আমরা কয়জন
ধেৎ, কোনো মানে আছে? রশিদ ভাইয়ের দোকান দুই দিন খোলা তো, তিন দিন বন্ধ, চরম হতাশ হলাম। আকিদ বলল, ব্যাটা তো জমিদারের পোলা! আসলে সমাজবিজ্ঞান ঝুপড়িতে আর কোনো দোকান যে নেই, ব্যাপারটা তা নয়। কিন্তু আমাদের এই ‘অকর্ম’ গ্রুপের সদস্যরা রশিদ ভাইয়ের নিয়মিত ছাত্র। উপস্থিতি রীতিমতো ১০০ শতাংশ, যদিও ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশ করতে গিয়েও মাথার ঘাম পায়ে ফেলতে হয়! কি রোদ, কি বৃষ্টি ‘কুছ পরওয়া নেহি’! সকাল থেকে দুপুর এখানেই চরম আড্ডা। এরই মাঝে বইয়ের পোকা কুমকুম ব্যস্ত গল্পের বই নিয়ে, ছোট ভাই সাজুর বড়সড় কথা। ফেসবুক সুনন্দার মজার কোনো স্ট্যাটাস দেওয়া—এভাবেই দিনগুলো চলে যায়। আবার আকাশ একটু মেঘলা হলেই মাকুল, অভির দরাজ গলায় কোনো গান, মৃদুভাষী শারমিনের একচিলতে হাসি উপরি পাওয়া হিসেবে তো থাকেই। ডিপার্টমেন্টের ভিন্নতা তো বটেই, এমনকি ফ্যাকাল্টির ভিন্নতা থাকা সত্ত্বেও সবার সকালের চায়ের চুমুক যেন এই রশিদ ভাইয়ের দোকানে হওয়া চাই-ই। আর চায়ের সঙ্গে টা হিসেবে, চায়ের বিল দেওয়া নিয়ে জুনায়েদ. আঁখির আঞ্চলিক কথার ঝড়ও কম মজার নয়। তবে সবাই যে আমার মতো ফাঁকিবাজ নয়। এর বড় উদাহরণ, ‘নান্টু’। সত্যিকারের এক পড়ুয়া শিক্ষার্থী। এ সবকিছুর মাঝেই আমরা একে অপরের সুখ, দুঃখ শেয়ার করে নিই। একজনের সুখ সবাইকে সুখী করে আর দুঃখগুলো সবাইকে ছুঁয়ে যায়। হয়তো আর কয়েক বছর পর যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ব। হয়তো আর রিকশার ভাড়া দেওয়া নিয়ে খুনসুটি করা হবে না। বৃষ্টিতে দাঁড়িয়ে চা খাওয়া হবে না। তবু জানি এই দিনগুলো মনের চিলেকোঠায় রয়ে যাবে আমৃত্যু...তৌহিদচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।