আমরা প্রকৃতির সন্তান

নিজের কথা বলতে গিয়ে একসঙ্গে বহু কথা মনে পড়ে যাচ্ছে। আমি একজন সামান্য শ্রমজীবী মানুষ। অথচ সারা দেশের অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা তাদের পাঠ্যপুস্তকে এখন আমার গাছ লাগানোর কাহিনি পড়ছে। আমার এই গাছ লাগানোর কাহিনি প্রথম ছাপা হয়েছিল প্রথম আলো তে। তার ভিত্তিতে ২০১৩ সালে অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ে কাহিনিটি ছাপা হয়েছে। তারা এর শিরোনাম দিয়েছে ‘আ ম্যান হু লাভস ট্রিজ’।
মনে হয়, এই জীবনে এর চেয়ে বড় আর কী পাওয়ার থাকতে পারে? আগে জেনেছি, পাঠ্যবইয়ে বড় বড় মনীষীর গল্প স্থান পায়। এখন দেখতে পাচ্ছি, আমার মতো সাধারণ মানুষের গাছ লাগানোর গল্পও ছাপা হয়েছে বইয়ের পাতায়। এ কথা ভাবলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। মনে বারবার ভেসে ওঠে বাবার কথা। বাবার কথা থেকেই তো গাছ লাগানো শুরু। সেই শুরুর গল্পটা শোনা যাক।
আগে আমাদের বাড়ি ছিল শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর আলিয়া মাদ্রাসার কাছে। দেশ ভাগের পর আমাদের আত্মীয়স্বজন ভারত পাড়ি দিলে ওই গ্রামে আমরা অবশিষ্ট থাকি কেবল একটিমাত্র পরিবার। বাবা তখন আমাদের নিয়ে আসেন মনাকষা ইউনিয়নের শ্যামপুর গ্রামে। এটা দেশ ভাগের দু-তিন বছর পরের কথা।
আমার বয়স তখন নয় বছর। নতুন জায়গায় এসে কিছুই ভালো লাগে না। চারদিকে ধু ধু বালুচর। কোনো গাছপালা নেই। একেবারে বিরান। ঝড়-বাতাস উঠলে চোখ-মুখ ধুলাবালিতে সয়লাব হয়ে যায়।
বাজার-হাট করতে আমরা যেতাম মনাকষা। ১২-১৩ কিলোমিটার রাস্তা। আমরা গরিব মানুষ। পায়ে জুতা-স্যান্ডেল নেই, মাথায় ছাতা নেই। রাস্তার গরম ধুলায় পায়ে ফোসকা পড়ে যেত। মাথার গামছা পায়ে দিয়ে দুই পায়ে একটু আরাম দেওয়ার চেষ্টা করতাম। বাবাকে কেঁদে কেঁদে বলতাম, ‘বাবা, কোন দেশে নিয়ে এলে। চলো অন্য জায়গায় চলে যাই।’ বাবা সান্ত্বনা দিয়ে বলেন, ‘দুঃখ করিস না বাবা, দেখবি কেউ একজন ঠিক দাঁড়িয়ে যাবে। গাছ লাগাবে। ওর দেখাদেখি তখন অন্যরাও গাছ লাগাবে। দেশ গাছে গাছে ভরে যাবে। গাছ লাগানো অনেক পুণ্যের কাজ। কী হবে গয়া-কাশি গিয়ে? তার থেকে বেশি পুণ্য গাছ লাগালে।’
বাবার সে কথা আমার কচি মনে গেঁথে গিয়েছিল। মনে মনে বলেছিলাম, গাছ লাগানোর জন্য আমিই দাঁড়াব। গাছে গাছে ভরিয়ে দেব গাঁও-গেরামের রাস্তাঘাট।
একবার মা আমাকে নিয়ে কাকার বাড়ি বেড়াতে গেলেন। সেখানে গিয়ে দেখি, এক পাকুড়গাছের তলায় বীজ পড়ে চারা গজিয়েছে। সেখান থেকে দুটি চারা নিয়ে এলাম। লাগালাম শ্যামপুর গ্রামের তিন রাস্তার মোড়ে। তখন আমার বয়স মাত্র ১০ বছর। অনেক কষ্ট করে গাছটির যত্ন করি। ঝড়-বৃষ্টির সময় ছোট গাছটা যেন ভেঙে পড়ে না যায়, সেভাবে তাকে রক্ষা করি। বৃষ্টিতে ভিজতে ভিজতে গাছটি ধরে দাঁড়িয়ে থেকেছি কত কত দিন। সেই আমার গাছ লাগানোর শুরু। সেই পাকুড়গাছ এখন এ অঞ্চলের বড় গাছগুলোর একটি। গাছটির বয়স ৬৪ বছর।
এর পর শুরু হলো প্রতিবছর গাছ লাগানো। গ্রামের রাস্তাঘাট, হাট-বাজার, ঈদগাহ-কবরস্থান, দেশের সীমান্ত ফাঁড়িতে আমি গাছ লাগাতে শুরু করি। হাট-বাজারে মানুষের চুল কাটার পেশা আমার। সেই উপার্জনের টাকা দিয়ে গড়ে তুলি নার্সারি। গাছে ঠেকা দেওয়ার জন্য বাঁশ কিনি। গাছ লাগানোর সময় মজুর লাগাই। মানুষজন আমাকে বলে পাগল। মশকরা করে বলে, গরিবের ঘোড়া রোগ হয়েছে। আরও বলে, বছর বছর গাঁটের পয়সা খরচ করে গাছ লাগিয়ে তোমার কী লাভ? আমি মনে মনে বলি, ইহকালে লাভ না হোক, পরকালে তো হবে। মানুষ যদি দোয়া না করে তো কি। পাখপাখালি করবে। তারা বট-পাকুড়-জামগাছে বসবে। ফল খাবে। পাখপাখালির জন্যও তো গাছ দরকার। এভাবে বছর বছর গাছ লাগাতে লাগাতে এলাকার ১০ কিলোমিটার গাছে গাছে ভরে যায়। দেখাদেখি অনেক লোক তাদের বাড়ির ফাঁকা জায়গাতেও গাছ লাগায়। সবুজে ভরে যায় গোটা এলাকা। একদিন যে এই জায়গাটা ধু ধু বালুর চর ছিল, তা আর বোঝা যায় না।
গাছ লাগানোর শুরুর ৫৩ বছর পর প্রথম আলো আমার কথা জানতে পারে। ২০০৩ সালের ২ ডিসেম্বর আমাকে নিয়ে তারা একটি খবর প্রকাশ করে। প্রথম পাতায় সে খবরের শিরোনাম ছিল, ‘বিরাট বিরাট বৃক্ষ যেন একেকটি কার্তিকনামা’। এ খবর বেরোনোর পর প্রথমে আমাকে চাঁপাইনবাবগঞ্জের বন্ধুসভা সংবর্ধনা দেয়। এরপর রাজশাহী সিটি মেয়র, চাঁপাইনবাবগঞ্জ বিডিআর ব্যাটালিয়নের অধিনায়ক আমাকে সংবর্ধনা দেন ও পুরস্কৃত করেন। গাছ লাগানোর জন্য আমি জাতীয় পুরস্কার পাই।
চ্যানেল আইয়ের পক্ষ থেকে শাইখ সিরাজও আসেন। আমাকে নিয়ে টেলিভিশনে প্রতিবেদন প্রচার করা হয়। ২০০৭ সালে চ্যানেল আই আমাকে কৃষি পদক দেয়। ঢাকায় বাংলাদেশ-চীনমৈত্রী হলে অনুষ্ঠান করে। সেখানে মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইকবালসহ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন। অনুষ্ঠানে পদক দেওয়ার পর উপদেষ্টা আনোয়ারুল ইকবাল জিজ্ঞাসা করেছিলেন, আমাদের কাছে আপনার আর চাওয়া কী? আমি বলেছিলাম, আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। শিবগঞ্জের মনাকষার রানীনগর গ্রাম থেকে তারাপুর ঠুটাপাড়া যাওয়ার রাস্তাটা কাঁচা। মানুষজনের চলাফেরা করতে খুব কষ্ট হয়। বর্ষাকালে কষ্টের সীমা থাকে না। জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন, কিন্তু রাস্তা করে দেন না। আমি শুধু রাস্তাটা চাই। আর কিছু চাই না। রাস্তাটা হলে এলাকার মানুষ আমার জন্য অনেক দোয়া করবে।
আমার কথা শুনে হলভর্তি মানুষ তালিতে ফেটে পড়ে। আমার চোখে জল এসে যায়। উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। দুটি সাঁকোসহ আট কিলোমিটার রাস্তা। এই আশ্বাস পেয়ে তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
২০১০ সালের মধ্যেই আমার গ্রাম পর্যন্ত রাস্তাটি পাকা করে দেয় এলজিইডি। এ ছাড়া এ বছর জুন মাসে শেষ হয়েছে একটি ১০০ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ। ব্যয় হয়েছে প্রায় চার কোটি টাকা। এ সেতু নির্মাণের ফলে মানুষের দুর্ভোগ কমে গেছে। উন্নত হয়েছে যোগাযোগব্যবস্থা।
রাস্তাটা পাকা হওয়ায় এলাকার লোকজন আমাকে খুব সম্মান করে। পরে সেতুটি নির্মিত হওয়ায় তারা আরও আনন্দিত হয়েছে। কাছে ডেকে কৃতজ্ঞতা জানিয়েছে। সেতুটি পার হওয়ার সময় আমারও খুব আনন্দ হয়। প্রশাসনের লোকজনও আমাকে সম্মান করে। আমার কথা রাখে। এলাকার লোকজন কোনো সমস্যায় পড়লে আমার কাছে ছুটে আসে। আমি স্থানীয় প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলি। মানুষের উপকার করতে পেরে আনন্দ পাই।
আগে মনে হতো গাছ লাগানোর ফল পরকালেই পাব। কিন্তু পত্রিকা ও টেলিভিশনের সংবাদ প্রকাশিত হওয়ার পর আমার খবর ছড়িয়ে পড়ে। তার ফলাফল এখনই পেতে শুরু করেছি।
প্রথম আলোর ১০ বছর পূর্তিতে আমার ছবিসহ বড় বড় সাইনবোর্ড ঢাকার বিভিন্ন মোড়ে লাগানো হয়। ঢাকায় কাজ করা এলাকার লোকজন এসে আমাকে জানায় সে কথা। আমি নিজে গিয়ে দেখে আসি। আনন্দ-গর্বে আমার বুক ভরে যায়। এই জীবনে এত সম্মান আর মানুষের এত ভালোবাসা পাব কখনো ভাবিনি। আমি তো আর কোনো কিছু পাওয়ার আশায় গাছ লাগাইনি। পথশ্রান্ত পথিক, পাখপাখালিকে একটু শান্তি দিতে, এলাকার ধু ধু পরিবেশ দূর করতে গাছ লাগিয়েছি। এই শরীর যত দিন চলবে গাছ লাগানোও তত দিন চলবে।
দেশবাসীর কাছে আমার আবেদন, বেশি বেশি করে গাছ লাগান। পরিবেশ না বাঁচলে তো আমরাও ভালোভাবে বাঁচতে পারব না। পাখপাখালি ভালোভাবে বাঁচতে পারবে না। আমরা প্রকৃতির সন্তান। প্রকৃতিকে ভালোবাসা আমাদের দায়িত্ব। প্রকৃতিকে ভালো না বাসলে পূর্ণাঙ্গ মানুষ হব কেমন করে? এই প্রকৃতি ও মানবজীবনের মূল্য কি কম?