আমরা পরিবেশবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিশ্ব পরিবেশ দিবস। ‘স্বপ্ন নিয়ে’র আমন্ত্রণে গত ২৭ মে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশবাদী সংগঠনের কর্মীরা হাজির হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। বলেছেন তাঁদের উদ্যোগ, স্বপ্ন ও পরিকল্পনার কথা
সবুজ বাঁচাতে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া এই শিক্ষার্থীরা। ছবি: খালেদ সরকার
সবুজ বাঁচাতে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া এই শিক্ষার্থীরা। ছবি: খালেদ সরকার

অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিও এ বছর তাঁর অস্কার-বক্তব্যে বলেছিলেন, ‘মানব সম্প্রদায় ও পৃথিবীর জন্য এটাই (জলবায়ু পরিবর্তন) এখন সবচেয়ে বড় হুমকি এবং এটা থামাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আর আলসেমি করা ঠিক হবে না।’ লিও এ বক্তব্য দেন ফেব্রুয়ারিতে। কিন্তু পরিবেশ রক্ষার ব্রত নিয়ে আমাদের তরুণেরা আড়মোড়া ভেঙে জেগেছেন তারও আগে। এমনই কয়েকজন ‘আলসেমি’ করে বসে না থাকা তরুণের সঙ্গে আড্ডায় বসেছিল ‘স্বপ্ন নিয়ে’। এই নবীন পরিবেশবাদীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি, নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ক্লাবের সদস্য।

২৭ মে কার্জন হলের সবুজ মাঠ তখন বিকেলের আয়েশি রোদের দখলে। আমরা রসায়ন বিভাগের সামনের মাঠে গাছের ছায়ায় গোল হয়ে বসি পরিবেশ ‘পাঠচক্রে’। পরিবেশ ক্লাবগুলো কী ধরনের কাজ করে? নিজের ক্লাবের নামের ব্যাখ্যা দিতে দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শুভ আহম্মেদ বলেন, ‘আমাদের ক্লাবের নাম এনভায়রনমেন্ট ওয়াচ। খালি চোখে পরিবেশের সৌন্দর্য সবাই দেখতে পাই, কিন্তু বিপর্যয় সবাই দেখি না। তাই এই নাম দেওয়া হয়েছে। বুয়েটে আমরা নানা ধরনের সচেতনতামূলক কাজ করে থাকি।’
শুধুই কি সচেতনতা? ‘না না, আমরা আরও অনেক কাজ করেছি। এসব কাজের বিবরণ দিতে গেলে কয়েক ঘণ্টা লাগবে। যেমন ক্যাম্পাসের সব গাছের পরিচিতি তৈরি করে টাঙিয়ে দিয়েছি। প্রতিটি বিভাগের সামনে ময়লার ঝুড়ি রাখার ব্যবস্থা করেছি...’ একটানা বলে দম ফেলেন বুয়েট এনভায়রনমেন্ট ওয়াচের সৈয়দা আফিয়া। আর তাতে সায় দিলেন অন্য দুই সদস্য তামান্না আক্তার ও আফিয়া জাহিন।
অন্যরা তখন উসখুস করছিলেন নিজেদের ক্লাবের কাজগুলোর কথা বলার জন্য। সে সুযোগই নিল এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় দল। সরকারি ব্যাংকের খতিয়ান হিসাবের মস্ত বড় রেজিস্টার খাতা দেখেছেন কখনো? সে রকমই একটি খাতা সঙ্গে এনেছিলেন তাঁরা। যার পাতায় পাতায় সুধীজনের স্বাক্ষর আর ক্লাবের বিভিন্ন আয়োজনের ছবি। কাজী আরফিনুল ও মশিউর রহমান যখন পাতা ওলটাতে ব্যস্ত, একটি কার্টুন দেখিয়ে শাহরিয়ার আরাফাত বলতে শুরু করেন, ‘এই যে কার্টুন, আহসান হাবীবের আঁকা। তিনি আমাদের একটি আয়োজনে ছিলেন।’ আরেকটি পাতা উল্টিয়ে আবার বলতে থাকেন, ‘আমরা সবচেয়ে বড় প্রোগ্রাম করেছি নদীদূষণের ওপর। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার পাড়ে ক্লাবের আমরা প্রায় ১৫০ জন গিয়ে পরিচ্ছন্নতার কাজ করেছি। ময়লার স্তূপ পরিষ্কার করে স্থানীয়দের সচেতন করার কাজও করেছি।’
সবাই নিজেদের ক্লাবের কার্যক্রম সম্পর্কে বলতে থাকেন। যেমন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের পরিবেশ ক্লাব ফেলনা প্লাস্টিকের বোতল কেটে বিভাগের সামনে ঝুলিয়েছে গাছে, নিজেদের আঙিনা পরিষ্কার রাখার কাজও করে তারা নিজেরাই। নটর ডেম কলেজের ন্যাচারস্টাডি ক্লাবের প্রতি মাসেই কোনো না কোনো আয়োজন থাকে। কিছুদিন আগেই তারা করেছে প্রকৃতি মেলা। অন্যদিকে অভিনব কাজটি করে ভিকারুননিসা নূন স্কুলের পরিবেশ ক্লাব। তাদের ক্লাবের ‘ইকো-পুলিশ’ প্রতিদিন টিফিনের সময় খাবারের উচ্ছিষ্ট ময়লা ঝুড়িতে ফেলতে সবাইকে সচেতন করে।
এর ফাঁকে হ্যান্ডওয়াশ ব্যবহারের উপকারিতা ও অপকারিতা নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়ে যায় ঢাবির মাইক্রোবায়োলজি বিভাগের নওরীন তারান্নুম আর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সৈয়দা নাজমুন নাহারের মধ্যে। পরিবেশ নিয়ে নানা কাজের সঙ্গে যুক্ত নাজমুন নাহার জলবায়ু পরিবর্তন নিয়ে এক সেমিনারে ঢাকায় এসেছিলেন। কাকতালীয়ভাবে যোগ দেন আমদের আড্ডায়। ‘জলবায়ু পরিবর্তনের ফলে নতুন নতুন রোগের বিস্তার হচ্ছে—এ তথ্য আমরা মেডিকেলপড়ুয়া শিক্ষার্থীরাও জানি না। পরিবেশ নিয়ে মেডিকেলের শিক্ষার্থীদের অনেক কিছু জানার আছে। আমি মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে এসব বুঝেছি।’ বলেন নাজমুন নাহার।
পরিবেশ নিয়ে গল্পে-আড্ডায় আমরা কাটিয়ে দিই প্রায় দুই ঘণ্টা। শেষবেলায় জিজ্ঞেস করি পরিবেশ রক্ষায় সবার আগে কী জরুরি? পাওয়া গেল সেই চেনা উত্তর, ‘সচেতনতা’। কারণটা ব্যাখ্যা করেন ভিকারুননিসা নূন আর্থ ক্লাবের তামান্না রহমান, ‘এখন তো ঢাকার রাস্তায় ময়লা ফেলার পাত্র রাখা হয়েছে। কিন্তু দেখা যায়, ওই পাত্রের চারপাশে ময়লার স্তূপ থাকলেও পাত্র খালি পড়ে থাকে! তাই প্রথমে সচেতনতার কাজ আগে করতে হবে।’ নটর ডেম ন্যাচারস্টাডি ক্লাবের সামিও আহমেদ, সেন্ট গ্রেগরি স্কুলের আশিকুর রহমানসহ সবাই একমত এই বক্তব্যে।
আর এই সচেতনতা তৈরির কাজে তাঁরা একসঙ্গে কথা করতে চান। সব বিশ্ববিদ্যায়ের পরিবেশবাদী সংগঠনগুলো মিলে স্কুল পর্যায়ে এমন সংগঠন তৈরি করে দিতে চান। কারণ তাঁরা বিশ্বাস করেন, সচেতনতার বীজ বুনে দেওয়া উচিত ছোটবেলা থেকেই।