আমরা পরিবর্তনের স্বপ্ন দেখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সে এক অদ্ভুত কোলাহল! অগণিত শিশুরা দুই হাতে লাল সবুজ রং মেখে ছোটাছুটি করছে। সামনে বিশাল এক সাদা কাপড়। মাঝখানে আঁকা বৃত্তে লাল ও চার পাশে সবুজ হাতের ছাপ। হূদয়ে বাংলাদেশ।কিন্তু ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের কিশোর-কিশোরীদের জন্য এটি কোনো বিরল দৃশ্য নয়। ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’ প্রকল্পের একটি অপূর্ব সুন্দর দৃশ্য। হাতের ছাপ দিয়ে রাঙানো এই বাংলাদেশের পতাকা, অংশগ্রহণকারী শিশুদের শিক্ষা দিচ্ছে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে একযোগে কাজ করতে। যখনই দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা দেবে, তখনই পতাকার রঙের অসামঞ্জস্যতা বোঝা যাবে।ঠিক এ রকম আরও ছোট ছোট প্রকল্প হাতে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এই কিশোর-কিশোরীরা। তারা ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ নামক একটি যুব সংগঠনের সদস্য। ১৫ থেকে ২১ বছর বয়সী কিশোর-কিশোরীদের দিয়ে পরিচালিত এই সংগঠনটির উদ্দেশ্য নতুন প্রজন্মকে সমাজসেবা ও দেশ গড়ার প্রতি উত্সাহিত করা। ২০০৬ সালের কোনো একদিন টিফিন বিরতির ফাঁকে ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের জন্ম। পড়ালেখার গণ্ডির বাইরের সমাজকে একটু একটু বদলে দিতে একতাবদ্ধ হয় পাঁচ স্কুলপড়ুয়া বন্ধু। প্রাথমিকভাবে ঢাকায় অন্য সমাজসেবামূলক সংগঠনকে সাহায্য করার মাধ্যমে তাদের যাত্রা শুরু। একে একে যোগ দিতে থাকে আরও অনেকেই। কোনো রাজনৈতিক বা লাভজনক দায়বদ্ধতা না থাকার কারণে ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের সঙ্গে কাজ করতে স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী আগ্রহী হয়। কাজ ও স্বপ্নের প্রসার বাড়তে থাকে। ইতিমধ্যেই তাদের সঙ্গে একযোগে কাজ করছে নেপাল ও কানাডার কিশোর-কিশোরীরাও।তা তো বুঝলাম, তবে এই দাঁতভাঙা নামের পেছনে কারণটা কী? বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধু হয়, ঠিক তেমনি সারা দেশে ছোট ছোট বাস্তবসম্মত ও কার্যকর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়াই এই সংগঠনটির লক্ষ্য। এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির কারণে যেমন বরফ গলে পানি হয়, একইভাবে আমাদের এ সমাজে ছোট ছোট উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে সমাজে বড় পরিবর্তন সাধন করা সম্ভব। আর এই উদ্দেশ্য থেকেই সংগঠনটির এই অদ্ভুত নামকরণ। এ উদ্দেশ্যগুলো হতে পারে খুবই সাধারণ। যেমন বাসার কাজের মেয়েটিকে পড়ানো, ড্রাইভারের সন্তানটিকে স্কুলে পাঠানো, বস্তির শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শোনানো বা কোনো সুবিধাবঞ্চিত শিশুকে স্কুলের বইপুস্তক কিনে দেওয়া। ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ বিশ্বাস করে, এ ক্ষেত্রে তারা যথেষ্ট সফল। উদাহরণস্বরূপ তারা পুরান ঢাকায় অবস্থিত ঢাকার সবচেয়ে পুরোনো বিদ্যালয় পোগোজ স্কুলে গিয়ে সেখানকার বিদ্যালয় প্রাঙ্গণটি বেশ নোংরা-অপরিচ্ছন্ন পেয়েছিল। তখন তারা ওই স্কুলে কিছু ডাস্টবিন স্থাপন করে স্কুলের শিক্ষার্থীদের নিজ প্রাঙ্গণ পরিষ্কার রাখার শিক্ষা দিয়ে আসে। এরপর বেশ কয়েকবার ওই স্কুল পরিদর্শনে গিয়ে তারা দেখে, বাচ্চারা এরপর থেকে স্কুল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রেখেছে। পোগোজ স্কুলের ১০ বছর ধরে বন্ধ থাকা পাঠাগারটিও পুনরায় চালু করে দিয়েছে। এ ছাড়া ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ যশোরের একটি বিদ্যালয়ে গিয়েছিল এবং সেখানকার পাঠাগারে বইয়ের যথেষ্ট অভাব ছিল। তারা সেখানে ৩০০টির মতো বই পাঠাগারে উপহার দেয়। শিশুরা বইগুলো পড়ে কী কী শিখছে, তা তাদের নিয়মিতভাবে টেলিফোনে জানাচ্ছে। এভাবে সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা করার পাশাপাশি শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে পারিপার্শ্বিক বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও নিজেদের মেলে ধরার সুযোগ করে দিচ্ছে।ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের চিত্রাঙ্কনে রাঙানো একটি রিকশাও ঢাকার রাস্তায় টুং টাং করে চলছে। সত্যিকার অর্থে সংগঠনের সদস্যরা এ ধরনের কাজের মাধ্যমে শুধু শিশুদের সঙ্গে খেলাধুলা, আনন্দ ভাগাভাগিই নয়, পরিচিত হতে পারছে নতুন নতুন মানুষের সঙ্গে, অর্জন করতে পারছে বিচিত্র সব অভিজ্ঞতা এবং ভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে কাজ করার দক্ষতা। ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ বিশ্বাস করে, তাদের সঙ্গে হাতে হাত রেখে আমরা যদি এগিয়ে যাই এবং উদ্যোগী হয়ে উঠি—শুধু তাহলেই সম্ভব একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তারা পরিবর্তনে বিশ্বাস করে, পরিবর্তনের স্বপ্ন দেখে। ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের সঙ্গে যোগাযোগ করা যাবে [email protected]. ওয়েবসাইটেও ঘুরে আসতে পারেন www.1di.org.