেন। তিনি বলেন, ‘রোকেয়া কখনো নারীর ব্যক্তিত্বের অবমাননা মেনে নেননি। তিনি সব সময় চেয়েছেন নারী স্বপ্রতিভায় উজ্জ্বল হোক, তাঁর প্রতিভা বিকশিত হোক। সেখানেই রোকেয়ার শ্রেষ্ঠত্ব।’সমাজকল্যাণের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আঞ্জুমান আরা শারমীন বলেন, ‘রোকেয়া মনে করতেন, নারী-পুরুষের একটা সমতা থাকা দরকার। পরিবারে শুধু স্বামীকে প্রভু না ভেবে তার অর্ধাঙ্গ মনে করতে হবে। তাহলেই প্রকৃত মুক্তি পাওয়া সম্ভব।’এভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা এ হলে থাকতে পেরে নিজেদের গর্বিত মনে করেন।