আমরা কাউকে দলে টানি না, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে ছোট দলগুলো নিয়ে টানাটানি করছে। যেহেতু ওদের মতো আমাদের কোনো দল নেই, তাই আমরা দলটল নিয়ে টানাটানিও করি না। তবে দল নিয়ে টানাটানি না করলেও কিছু না কিছু নিয়ে তো অবশ্যই টানাটানি করি। কী নিয়ে টানাটানি করি, কেন করি—তাই জানাচ্ছেন ইকবাল খন্দকারপুরোনো সেই কৌতুক—এক লোক রেস্তোরাঁয় নান রুটি খেতে গেছে। ওয়েটার নান এনে দিয়ে অন্য টেবিলে চলে গেল। লোকটা ডাক দিল ওয়েটারকে। ওয়েটার বলল, কিছু লাগবে স্যার? সালাদ-টালাদ? লোকটা বলল, সালাদের দরকার নেই। রুটি অনেক শক্ত তো, একটা করাত দিয়ে যাও। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, তখন এত শক্ত রুটি না পেলেও ঠান্ডা রুটির এক প্রান্ত দাঁতের তলায় রেখে আরেক প্রান্ত ধরে জোরসে টানতে থাকি। এই টানাটানিটা শুধু যে রেস্টুরেন্টে করি তা নয়, মাঝেমধ্যে বাসায়ও করতে হয়। ঝামেলাও বিপদের মতো যখন আসে, তখন চারদিক থেকেই আসে। যখন ঝামেলা শুরু হয়, তখন দেখবেন, এত বেশিসংখ্যক ঝামেলা শুরু হয়ে গেছে যে, আপনার ক্যালকুলেটরও ঠিক সাপোর্ট দিতে পারছে না। এই অবস্থায় বসরা তাদের কর্মচারীদের ওপর তাদের ঝাল ঝাড়ে। আর এর কমন বহিঃপ্রকাশ হলো নিজের মাথার চুল নিজেই টেনে ছেঁড়া। টাকের কারণে মাথায় শ খানেক চুল আছে কি নেই, সেটা না ভেবে আমরা যখন-তখন চুল টেনেই যাচ্ছি। ফ্যাশন বিষয়টি আমাদের অনেক টানে। বছর কয়েক আগেও পুরো ফ্যাশনজুড়ে ছিল কেবল টানটান জামা-কাপড়। বিশেষ করে প্যান্ট। বাপ রে বাপ, একেকটা প্যান্ট এমন টাইট ছিল যে দাঁড়িয়ে পরার কোনো উপায় ছিল না। পরতে হতো বসে বসে, আর খুলতে হতো শুয়ে শুয়ে। এখন এসেছে কোমর ঢিলা প্যান্টের ফ্যাশন। ঢিলা কোমরের কারণে এবং অভিকর্ষজ টানে প্যান্ট নামতে নামতে চলে যাচ্ছে ঠিক যে উদ্দেশ্যে প্যান্ট পরা তারও নিচে। তাই এসব প্যান্ট পরার পর টানার অভ্যেসটাও করতে হয়। ঈদের দুই-একদিন আগে সদরঘাট! বাপ রে বাপ, যাত্রী তোলার জন্য সে কী ব্যস্ততা। দু-চারটা লঞ্চডুবির ঘটনা কানে এলেও এরা না শোনার ভান করছে। এদের আরও যাত্রী চাই! আপনি যদি ঘাটে অন্য কোনো কাজেও গিয়ে দাঁড়ান, তারা কিন্তু আপনাকে টেনে লঞ্চে তুলে ফেলবে। যাত্রী ওঠানোর জন্য এই যে টানাটানি, এই টানাটানির কোনো শেষ নেই। যারা টানাটানি করছে, তারা কিন্তু পলিটিশিয়ানদের তুলনায় কোনো অংশেই কম নয়। নিজস্ব রাজনৈতিক কোনো দল না থাক, মাঝ নদীতে ডুবিয়ে মারার মতো একটা লঞ্চ তো আছে!যত প্রকারের টানাটানি আছে, সব টানাটানির কথা বাদ দেন, সংসারের টানে আসুন। সংসার যে কী জিনিস, এটা সবাই কম বেশি জানে। বিবাহিত হলে তো কোনো কথাই নেই। সংসার তো নয়, যেন সমগ্র বাংলাদেশ পাঁচ টন। আর যদি আয়-উপার্জন ততটা না থাকে, তাহলে তো এভারেস্ট! আর সে জন্যই সংসার চালাতে গিয়ে আমরা বলি—সংসারের ঘানি টানছি। ঘানি টানা হোক আর পানি টানাই হোক, কাজটা তো টানাটানির, তাই না? আজকাল শুধু সংসারের ঘানি নয়, সত্যিকার অর্থে পানিও টানতে হয়।