আমরা এখন হেডকোয়ার্টারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আর আমাদের আলোকচিত্রী চলে এসেছি। কোথায় আছেন আপনারা?’ মুঠোফোনে জানতে চাই। ওপাশ থেকে জবাব আসে, তাঁরা আছেন হেডকোয়ার্টারে।হেডকোয়ার্টারে! হ্যাঁ, তাঁরা বসে ছিলেন ‘হেডকোয়ার্টারে’। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সবাই একনামে চেনে ফার্স্ট ইয়ারের দুরন্ত ছেলেমেয়েদের ‘হেডকোয়ার্টার’। নতুন কলেজ ভবনের ক্যান্টিনের জন্য নির্ধারিত স্থানটিই হলো তাঁদের হেডকোয়ার্টার। ক্লাস এবং ল্যাবের বাইরে যে সময়টুকু থাকে, সেখানেই সেই সময়টুকু কাটান তাঁরা। সেখানে গিয়ে পাওয়া গেল তাঁদের।কে না জানে হলি ফ্যামিলি হাসপাতালের নাম! ঢাকার ঐতিহ্যবাহী ও সুপরিচিত হাসপাতালের একটি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালটি দীর্ঘদিন সুনামের সঙ্গে পরিচালিত হওয়ার পর ১৯৯৯ সাল থেকে শুরু করেছে মেডিকেল কলেজের কার্যক্রম। ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়া এ হাসপাতালে বর্তমান শিক্ষার্থী প্রায় ৭০০ জন। মোট তিনটি ব্যাচ বেরিয়েছে এখান থেকে ডাক্তার হয়ে। একটি ব্যাচ এখন ইন্টার্নি করছে। সর্বশেষ যে ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন, তাঁদের কথা জানতে কলেজটিতে গিয়েছিলাম আমরা সেদিন। ‘বাবা-মা চান, বড় ডাক্তার হই।’‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা।’‘সবচেয়ে সম্মানজনক পেশা হলো ডাক্তারি।’ ‘মাদার তেরেসা হতে চাই। মানুষের সেবা করতে চাই, তাঁর মতো না পারি অন্তত ডাক্তার হয়ে সেবা করতে চাই।’‘এই পেশায় স্বাধীনতা অন্য যেকোনো পেশার চেয়ে বেশি।’এ রকম আরও অনেক কারণের কথা বললেন তাঁরা যখন জানতে চাইলাম। সবচেয়ে বেশি পড়াশোনার চাপ আর পরিশ্রম যে বিষয়ে, সেটাকেই কেন বেছে নিয়েছেন তাঁরা?তাঁদের মধ্য থেকে তনি আবার মজা করে বললেন, ‘অ্যাপ্রন গায়ে থাকলে সবাই কত শ্রদ্ধা নিয়ে তাকায়! সে জন্যই আমি ডাক্তার হতে চাই।’ সবাই হেসে ওঠেন।মেডিকেলে পড়াশোনার চাপ যে একটু বেশি—এ নিয়ে দ্বিমত নেই কারও। রাত জেগে পড়তে হয় নিয়মিত, আইটেম, কার্ড আরও কত রকমের পরীক্ষা! এর বাইরে তাঁদের যে জগত্টা আছে, সেটা সম্পর্কে বলতে বলি তাঁদের। কলেজের কী ভালো লাগে, আর কী-ই বা খারাপ লাগে?জানতে চাই তাঁদের কাছে। সমস্বরে জবাব, ‘খারাপ লাগে শুধু বেশি বেশি পড়াশোনার চাপ। তা ছাড়া আর সবকিছুই ভালো।’ ‘স্যাররা সব সময় পড়াশোনার চাপে রাখেন।’অভিযোগের সুর আকাশের গলায়। এবার জিসান বলে ওঠেন, ‘কথাটা পুরোপুরি সত্যি নয়, অনেক স্যার আছেন, যাঁরা পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস হলেও অন্যান্য ব্যাপারেও উৎসাহ দেন সব সময়। আমাদের অ্যানাটমি বিভাগের নাহিদ আহমেদ খান স্যার তো সব সময় বলেন, “শুধু পড়াশোনা করলেই হবে না; নাচ-গান, খেলাধুলা—এগুলোর সঙ্গেও যুক্ত থাকতে হবে”।’ স্যার তো বলেন, কিন্তু আপনারা কি সেই সময়টুকু বের করে নিতে পারেন?এবার সুলভ বলে ওঠেন, ‘হ্যাঁ, পারব না কেন? আমি তো গিটার বাজাই, গান করি, গান লিখি কিন্তু পড়াশোনার কোনো ক্ষতি হয় না।’‘আসলে সময়ের কাজ সময়ে করলে বাড়তি সময় পাওয়া যায় অনেক।’ যোগ করেন প্রভা। এবার কাজরী চট করে বলে ওঠেন, ‘আমরা দলবেঁধে ঘুরতে যাই প্রায়ই। পরীক্ষা ভালো হোক আর মন্দ হোক, পরীক্ষা শেষ হলেই দলবেঁধে বেরিয়ে পড়ি।’‘এবার বইমেলায় গিয়েছিলাম আমরা সবাই। কলেজ থেকে গিয়েছিলাম, তাই অ্যাপ্রন গায়েই ছিল। দলবেঁধে যখন আমরা প্রায় ১৭-১৮ জন একসঙ্গে ঘুরছিলাম, সে এক দেখার মতো দৃশ্য।’ বললেন স্নেহা। সিজা বলেন, ‘সবচেয়ে ভালো লাগে কলেজের সিনিয়র ভাইয়া-আপুরা আমাদের অনেক ব্যাপারে সাহায্য করেন সেটা।’ তাসমিয়া একমত এ ব্যাপারে। তাসমিয়া হলে থাকেন, তাঁর যেকোনো বিপদে-আপদে সবার আগে এগিয়ে আসেন হলের বড় আপুরাই।কথা বলতে বলতে খেয়াল হলো যে এবার উঠতে হবে। কারণ আমার সঙ্গে তাঁরা কথা বলছিলেন ক্লাসের বিরতিতে। এখন আবার শুরু হবে ক্লাস। এবার তবে বিদায় নিই ভবিষ্যৎ ডাক্তারদের কাছ থেকে।