আমরা নতুন যৌবনের দূত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক হওয়ার উপায় জানতে চাইলেন এক তরুণ। ‘লেখক হওয়ার উপায় হলো বই পড়া। পড়ো, পড়ো এবং পড়ো। কারণ, লেখক হওয়ার কোনো পাঠশালা নেই। মনটা যখন খুব উড়ু উড়ু হবে, মনে হবে চাঁদটাও যেন বড্ড বেশি জ্বালাচ্ছে, দেখবে খুব একা লাগবে। মনটা শুধু হা-হুতাশ করবে সে অনুভূতি প্রকাশের জন্য। তখন হাতে একটি কলম তুলে নিতে যদি পারো, তখনই লেখক হতে পারবে।’তারিখটা ২৩ এপ্রিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢুকতেই চোখে পড়ছে হরেক রকম আড্ডা। সবুজ মাঠ পেরিয়ে ক্যাফেটেরিয়ার এক কোণে চলছে অর্ধশতাধিক তরুণের অন্য এক আড্ডা। এর মধ্যে অবশ্য ষাট ছুঁই ছুঁই এক তরুণও রয়েছেন। নাম তাঁর তপোধীর ভট্টাচার্য। একের ভেতর অনেক মানুষ তিনি। রবীন্দ্র বিশেষজ্ঞ। বহু ভাষাবিদ। কবি। অধ্যাপক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা এক শর কাছাকাছি। বাংলা, ইংরেজি ও সংস্কৃত—তিন ভাষাতে তিনটি এমএ করেছেন। ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যাপক। বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।গুণী এই শিক্ষাবিদ এসেছিলেন বাংলাদেশে, এখানকার চারটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাতিষ্ঠানিক কাজে। তারই এক ফাঁকে, ২৩ এপ্রিল বিকেলে টিএসসির এই আড্ডা হয়ে ওঠে জমজমাট। আড্ডা শুরু হলো রবীন্দ্রনাথকে নিয়েই। রবীন্দ্র ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে এক তরুণের প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘সরকারি পর্যায়ে দুদেশই অনেক উদ্যোগ নিচ্ছে, চলবে এর ধারাবাহিকতা। কিন্তু রবীন্দ্রনাথকে ধরে রাখতে হবে মনে, মেধায় ও মননে। তরুণেরাই তো রবীন্দ্রনাথকে লালন করবে অন্তরের মণিকোঠায়।’একজন জানতে চাইলেন তাঁর ছোটবেলার কথা। একটু ভেবে তিনি বললেন, ‘বড় মুশকিলে ফেললে হে! ছোটবেলার কোন কথাটা যে বলব আর কোন কথাটা বলব না, তাই তো ভেবে পাই না। শুধু এটুকু বলি, আমার ছোটবেলা মিশে আছে আমার ঘরে থেকেও বিবাগী বাবার স্মৃতিতে, আমার মায়ের অস্তিত্বে এবং রবীন্দ্রনাথের সত্তায়।’ সঙ্গে সঙ্গেই পাল্টা প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রেমে পড়লেন কীভাবে? উত্তর দিলেন নির্দ্বিধায়। ‘ছোটবেলায় মা-ই শিখিয়েছেন রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করা। শিখিয়েছেন রবীন্দ্রসংগীত। প্রথম গাওয়া গানটা যে ছিল “জাগরণে যায় বিভাবরী”, এখনো মনে পড়ে সে কথা। টানাটানির সংসারেও মা আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র কিনে দিয়েছিলেন। সত্যি বলতে কি রবীন্দ্রনাথকে আলাদা করে ভালোবাসার কিছু নেই। আমি বাঙালি, আর বাঙালির অস্তিত্ব মানেই তো রবীন্দ্রনাথ।’বাংলা ভাষা, দেশপ্রেম, ভারত-বাংলাদেশ সম্পর্ক, বিশ্বায়নের ভালো-মন্দ, আত্মোন্নয়নের উপায়, জীবনের সফলতা—নানা বিষয় নিয়ে তরুণেরা প্রশ্ন করেছিলেন তপোধীর ভট্টাচার্যকে। বাদ যায়নি প্রেম-ভালোবাসাও। একজন তো প্রশ্ন করেই বসলেন, ‘যুবসমাজের প্রেম বিষয়টাকে আপনি কীভাবে দেখেন?’ তপোধীর ভট্টাচার্য বললেন, ‘আরে, জীবনে যে একবারও প্রেমে পড়েনি সে মানুষ হবে কীভাবে? প্রেম একটি পবিত্র সম্পর্ক। তবে হ্যাঁ, প্রেমের বেলায় কোনটা মোহ আর কোনটা সত্য, সেটা বুঝতে হবে। সত্য থেকে মোহকে আলাদা করবে কী করে? যখন তুমি দেখবে জগৎটা তোমার কাছে খুব ক্ষীণ বা ছোট মনে হচ্ছে, বুঝবে তুমি কারও মোহে পড়েছ। সেটি প্রেম নয়। তখন সত্য উপলব্ধি করার ক্ষমতা তোমার হারিয়ে যেতে পারে। তাই সাবধান, সত্যকে চিনতে হবে, ভালো-মন্দ চিনতে হবে—যার প্রেমে পড়তে যাচ্ছি বা পড়েছি, তাকেও এ হিসাবের বাইরে রাখা যাবে না। চোখ খোলা রেখে সত্য খুঁজে নিতে হবে। বুঝতে হবে, সত্য মানেই তোমার সামনে জগৎজোড়া খোলা দিগন্ত।’ এবার এল ভাষার প্রসঙ্গ। আসামের শিলচরের ভাষা আন্দোলন-সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি জানান, ‘ বাংলাদেশের একুশে ফেব্রুয়ারির মর্যাদা ও স্বীকৃতি আজ বিশ্বজনীন—একুশে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর পাশেই উল্লেখ করতে হয় ১৯৬১ সালের ১৯ মের কথা। এই দিনই আমাদের শিলচরে শহীদ হয়েছিলেন কমলা ভট্টাচার্যসহ ১১ জন। এই বছরই ১৯ মে পালিত হবে শিলচর ভাষা আন্দোলনের ৫০ বছর পূর্তি। ভাষাশহীদদের পবিত্র রক্তে স্নাত পুণ্যভূমি শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ও ভাষা আন্দোলনকে লালন করে পরম শ্রদ্ধায়।’এবার প্রশ্ন পাল্টে গেল অন্য স্রোতে। একজনের বিশ্বায়ন সম্পর্কিত প্রশ্নের জবাবে তাঁর জবাব, ‘এখন তো বিশ্বায়ন হচ্ছে অর্থের। আর তার ফলে হুমকির মুখে পড়তে হচ্ছে ভাষাকে। শুধু দেয়াললিখনে, আনুষ্ঠানিক ভালোবাসা প্রকাশে কাজ হবে না। দুর্গ গড়ে তুলতে হবে ঘরে ঘরে। ঐতিহ্য, সংস্কৃতি আর মাতৃভাষার চর্চাই পারবে বিশ্বায়নের আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে।’আড্ডা এগিয়ে চলে। প্রশ্ন শেষ হতে চায় না। ঘুরেফিরে আবার রবীন্দ্রনাথ। ইদানিং রবীন্দ্রনাথের গান রিমিক্স করা হচ্ছে। এ ব্যাপারটি কীভাবে নিচ্ছেন তিনি? বললেন, ‘এটা তো যার যার নিজের ব্যাপার। আমি নিচ্ছি তেতো করলা কিংবা নিমপাতার চায়ের মতো। খেতে হচ্ছে, কিন্তু মুখে সইছে না।’আড্ডা শেষে তরুণেরা গোলাপের পাপড়িতে মোড়া উত্তরীয় পরিয়ে ভালোবাসা জানালেন তাঁকে। বাংলাদেশি তরুণদের ভালোবাসা গায়ে জড়িয়ে তিনি সবার জন্য বলে গেলেন, ‘যুগের হাওয়ায় মনখানা কড়ির মতো হয়তো বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়েছে তোমার। মাঝেমধ্যে মনে হয়, এই যুগটা কি অন্ধকারের? তাই তোমাদের বলছি, অন্ধকার যেহেতু আছে, এর শেষ মাথায় আলোর রশ্মিটাও আছে। আর তোমাকে এগোতে হবে তারই পানে। শুধু লাগবে স্থির একটা লক্ষ্য এবং অনেক বেশি আত্মপ্রত্যয়। লেগে থাকতে শেখো, জয় তোমারই হবে।’