আমরা প্রতিবাদ করতে জানি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মেয়েরা একটু আলাদা—এরা জানে, হয়রানি হলে কীভাবে প্রতিবাদ করতে হয়। ছবি: অধুনা
এই মেয়েরা একটু আলাদা—এরা জানে, হয়রানি হলে কীভাবে প্রতিবাদ করতে হয়। ছবি: অধুনা

প্রতিদিন স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে আটকায় এক বখাটে। আশপাশে কেউ না থাকলে বাজে প্রস্তাব দেয়। বাড়িতে বললে মায়ের পাল্টা প্রশ্ন, ‘এত মেয়ে থাকতে তোমাকে কেন বলে? নিশ্চয় তুমি তাকে কিছু বলেছ।’ মনের কষ্ট মনেই চেপে রাখে মেয়েটি। ভয়ে একা হাঁটা বাদ দিয়ে রিকশায় চড়ে মেয়েটি। ফাঁকা রাস্তায় এবার মেয়েটিকে উদ্দেশ্য করে ঢিল ছোড়ে বখাটে। মেয়েটি নেমে এসে প্রতিবাদ করে। ছেলেটি তাকে শাসিয়ে চলে যায়। স্কুলে এসে এবার শিক্ষকের কাছে মুখ খোলে মেয়েটি। জানায় তার প্রতিদিনের উত্ত্যক্ত হওয়ার ঘটনা।
সব শুনে শিক্ষকেরা ধরে আনেন ছেলেটিকে। দুই পরিবারের সামনে বিষয়টি নিয়ে আলোচনা হয় স্কুলে। ঘটনার পর থেকে এখন আর রাস্তা আটকায় না ছেলেটি। মেয়েটি এখন নিরাপদে স্কুলে যাতায়াত করে। মেয়েটির এই ঘটনা শুনে স্কুলের অন্য মেয়েরাও নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করে। যেকোনো সমস্যায় তারা এখন শিক্ষকদের পাশে পায়। পাশে এসে দাঁড়ান অভিভাবকেরাও।
যৌন হয়রানি রোধে ব্র্যাকের কর্মসূচি ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন)’ এই সুযোগ করে দিয়েছে। এই সেবা চালু হয়েছে দেশের ৪০০টি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য।
মেজনিন কর্মসূচির সেক্টর বিশেষজ্ঞ কাজী শাহানা বলেন, ‘মেজনিন কর্মসূচির মাধ্যমে স্কুলগুলোতে এখন অনেক ধরনের পরিবর্তন লক্ষ করছি আমরা। আগে একটি মেয়ে তার হয়রানির কথা ভয়ে কাউকে জানাত না। এখন মেয়েরা নিজেদের সমস্যা নিয়ে নিজেরা আলোচনা করে। সমাধানও করেছে অনেক সমস্যার। এটা অনেকটা আশার খবর যে অনেক স্কুলে সাফল্য এসেছে অল্প সময়ে।’
মেজনিন কার্যক্রম শুরু হয় ২০১০ সালে ঢাকার ৫৭টি স্কুলের মাধ্যমে। এখন তা সারা দেশের ১৩টি জেলায় ৪০০ স্কুলে পরিচালিত হচ্ছে। যেখানে প্রথমে স্কুলের শিক্ষার্থীদের (ষষ্ঠ থেকে দশম) যৌন হয়রানি সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়। ভিডিওচিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় এর নানা দিক। এরপর প্রতিটি শ্রেণীতে পাঁচজন শিক্ষার্থীর সমন্বয়ে ‘জাগ্রত আমরা’ নামে একটা করে দল গঠন করা হয়, যারা পুরো শ্রেণীর শিক্ষার্থীদের কথা শুনে শিক্ষকদের সমন্বয়ে ব্যবস্থা নিতে কাজ করবে।
এসব স্কুলে আরও আছে একটা করে ‘কমিউনিটি ওয়াচ গ্রুপ’। যে গ্রুপে আছেন শিক্ষক, অভিভাবক, প্রশাসক, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ব্র্যাকের প্রতিনিধিরা। ১৩ থেকে ১৫ সদস্যের দলটি কোনো অভিযোগ এলেই ব্যবস্থা নেবে। স্কুলে যারা বেশি লাজুক, নিজের সমস্যা নিয়ে কথা বলতে লজ্জা পায়, তাদের জন্য আছে ‘আমার কথা’ নামে একটা চিঠির বাক্স। সেখানে শিক্ষার্থীরা নিজের সমস্যার কথা লিখে বাক্সে ফেলতে পারে। এরপর সেটা পড়ে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এসব স্কুলের শিক্ষার্থীদের সচেতন করা হয় নারী ও শিশু নির্যাতন আইন ২০০৩-এর ব্যাপারে।এ ছাড়া জরুরি ব্যবস্থা নিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ১০৯২১ ফোন নম্বরটি মুখস্থ শিক্ষার্থীদের।
মেজনিন কর্মসূচি চলছে এমন একটি স্কুল ঢাকার মিরপুরের বিএডিসি উচ্চবিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষক মোতালেব খলিফা বলেন, ‘এখন তো আমার স্কুলের মেয়েরা নিজেদের সমস্যা নিয়ে শিক্ষক বা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে। এরই মধ্যে অনেকগুলো সফলতা এসেছে। মেয়েরা নিজ থেকে এগিয়ে এলে এবং ঠিকমতো সমাজে প্রচারণা চালাতে পারলে যৌন হয়রানি রোধ করা সহজ হবে।’
আগারগাঁও আদর্শ বিদ্যালয়ের মেজনিন টিম হাতে নিয়েছে নানা কর্মসূচি। এরই মধ্যে স্কুলের সামনে থেকে পুরোনো বাসের স্তূপগুলো সরানো হয়েছে, যেখান থেকে বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করত। স্কুলটির সভাপতি এস এম আনিসুজ্জামান বলেন, ‘স্কুলে প্রচারণা চালানোর ফলে শিক্ষার্থীরা অনেকটা সজাগ হয়েছে। কমিউনিটি ওয়াচ গ্রুপের মাধ্যমে বাসের চালক ও হেলপারদের নিয়ে একটা সেমিনার করব আমরা। তাঁদের সচেতন করে তুলতে হবে।’