পাহাড়সমান সমস্যা নিয়েও টিকে আছে দেশটা। অসুস্থ অর্থনীতি, অসুস্থ পরিবেশ। যেন ভেঙে পড়ছে সবকিছু। রুগ্ণ এই দেশটা আর কত দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে? এ থেকে মুক্তির কি কোনো উপায় নেই?—আছে। পথ খুঁজছেন তরুণ চিন্তকেরা। যাঁরা কাজ করবেন দেশে বিভিন্ন সমস্যা সমাধানে। ১৭ ফেব্রুয়ারি এ রকম একদল তরুণের সঙ্গে পরিচয় হলো। সংখ্যায় কম নন তাঁরা। মোট ১৪০ জন! লেখাপড়া করছেন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, ইস্টওয়েস্ট, ইউআইইউ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে। ইউনাইটেড নেশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউনিস্যাব) আয়োজনে ও ইউআইইউমুনের সহযোগিতায় তাঁরা বসেছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে।আয়োজনের নাম ‘ন্যাশনাল ইয়ুথ সামিট ২০১২’। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রংপুর—এই সাতটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন বিষয়ে তাঁরা খুঁজেছেন মুক্তির পথ।কথা হলো রাজশাহী অঞ্চলের দুজনের সঙ্গে। তাঁদের দল কাজ করেছে জলবায়ু পরিবর্তনের কৌশল ও কার্যক্রম নীতিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ অবস্থার উন্নয়নে। দলের সদস্য শামস রাব্বি বলেন, ‘আমরা তো চাইলেই কার্বনের ব্যবহার কমাতে পারছি না। কারণ, পর্যাপ্ত পরিমাণ বিকল্প জ্বালানির মজুদ আমাদের নেই...।’ ‘শুধু তাই নয়,’ যোগ করলেন নাঈমা ইসলাম, ‘আর বিকল্প হিসেবে যেটা আছে সেটা হলো সৌরবিদ্যুৎ, যা কিনা অধিক ব্যয়বহুল কিন্তু সে তুলনায় আউটপুট অনেক কম।’ওদিকে ‘শক্তিঘাটতি পূরণে নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্ভাবনা’ নিয়ে কাজ করেছেন ঢাকা দলের ওয়াহিদ হোসেন। কাজ করতে গিয়ে একটি আফসোস জন্মেছে তাঁর মনে, ‘আমাদের সমুদ্রসৈকত যদি পাথরে মোড়ানো হতো, তাহলে খুব সহজেই আমরা সমুদ্রের ঢেউ থেকে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম।’ আফসোস আছে আরও। ‘ভ্যারেন্ডার তেল একটি উচ্চমানসম্পন্ন জ্বালানি, কিন্তু পর্যাপ্ত কৃষিজমির অভাবে আমরা এই সুফল ভোগ করতে পারছি না।’ বললেন চৌধুরী হাসান ইবনে ওবায়েদ। তবে সম্ভাবনার কথা বলতেও ভুল করেননি তাঁরা। ‘একটি আবাসিক ভবন থেকে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য উৎপাদিত হয়, তা দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট করলে আমাদের জ্বালানির ঘাটতি অনেকখানি কমে আসবে।’ শোনা হলো চট্টগ্রাম দলের কথা। তারা কাজ করেছে ‘পরিবেশবান্ধব পেশার বিকাশে তরুণ সমাজের ভূমিকা’ বিষয়ে। এই দলের আইবিএর শিক্ষার্থী ইশরাত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিসুল ইসলাম বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে পেশার ক্ষেত্রে পরিবর্তন আসছে। এখন অনেক তরুণ পেশা হিসেবে এমন কাজ বেছে নিচ্ছে, যা পরিবেশবান্ধব।’এরপর যাই খুলনা দলের কাছে। সুন্দরবনের রক্ষণাবেক্ষণে দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে কাজ করেছে তারা। তাদের মতে, ‘সুন্দরবনের নদীগুলো নাব্যতা হারাচ্ছে দিন দিন। এ জন্য মূলত দায়ী নদীর জলে ফেলা মনুষ্যবর্জ্য। আমরা শিক্ষার্থীরা তাই কাজ করতে পারি এই অসচেতনতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে।’বরিশাল দল কাজ করেছে ‘পরিবেশবান্ধব কৃষিক্ষেত্রের নিশ্চয়তায় জৈবপদ্ধতির ব্যবহারে তরুণ প্রজন্মের উদ্যোগ’, সিলেট দল কাজ করেছে ‘পর্যটনশিল্পের বিকাশে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা’ আর রংপুর দল কাজ করেছে ‘গ্রামীণ নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে নবায়নযোগ্য শক্তির ভূমিকা’ বিষয়ে।সবশেষে প্রতিটি দল জানিয়েছে সংকট উত্তরণের জন্য বিভিন্ন প্রস্তাব। প্রস্তাবের নমুনাগুলো ছিল অনেকটা এ রকম, ‘দেশের শক্তিঘাটতি পূরণে নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে উৎসাহিত করার জন্য সকল স্থাপনা এবং অফিস, আদালত ও স্কুলগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে’, ‘কৃষিক্ষেত্রে সেচকাজের জন্য তেলচালিত পাম্পের বদলে সৌরশক্তিচালিত পাম্প ব্যবহার করতে হবে’ ইত্যাদি।বিচারের রায় শেষে বিজয়ের মুকুট মাথায় পরেছে রাজশাহী দল। সেদিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক আনিসুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা তরুণ নেতা চাই, যাঁরা হবেন সৃজনশীল। প্রযুক্তির ওপর নির্ভরশীল হবেন তাঁরা। কিন্তু প্রযুক্তির মধ্যে হারিয়ে যাবেন না তাঁরা, বরং প্রযুক্তি থাকবে তাঁদের নিয়ন্ত্রণে।’