আমরা কোন সমাজে থাকি

বাঙালি বলেই প্রতিবছরের বিশেষ দিনগুলোতে আমরা সব সময় প্রিয়জন, পরিজন কিংবা কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে, ঘুরতে যেতে, খেতে খুব পছন্দ করি। উৎসবের দিনে বিশেষ জায়গাগুলোতে ঘুরতে যাওয়া আমাদের ঐতিহ্য। তেমনি পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সকালবেলার ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ, টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় সারা দিন বিভিন্ন অনুষ্ঠান দেখাও একধরনের ঐতিহ্যের মধ্যেই পড়ে। সেখানে কেউ আসে পরিবারকে নিয়ে, কেউ আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে। মূলত যারা কাছের মানুষ, তাদের নিয়েই উৎসবে মেতে উঠতে।
এখানে শিশু থেকে বয়স্ক সব ধরনের বয়সের লোকের সমাগম ঘটে। কিন্তু সেখানে এসে যদি বখাটে ছেলেদের কাছে নারীরা এত মানুষের সামনেই লাঞ্ছিত হয়, তাহলে দোষটা আসলে কার? আমরা আসলে কোন সমাজে থাকি? এটা কি সভ্য সমাজ? যে সমাজের একদল বলছে, দোষটা হলো সেই সব নারীর, যারা সেদিন শাড়ি পরে, সেজেগুজে, কাছের মানুষকে সঙ্গে নিয়ে এই উৎসবে মেতে উঠেছিল; আর একদল বলছে, দোষটা হলো সেই সব ছেলের, যারা সেদিন ওসব লাঞ্ছিত-বিবস্ত্র নারীদের উদ্ধারে এগিয়ে এসেছিল।
যারা সেদিন সেই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে এবং যে প্রশাসন এত সিসি ক্যামেরা আর কড়া নিরাপত্তা দিয়েও নারীদের সম্মান রক্ষা করতে পারেনি, তাদের কি কোনো দোষ নেই? আসলে পুরুষশাসিত সমাজে যতই নারীর অধিকার, ক্ষমতায়ন নিয়ে কথা বলিনি কেন, নারীকে আমরা যে কতটুকু মূল্যায়ন বা সম্মান করতে পারছি, তা একটু চিন্তা করলেই বুঝতে পারব। আর পয়লা বৈশাখের দিনে কারা এই ঘটনায় দোষী ছিল তাও খুঁজে বের করা সবারই দায়িত্ব। পয়লা বৈশাখে নারীদের লাঞ্ছিত করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠকে কলঙ্কিত করেছে, তাদের খুঁজে বের করে এমন শাস্তি দেওয়া উচিত, যেন তাদের শাস্তি দেখে কোনো মানুষই এ ধরনের ঘৃণিত ও জঘন্য অপরাধ করার সাহস না পায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়