আমরা গেমার
খেলতে বেশ পছন্দ করেন তাঁরা। তাই অবসর পেলেই খেলায় মেতে ওঠেন। কখনো একা, আবার কখনো দলবেঁধে। সংখ্যা যা-ই হোক, তাঁদের খেলা চলতেই থাকে। ক্রিকেট-ফুটবল খেলেন, গাড়ি নিয়ে দৌড়ান। তবে ক্রিকেট-ফুটবল খেললেও ব্যাট-বল তাঁদের সঙ্গী হয় না। সঙ্গী হয় গেমস প্যাড, জয়স্টিক, কি-বোর্ড আর মাউস। কারণ, তাঁদের কাছে কম্পিউটারে আর অনলাইনে লড়া বেশি আনন্দের। এঁরা গেমার, কম্পিউটার গেম খেলোয়াড়। ছোটবেলায় ঘরের কম্পিউটারে খেলতে খেলতে এখন দক্ষ সাইবার গেমস খেলোয়াড় হয়েছেন এঁরা। ৮ থেকে ১০ নভেম্বর ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশ্ব সাইবার গেমস প্রতিযোগিতা (ডব্লিউসিজি) বাংলাদেশ ২০১২। আয়োজক ছিল কম্পিউটার সোর্স লিমিটেড ও আইইউবি। এ প্রতিযোগিতার একক ও দলগত বিভাগের চারটি খেলায় চ্যাম্পিয়নদের কথা নিয়েই এ প্রতিবেদন। বিজয়ী যাঁরাকল অব ডিউটিতে ঈশান জামানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ‘ভয়েড স্ম্যাশ’ দল। এ দলের অন্য সদস্যরা হলেন তাসবির মাহমুদ, জায়েদ উদ্দিন, আসিফ আমিনুর রশিদ, আরাফাত রহমান, রিয়াজ মোরশেদ মাসুদ ও ইরফান রেজা খান। দলগত আরেকটি খেলা কাউন্টার স্ট্রাইকে চ্যাম্পিয়ন ‘টিম ইভালুয়েশন’। জর্জিস আলমের নেতৃত্বে এ দলে আছেন রানা খন্দকার, তুষার খান, সালমান নূর ও দিপাঞ্জন ইসলাম। আর একক খেলা নিড ফর স্পিড (এনএফএস): মোস্ট ওয়ান্টেডে চ্যাম্পিয়ন আলিফ রহমান চৌধুরী ও ফিফা ২০১২ গেমে চ্যাম্পিয়ন হয়েছেন সালমান হোসেন। গেমারদের কথাধানমন্ডি হ্রদের পাড়ে ১৩ নভেম্বর পড়ন্ত বিকেলে কথা হয় ডব্লিউসিজি বাংলাদেশের চার খেলায় চ্যাম্পিয়ন ১৪ খেলোয়াড়ের সঙ্গে। প্রায় সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের ছাত্র। শুধু জর্জিস আলম একটু আলাদা। সবার মধ্যে তিনিই একমাত্র বিবাহিত ও চাকরিজীবী এবং গেমারদের মধ্যে বেশ পরিচিত। ‘ছোটবেলা থেকেই গেম খেলছি। এখন পড়াশোনা শেষে গেমস খেলা ছেড়ে দেব, এমনটা ভাবাই কঠিন।’ বললেন জর্জিস। জর্জিস আলমের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রজীবন শেষেও গেমস খেলার প্রত্যয় ব্যক্ত করেন আরাফাত রহমান ও রানা খন্দকার। সবারই গেমস খেলার হাতেখড়ি বাসার ডেস্কটপ কম্পিউটারে। ছোটবেলার অভ্যাসটাই বড়বেলায় হয়ে গেছে শখ। তবে খেলার ব্যাপারে সিরিয়াসনেসের কমতি নেই। কারও কারও বাসার তাকে ঠাঁই হয়েছে গেমসের সিডি আর উপকরণ, দেয়ালে আছে বিশ্বসেরা গেমারদের ছবি, পোস্টার। এমন একজন তুষার খান। তিনি বলেন, ‘আমার কাছে গেমস খেলাটাকেই এখন জগতের সবচেয়ে সহজ ও জরুরি কাজ মনে হয়।’ গেমের নতুন কোনো পণ্য এলেই লুফে নেন তাঁরা। সর্বশেষ সংস্করণগুলো থাকে সংগ্রহের ঝুলিতে।বাধা পেরিয়েআলিফ রহমান চৌধুরী এখন পড়ছেন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু গেমস খেলার ঝোঁকটা তাঁর স্কুলজীবন থেকেই। ২০০৬ থেকে গেমস খেলা আলিফের কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। শুরুর দিকে বাসার কম্পিউটারেই স্বল্প পরিসরে গেমস খেলতে শুরু করেন। টিফিনের পয়সা বাঁচিয়ে গেমসের সিডি আর অনুষঙ্গ কিনতেন। এরপর পরিসর বাড়িয়ে প্রতিযোগিতায় অংশ নিতে গেলে পরিবার থেকে সায় মেলে না। গেম খেলাটাকে সময় আর টাকার অপচয়ের সঙ্গে পড়াশোনার ক্ষতির কারণ মনে করেন আলিফের অভিভাবকেরা। প্রথম ২০০৬ সালে ডব্লিউসিজির বাংলাদেশ বাছাই পর্বে সেরা ২৫-এ জায়গা পান তিনি। এরপর ২০০৮-এ সেরা ৮ ও ২০১০-এর ডব্লিউসিজিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হন আলিফ। ২০১২ সালেও একই সাফল্যে আলিফের অভিভাবকেরা এখন আর গেমস খেলাটাকে সময় নষ্ট মনে করেন না, বরং গর্ব করেন আলিফকে নিয়ে। আলিফের মতো বাকি ১৩ জনকেও এ রকম পরিস্থিতির ভেতর দিয়ে বের হয়ে আসতে হয়েছে। দামি সব গেমসের উপকরণ কিনতে হয়েছে নিজের জমানো টাকায়, খেলেছেন পরিবারের অমতে। তবুও পরিবারের বাধায় দমে না গিয়ে নিজের ইচ্ছাতেই এসেছেন এত দূর তাঁরা। ঈশান জামান বলেন, ‘সব পরিবারেই দেখা যায় ফুটবল-ক্রিকেট খেলতে উৎসাহিত করা হয়, আর কম্পিউটারে গেমস খেলাটাকে ভালোভাবে দেখা হয় না। কিন্তু অন্য খেলার মতো আমরাও খেলোয়াড়, তবে সাইবার খেলোয়াড়।’ দেশের গণ্ডি পেরিয়েএবারের ডব্লিউসিজিতে বিজয়ীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ না পেলেও ব্যক্তিগতভাবে ত্রিদেশীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন অনেকে। চলতি ১৭ নভেম্বর থেকে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় প্রতিযোগিতায় অংশ নেবেন সালমান হোসেন। তাঁর মতে, ‘বিভিন্ন দেশের প্রতিযোগীদের অনলাইন গেমসে হারাই প্রায় প্রতিনিয়ত। তবে পৃষ্ঠপোষকতা ও অন্যান্য সুযোগের অভাবে সরাসরি লড়তে পারি না। তবে এবারের সুযোগটি হাতছাড়া করতে চাই না।’ সালমান ছাড়াও এর আগে দেশের বাইরের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অনেকে। তুষার খান ২০০৯, ২০১০ ও ২০১২ সালে পরপর তিনবার কাউন্টার স্ট্রাইকে চ্যাম্পিয়ন দলের সদস্য। তিনি বলেন, ‘বিদেশে অনেক বড় আয়োজন আর গুরুত্বের সঙ্গে এ ধরনের প্রতিযোগিতা হয়ে থাকে। দেশে এ ধরনের আয়োজন করা গেলে আমরাও আরও ভালো ফল করতে সক্ষম হব।’ ২০০৯ সালে সিঙ্গাপুরের আন্তর্জাতিক ডব্লিউসিজিতে অংশ নেওয়ার অভিজ্ঞতায় আবেদন জানালেন তুষার খান।শেষ কথাপ্রতিযোগিতার আয়োজন বাড়ানোর তাগিদ জানিয়ে তাসবির মাহমুদ বলেন, যত বেশি আয়োজন করা যাবে, গেমারদের অভিজ্ঞতা তত বাড়বে। আর আয়োজন বাড়ানোর জন্য তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। ইরফান রেজা খান জানান, দেশে ধীরে ধীরে গেমারদের সংখ্যা বাড়ছে। এতে অনলাইনে গেম খেলতে গেলে সার্ভারে অপেক্ষায় থাকতে হয়। সঙ্গে বাড়ছে গেমিং ক্যাফের সংখ্যা। রাজধানীর উত্তরা, ধানমন্ডি, খিলগাঁও আর মিরপুরে গড়ে উঠেছে এ ধরনের বেশ কয়েকটি ক্যাফে। শত অপ্রাপ্তির মধ্যেও আছে নানা প্রাপ্তি আর নানা আশার কথা। এ আশার কথাগুলোই চলার পথের প্রদীপ হয়ে থাক গেমারদের।