
আমরা শুধু মেয়েরাই একবার ঢাকার অনেক দূরে কোথাও যাব দল বেঁধে, এমন ইচ্ছা অনেক দিনের! হুট করেই একদিন আড্ডায় সবাই ভাবলাম, একটা পরিকল্পনা করেই ফেলি না! দেখা যাক শেষ পর্যন্ত হলে হলো, না হলেও তো ক্ষতি নেই কোনো!
কিন্তু বেড়ানোর জায়গাটা ঠিক কোথায় হবে? একটু কাছেই কোথাও? গাজীপুরের কোনো রিসোর্টে? কিন্তু সেখানে তো চাইলেই সবাই যায়, বড্ড ‘সাধারণ’। এমন কোথাও গেলে কেমন হয়, যেখানে শুধু মেয়েরা কখনো একা বেড়াতে যাওয়ার সাহস করে না? যেখানে গিয়ে আমরা গলা খুলে গাইতেই পারি ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা!’ যেখানে সত্যিই চোখ যত দূরে যায় হারিয়ে যাওয়ার কোনো মানা থাকবে না!
আমরা নয়জনের একটি গ্রুপ মেসেজ খুলে ফেললাম ফেসবুকে, সেখানে অনেক আলোচনা, যুক্তিতর্ক শেষে ঠিক করা হলো সাজেক ভ্যালি যাওয়া হবে। আমাদের সিদ্ধান্ত নেওয়াটা যতটা না কঠিন, তার চেয়েও বেশি কঠিন পরিবারকে রাজি করানো। সবার বাসাতেই সাধারণ যে কথাটি শুনতে হয়েছে তা হলো—শুধু এতগুলো মেয়ে ঘুরে বেড়ানো নিরাপদ না, সঙ্গে ভাই বা ছেলে বন্ধু রাখা দরকার ইত্যাদি।

নানাভাবে বুঝিয়ে পরবর্তী কয়েক দিনের সম্ভাব্য আবহাওয়ার খবর জানিয়ে অনুমতি নিতে হয়েছে। কারণ সারাক্ষণ বৃষ্টি হলে নাকি আমাদের যেতে দেবে না! দু-তিনজন এরপরও অনুমতি পায়নি। তাদের আমাদের রেখেই যেতে হয়েছে। কারণ আমরাও জানি না এরপর এই অনুমতিটা আমরা আবার কখনো পাব কি না!
প্রথমে ফেসবুকের ট্রাভেলার্স অব বাংলাদেশে পোস্ট করে সাজেকে ভ্রমণ সম্পর্কে যাবতীয় তথ্য জানা গেল, সঙ্গে অনেকে বাড়তি কিছু পরামর্শও দিল, যা আমাদের পরে অনেক উপকার করেছে। যেমন ওখানে বিদ্যুৎ নেই, সৌরবিদ্যুতে চলে। তাই ফোনের পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা খুব জরুরি। দু-তিন দিনের ঘোরাঘুরির জন্য সার্বক্ষণিক একটি জিপ ভাড়া করে রাখলে সুবিধা। ওখানে খাওয়ার পানির সংকট, তাই খাগড়াছড়ি বাজারে নেমে পর্যাপ্ত পানি কিনে নিতে হবে। রিসোর্টের নাম, জিপচালকের ফোন নম্বর ইত্যাদি সেখান থেকেই জোগাড় হলো।
আমরা ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছিলাম ২৬ এপ্রিল রাত ১১টার বাসে কলাবাগান থেকে। খাগড়াছড়ি হয়ে সাজেকে যেতে হয় বলে অনেকেরই ধারণা যে সাজেক খাগড়াছড়িতে, কিন্তু আসলে সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত। খাগড়াছড়িতে আমরা পৌঁছেছি সকাল সাতটায়। সেখানে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট জংশনে জিপ আমাদের জন্য অপেক্ষা করছিল। জিপ নিয়ে পানখাইয়াপাড়ায় আমাদের গ্রুপের উমরা চিং মারমার খালার বাসায় নাশতা সেরে আমরা সকাল নয়টায় খাগড়াছড়ি থেকে রাঙামাটি হয়ে সাজেকে আসি। সাজেকে প্রবেশের দুটি সময়—একটি বেলা ১১টা, অন্যটি তিনটায়। সাজেকে যাওয়ার পথ পুরোটাই আঁকাবাঁকা এবং উঁচুনিচু। পাহাড়ের রাস্তা বেয়ে ওপরের দিকে জিপ যাওয়ার সময় মাঝে মাঝেই কানে তালা লেগে যাচ্ছিল আমাদের! সঙ্গে চলছিল আমাদের গলা ছেড়ে গান আর হাসাহাসি!
দুপুরে রিসোর্টে খাবারের অর্ডার আগে থেকেই করা ছিল বনমোরগ। খাবারের পর আমরা বের হলাম কংলাক পাহাড়ের উদ্দেশে। এটি সাজেকের সবচেয়ে উঁচু সিম্পু পাহাড়ে অবস্থিত। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮০০ ফুট ওপরে। পাহাড়ে ওঠার সময় অনেক শিশু-কিশোর আমাদের সঙ্গে এগিয়ে এল। তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, পাহাড়ে প্রায় ৩৫টি নৃগোষ্ঠীর পরিবার বাস করে।
মজার ব্যাপার হলো, এই শিশুরা মোটামুটি বাংলা জানলেও তারা তুমি, আপনি আর তুইয়ের পার্থক্য বোঝে না। গল্প করার সময়ে তারা আমাদের তুই বলে সম্বোধন করে ফেলছিল। পরে যখন তাদের বুঝিয়ে বলা হয়েছে, তখন বেশ লজ্জা পেয়ে যায়। পাহাড়িদের আচরণ অত্যন্ত চমৎকার এবং আন্তরিক। পাহাড় থেকে ফিরলাম হেলিপ্যাডে, অনলাইনে সাজেকের সব ছবিতে যে সুন্দর লাল বাড়িটিকে আমরা দেখতে পাই, সেটি এর অন্য প্রান্তে ‘রুনময় রিসোর্ট’। সন্ধ্যায় হেলিপ্যাড থেকে আমরা ফিরে এলাম আমাদের রিসোর্টে। রিসোর্টে ইলেকট্রিসিটি সাপ্লাই নেই, সোলার পাওয়ারে শুধু লাইট জ্বলে, কিন্তু ফ্যান চলে না। রাতে কিন্তু আবহাওয়া ভালো হওয়ায় ফ্যানের প্রয়োজনও হয়নি আমাদের।

পরদিন সকালে আমরা রওনা হলাম আলুটিলা, রিসাং ঝরনা ও হর্টিকালচার পার্কের উদ্দেশে। আলুটিলার গুহায় ঢোকার আগেই চোখে পড়ে পাহাড়ের ঢাল বেয়ে চলে গেছে এক ঝরনা, স্থানীয় ব্যক্তিরা সেটিকে বাঁধ দিয়ে আটকে রাখে তাদের বিভিন্ন কাজে ব্যবহারের জন্য। এই গুহায় মশাল নিয়ে ঢুকতে হয়। একে স্থানীয় মিনুষ দেবতার গুহা কিংবা মাতাই হাকড় নামেও ডাকে। আলুটিলার ভেতরটি বেশ অন্ধকার এবং মাঝে মাঝেই পা গর্তে ঢুকে যায়। কিছু গর্তে প্রায় কোমরসমান পানি! এই গুহা থেকে বের হতে প্রায় ২০ মিনিটের মতো লেগে যায়। এখান থেকে আমরা যাই রিসাং ঝরনা দেখতে। রিসাং ঝরনার ওপর থেকে স্লাইডের মতো পানির স্রোতে নেমে আসা যায়। স্থানীয় অনেকেই সেখানে গোসলও করছিল। তাদের দেখে আমাদের অনেকেই লোভ সামলাতে না পেরে স্লাইড করে নেমে যাই! সব শেষে হর্টিকালচার পার্কে গেলাম, সেখানে মূল আকর্ষণ ঝুলন্ত ব্রিজ। এরপর সোজা আমরা এলাম উমরা চিং মারমার সঙ্গে তার ভাইয়ের বাসায় নিউজিল্যান্ড রোডে। এই প্রথম কোনো মারমাদের বাসায় রাতে থাকা হচ্ছে দেখে আমাদের উৎসাহের কমতি ছিল না। জায়গাটি দেখতে আসলেই নিউজিল্যান্ডের মতো বলেই হয়তো এমন নামকরণ হয়েছে। রাতে আমরা খেলাম সিস্টেম রেস্টুরেন্টে, এটি সেখানকার সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট। বাঁশের কোড়ল, ব্যাম্বু চিকেন, পাহাড়ি আলু ইত্যাদি ছিল রাতের খাবারের আইটেম। পরদিন সকালে আমরা সেখান থেকে উমরা চিং মারমার মামার বাসায় গেলাম রামগড়ে। এটি খাগড়াছড়ি থেকে প্রায় তিন ঘণ্টার দূরের পথ। সেখানে দুপুরের খাবারে পাহাড়ি নানান পদ ছিল। বিকেলে আমরা তার মামার চা-বাগান ঘুরে ভারত-বাংলাদেশ বর্ডারে ফেনী নদী দেখতে যাই। সেখান থেকে ফিরে রাতের খাবার খেয়ে ১১টার বাসে আবার ঢাকায় ফিরেছি। আমিসহ ফারিয়া তাসনিম, আনিকা ফাইরুজ, উমরা চিং মারমা, লিজা তাহসিন খান, মাহসুদা আক্তার, রুমানা আক্তার, শারমিন আক্তার ও জোহরা আক্তারের কাছে এই সফর অন্যরকম ভালো লেগেছে। পরিবারের আস্থা রেখে আমরা নিরাপদে ফিরে আসি। হয়তো এরপর আরও ঘুরতে যাব। তবে এর তুলনা হবে না।