আমরা করেছি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মিলিয়ে মোট দল ছিল পঞ্চাশের বেশি। তারপর রইল ৩২, সেখান থেকে প্রথম ও দ্বিতীয় পর্ব পেরিয়ে চূড়ান্ত লড়াইয়ে ১১। জোর প্রতিদ্বন্দ্বিতা এই এগারোতে। শুধুই কি দ্বন্দ্ব? তথ্যপ্রযুক্তি আর ব্যবসা এক হয়ে নেমেছে—সাফল্য তাদের চাই-ই চাই। অভিনব সব ধারণা আর প্রকল্প নিয়ে প্রতিযোগীরা নেমেছেন, কীভাবে তথ্যপ্রযুক্তি ব্যবসা-বাণিজ্যের সমাধান হয়ে ভূমিকা রাখতে পারে সাফল্যে। চড়াই-উতরাই শেষে শেষ হাসিটা রইল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল ফোর-ডাইমেনশনের।তাঁদের যাত্রা শুরুর প্রতিকূলতাও কম ছিল না। কী নিয়ে কাজ করবেন তাঁরা? তাঁদের ধারণা কি বাস্তবসম্মত হবে? ঠিক হচ্ছে তো? তবুও লড়তে তো হবেই। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটাকে দুর্নিবার করে শেষ অবধি চ্যাম্পিয়নই হয়ে গেলেন সাবরিনা শাহীন হক, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ বেপারী ও নাসির খান। আর সেই সঙ্গে তাঁদের দল অর্জন করল পাঁচ হাজার ডলারের পুরস্কার।আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তথ্যপ্রযুক্তির সমাধান নিয়ে প্রতিযোগিতা ‘দ্বিতীয় সিটি ফাইন্যানশিয়াল আইটি কেস কম্পিটিশনের (সিএফআইসিসি) যাত্রা শুরু গত ২১ মার্চ। আয়োজনে ছিল ডি নেট (ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক), সিটি ব্যাংকের সিটি ফাউন্ডেশন ও সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। ২০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৩টি দলের মধ্যে তিনটি পর্বের জোর প্রতিদ্বন্দ্বিতা শেষে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ফোর-ডাইমেনশন’, প্রথম রানারআপ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ‘স্ট্রাইড’ এবং দ্বিতীয় রানারআপ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘অক্টাভিয়ান’ দল।প্রতিযোগিতা আয়োজনের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ার বিষয়বস্তুর সঙ্গে বাস্তবজীবনের মেলবন্ধন তৈরি করে দেওয়া। এ প্রতিযোগিতার নির্মাণ করতে হবে তথ্যপ্রযুক্তির এমন অভিনব সমাধান, যা অনন্য ভূমিকা রাখবে আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোয় এবং সহায়ক হবে তাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে। আর তারুণ্যের যে নতুন কিছু বানানোর অপরিমেয় স্পৃহা ও দৃঢ়প্রত্যয়, সেটিকেও বাস্তবিক অর্থে ধারণ করতে হবে। প্রতিযোগিতার পরিচালক মাহমুদ হাসান বলেছিলেন, ডি নেটের লক্ষ্য তরুণদের এ ধরনের অভিনব সব ধারণার সঙ্গে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর একটি পরিচয় করিয়ে দেওয়া, একটি ভিত্তি স্থাপন করা—যেখানে ধারণাগুলো সম্পূর্ণ একটি রূপ পাবে। তাই অনেক প্রতিষ্ঠানকে এক করার চেষ্টা ছিল ডি নেটের, যাতে সম্ভাবনার জায়গাটি আরও প্রসারিত হয়। প্রতিযোগিতা শেষ হলেই তো আর সব শেষ হয়ে যায় না। আগত প্রতিষ্ঠানগুলো কীভাবে এসব ধারণা গ্রহণ করছে, তার দিকে লক্ষ রাখবে ডি নেট। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর উত্তরোত্তর উন্নয়নের দিকেই থাকবে তাদের নজর।মার্চের শুরুতে ক্যাম্পাসে প্রতিযোগিতার পোস্টার দেখে কম্পিউটার ও প্রকৌশল বিজ্ঞান শেষ বর্ষের শিক্ষার্থী নাসির খান আর ফিরোজ বেপারী মনঃস্থির করে ফেললেন, এ প্রতিযোগিতায় অংশ নিতেই হবে। আগের বছরও তাঁদের বিশ্ববিদ্যালয় সফলভাবেই অংশ নিয়েছিল, যদিও জিততে পারেনি। এবার জেতার স্বপ্ন পূরণ তো করতে হবে। কর্তৃপক্ষের পাশাপাশি বড়দের সাহায্য চাইলেন তাঁরা দুজন। কারণ, তাঁদের সঙ্গে আরও দুজন ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী তো লাগবেই। সাবরিনা শাহীন হক আর আমিনুল ইসলামও একই লক্ষ্য নিয়ে বড়দের জানালেন তাঁদের ইচ্ছার কথা। লক্ষ্য যখন একটাই, তাই আর বেশি দূর কাঠখড় পোড়াতে হয়নি। গাজী সামিউল হক আর খালেদ হোসেনের সহযোগিতায় গড়ে উঠল ফোর-ডাইমেনশন। দল তখনো গুছিয়ে উঠতে পারেনি। নানা ধারণা ও চিন্তা নিয়ে তর্ক-বিতর্ক। তারপর দুটি ভিন্ন শিক্ষা ক্ষেত্রের দ্বন্দ্ব তো আছেই। তবুও সবকিছু জয় করেই শেষমেশ বিজয়ী হলো ফোর-ডাইমেনশন। ফোর-ডাইমেনশনের প্রকল্পটি ছিল গ্রাহকসেবা-সংক্রান্ত। পোশাকি নাম প্রো-বিজ: ইনটেলিজেন্ট প্রিডেকটিভ মডেলিং সফটওয়্যার ইন বিজনেস। এটি একটি গ্রাহকসম্পর্ক ব্যবস্থাপনা (কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট-সিআরএম) সফটওয়্যার, যা পুরোদস্তুর গ্রাহকনির্ভর আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। ব্যাংক, মুঠোফোন সংযোগদাতা ও বিমা প্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন পরিকল্পনা, নীতি ও নতুন সিদ্ধান্ত গ্রহণের একটি সম্ভাব্য ফলাফল এবং সিদ্ধান্ত গ্রহণের আগে ও পরে গ্রাহকদের উপযোগিতার একটি তুলনামূলক চিত্র তুলে ধরবে। এখানে প্রয়োজন নেই মধ্যস্থতাকারীর। লাগবে না বিশেষজ্ঞ-সহায়তা কিংবা লোকবল। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গ্রাহকনির্ভর প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি অসাধারণ সমাধান। তবে বাকি আছে আরও অনেক দূরের পথ। পূর্ণাঙ্গ ও বাণিজ্যিকরূপে সফটওয়্যারটি তৈরি করার বড় দায়িত্ব এখনো বাকি। সেই রূপ দিতে পারলে বাইরে থেকে সিংহভাগ অর্থ দিয়ে আমদানি করতে হবে না এ ধরনের সিআরএম সফটওয়্যার। এর অভিনবত্ব হলো, এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে।চারজনের পাশাপাশি প্রকল্প ব্যবস্থাপক ছিলেন এস এম শাবাব হোসেন, যাঁর প্রতিনিয়ত সমর্থন, কারিগরি সহযোগিতা ও আত্মবিশ্বাস ফোর-ডাইমেনশনের প্রকল্পকে করেছে দৃঢ় ও প্রত্যয়ী।২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের কার্নিভাল হলে আয়োজন করা হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। শাবাব অবশ্য সেদিন থাকতে পারেননি। পড়াশোনার জন্য এখন তিনি কানাডায়। তবে মূল পর্ব পর্যন্ত অবিচ্ছেদ্যভাবে ফোর-ডাইমেনশনের সঙ্গে ছিলেন তিনি। ফোর-ডাইমেনশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নিজ নিজ বিভাগের কাছেও কম কৃতজ্ঞ নয়। প্রতিটি প্রতিকূলতায় শিক্ষক ও বড়দের সাহায্যই তাদের সফল করেছে। এ জন্যই প্রতিযোগিতার প্রতিটি পর্বেই বিচারকদের সন্তুষ্ট করতে পেরেছে ফোর-ডাইমেনশন।প্রথম দিন মহা উৎসাহ নিয়ে নয়টায় হাজির হওয়া ফোর-ডাইমেনশনের উপস্থাপন ছিল দিনের শেষে পাঁচটায়। সাবরিনা তাঁর উপস্থাপন আরম্ভ করার শুরুতেই চলে গেল বিদ্যুৎ। ক্লান্তি, অবসাদ আর কিছুটা ভয় নিয়ে সেই অন্ধকারে সাবরিনা বলেই চলেছেন। বাকিরা ইশারায় থামতে বললেন। কিন্তু সাবরিনার আর থামার জো নেই। শেষমেশ একটু থামতেই একজন বিচারক বলে উঠলেন, ‘থামলে কেন, বলে যাও, আমরা তোমাকে এভাবেই শুনছি।’ আত্মবিশ্বাস চাঙা হয়ে উঠল সবার। অবশ্যই ভালো লাগছে তাঁদের প্রকল্পটি। দিন শেষ তো কী! সব কাজ শেষ করে বাকি আয়োজকেরাও এসে দেখলেন তাঁদের উপস্থাপন। দ্বিগুণ হয়ে উঠল তাঁদের সফল হওয়ার স্পৃহা। প্রকল্পটি নিয়ে ফোর-ডাইমেনশনের গর্বের মাত্রাটি তাই অনেক বেশি।প্রতিযোগিতার পরিচালক মাহমুদ হাসান আশা করেন, অর্থসংক্রান্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তথ্যপ্রযুক্তির একসঙ্গে চলার এ পথটি আমাদের আরও সফল হওয়ার অনুপ্রেরণা দেয়। প্রতিষ্ঠানগুলোর আগ্রহের ক্ষেত্রটি অনেক আগে থেকেই উন্মোচিত হচ্ছে। সেখানে আমাদের তরুণ প্রজন্মের অভিনব উদ্যোগ, পরিকল্পনা আর স্পৃহা এনে দেবে নতুন মাত্রা। সে লক্ষ্যেই সামনের প্রতিযোগিতায় আরও কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ঢাকার বাইরের প্রতিষ্ঠানগুলোর তরুণ-মেধা আর নারীদের অংশগ্রহণের সংখ্যা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে কিছু দায়িত্ব থেকেই যায় প্রতিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তাদের দল আহ্বান এবং সমন্বয় গড়ে তুলে সব ক্ষেত্রে সহায়তা প্রদান করার ব্যাপারে সচেষ্ট হতে হবে। সঠিক দিকনির্দেশনায় আত্মপ্রত্যয়ী করতে হবে তরুণদের, যাতে তাঁরা স্বকীয় পরিকল্পনা নিয়ে অংশ নিতে পারেন এবং তাঁদের প্রকল্পগুলো যেন সহজাত, বাস্তবনির্ভর, দূরদর্শী ও চলমান অর্থসংক্রান্ত বিভিন্ন আইনকানুনসম্মত হয়।নাসির, ফিরোজ, সাবরিনা আর আমিনুল—স্বপ্নজয়ী এ চারজনের স্বপ্নের শেষ নেই। বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাকে আরও গতিশীল করতে হবে। সফল করতে হবে ব্যবসার ক্ষেত্রটিকে। ‘চাকরি খুঁজব না, এমন কিছু করব, যাতে চাকরি দিতে পারি অন্যকে। যা-ই স্বপ্ন দেখি না কেন, স্বপ্নকে বাস্তবে এনে তবেই ক্ষান্ত হব আমরা।’ফলাফল ঘোষণার আগে অবধি নাসির আর ফিরোজ দৃঢ়প্রত্যয়ী ছিলেন, জয় তাঁদেরই। এই জয়ের জন্যই তো এতটা পথচলা। ভবিষ্যতের প্রতিযোগীদের জন্য তাই বিজয়ীদের আহ্বান, যেকোনো প্রতিযোগিতায় আইডিয়াগুলো হতে হবে একান্তই নিজের, সৎ থাকতে হবে নিজের কাছে, দলের কাছে, পরিশ্রম করতে হবে সফল হওয়ার জন্য। তাহলে তৈরি হবে আত্মবিশ্বাস, দেখা মিলবে জয়।