একেকটা অ্যাম্বুলেন্স এসে থামে সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে। আর সঙ্গে সঙ্গে ছুটে যান নোমান, আরাফাত, সুজন, রাকিবুল, নূর করিম ও তাঁর সহকর্মী বন্ধুরা। ‘তাড়াতাড়ি লাশ নামাও...তাড়াতাড়ি...সুজন, কফিনে চায়ের পাতি-বরফ ঠিকমতো দিয়েছ তো...!’তাঁরা ব্যস্ত হয়ে পড়েন লাশ কফিনবদ্ধ করার কাজে। তাতে বরফ, চায়ের পাতি, কর্পূর, আতর ও গোলাপজল মেশান। কাফনের কাপড় জড়িয়ে দেন। শেষে ওয়াটারপ্রুফ জ্যাকেট দিয়ে ঢেকে দেন লাশ। ভিড় করে স্বজনহারা মানুষগুলো ছুটে আসেন সেই লাশের কাছে। লাশটাকে শনাক্ত করতে চান তাঁরা। তাঁদেরও সামলান স্বেচ্ছাসেবীরা। শান্ত ও সুশৃঙ্খলভাবে লাশ শনাক্ত করতে সাহায্য করেন। কেউ যদি চিনতে পারেন প্রিয়জনের লাশ, তবে তাঁর হাতে তুলে দেন। সেই সঙ্গে তুলে দেন এক বুক সাহস ও সান্ত্বনা।আবার যাঁরা প্রিয় মানুষের খোঁজে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এখনো খোঁজ পাননি প্রিয় মানুষের, তাঁদেরও থাকার ব্যবস্থা করছেন তাঁরাই।ওঁরা দুর্জয় তারুণ্য। ওঁদের কী বিপুল শক্তি, বোঝা গেল সাভারের এই অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে আর রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্কাউটের তরুণ কর্মীরা রাত-দিন একাকার করে কাজ করে চলেছেন রানা প্লাজা ধসে পড়ার প্রথম দিন থেকেই। কেউ উদ্ধারকাজে সহযোগিতা করছেন সেনাবাহিনী সদস্যকে, কেউ আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে ছুটছেন হাসপাতালের দিকে। কেউ বাঁশি বাজিয়ে, জনতার ভিড় সরিয়ে পথ করে দিচ্ছেন অ্যাম্বুলেন্স যাওয়ার। আবার কেউ সার্বক্ষণিকভাবে থাকছেন অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে।বিশাল এই কর্মযজ্ঞ পরিচালনা করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১০০ জন তরুণ কর্মী এবং বাংলাদেশ স্কাউটসের ১০০ জন স্বেচ্ছাসেবক। তাঁদের অধিকাংশই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই যেমন রেড ক্রিসেন্টের যুব সদস্য নোমান হোসেন পড়াশোনা করছেন সরকারি তিতুমীর কলেজে ব্যবস্থাপনা বিভাগে। পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য হয়ে কাজ করছেন দীর্ঘদিন। যখনই বড় কোনো দুর্ঘটনার খবর শুনেছেন, ছুটে গেছেন সেখানে। এবারও ব্যতিক্রম হয়নি। রানা প্লাজা ধসে পড়ার প্রথম দিন থেকেই দায়িত্ব পালন করছেন এখানে। যে অভিজ্ঞতা অর্জন করলেন এই কদিন তা তাঁর ভাষায় ‘কোনো দিনই ভোলা সম্ভব নয়’। তিনি বলছিলেন, ‘আমি আমার জীবনে একসঙ্গে এত লাশ এই প্রথম দেখলাম। কারও হাত নেই, কারও পা নেই, কারও থেঁতলে গেছে মাথা! স্বজনহারা মানুষগুলো কান্নায় ভেঙে পড়ছে লাশ নিতে এসে। এসব দৃশ্য কি ভোলা যায়, নাকি ভোলা সম্ভব?’এসব অভিজ্ঞতা, এসব দৃশ্য হয়তো ভুলতে পারবেন না ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আরাফাত খান, মোহাম্মদ সুজন, রাকিবুল আলম, নূর করিমসহ অনেকেই।রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মনির হাওলাদার বর্ণনা করছিলেন তাঁর অভিজ্ঞতা, ‘পাঁচ মাস আগে ঘটে যাওয়া তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে লাশ ব্যবস্থাপনার কাজ করেছি আমি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানেও লাশ ব্যবস্থাপনার কাজ করেছি।’অতীত অভিজ্ঞতা আছে বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার শফিকুল আলমেরও। কিন্তু বিগত যেকোনো অভিজ্ঞতার চেয়ে এই অভিজ্ঞতা অনেক বেশি ভয়াবহ বলে মন্তব্য করলেন তিনি। ‘আগুন নেভানো এবং ডুবে যাওয়া মানুষকে উদ্ধারের অভিজ্ঞতা আছে আমার। কিন্তু ভবনধসের উদ্ধারকাজে অংশ নিইনি কখনো। এবারই প্রথম এ ধরনের কাজে অংশ নিয়ে যে অভিজ্ঞতা অর্জন করলাম, তা সত্যিই ভয়াবহ। স্বীকার করছি, আমাদের আরও প্রশিক্ষণ প্রয়োজন।’ বলছিলেন শফিকুল আলম।বাংলাদেশ স্কাউটসের এই দলে আরও কাজ করছেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী রওশন আরা, তিতুমীর কলেজের রায়হান সাগর, সাভার কলেজের রওনক জাহান, রোকন-উজ-জামান, জহিরুল ইসলাম, সানজিদা হোসেইন, সানি আল জাবের ও শরিফুল ইসলাম। তাঁরা প্রত্যেকেই স্বীকার করলেন, ‘এ এক বিরল অভিজ্ঞতা।’ মানবসৃষ্ট এমন বিপর্যয় দেখার অভিজ্ঞতা যেন আর জীবনে না আসে, সে কথা বলতেও ভুললেন না তাঁরা। ‘মানুষের বিপদে মানুষ হয়ে পাশে থাকতে পারছি বলে ভালো লাগছে বটে, তবে এমন ভালো লাগা বারবার ফিরে আসুক তা কখনোই চাই না।’ রওনক জাহানের এই মন্তব্য এখানে উদ্ধারকাজে অংশ নেওয়া অন্যান্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও যেন অন্তরের কথা।