আমরা বাড়ি বানাই, বাড়ি আমাদের বানায়
বছর বছর বন্যার পানিতে তলিয়ে যাওয়া অঞ্চলে মাচার ওপর বানানো ঘরবাড়ি আমাদের কাছে নতুন কিছু নয়। পদ্মার দক্ষিণপাড় ধরে একসময়ের বিক্রমপুর কিংবা আরও ভাটির অঞ্চলে প্রায় সব বাড়িঘরই এভাবে বানানো হতো। অবশ্য, আমাদের এখনো জলাভূমিতে ভাসমান বাড়ি বানিয়ে থাকতে হচ্ছে না। তবে, দুনিয়াজুড়ে ঘটে চলা প্রাকৃতিক প্রতিকূলতার মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে বাড়িঘর বানাতে এগিয়ে আসা স্থপতিরা গেরিলা কায়দায় প্রয়োগ করছেন এসব সনাতনী কিংবা একেবারেই নতুন সব বাস্তু-চিন্তা। ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে এমন কয়েকজন বিদ্রোহী স্থপতির কথা জানিয়েছে।

স্থাপত্য আমাদের প্রভাবিত করে। এটা যেমন আমাদের সাংস্কৃতিক মূল্যবোধের পরিচায়ক, তেমনি আমাদের আচার-আচরণ গড়ে ওঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাবক। এ প্রসঙ্গে বিখ্যাত রাজনীতিক উইনস্টন চার্চিল বলেছিলেন, ‘আমরা বাসস্থান বানাই এবং পরে বাসস্থান আমাদের বানায়।’ কিন্তু সভ্যতার এমন এক যুগে আমরা চলে এসেছি, যেখানে উদ্দেশ্যের চেয়ে দর্শনদারি এবং সামাজিক প্রয়োজনের চেয়ে চাকচিক্যই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই যুগ হয়তো পাল্টাতেও পারে। স্থপতি সান্তিয়াগো সিরুগেদা শান-শওকত, আর্থিক নিরাপত্তা আর বিলাসবহুল অফিস ছেড়ে নেমে পড়েছেন স্থাপত্যের গেরিলা অ্যাক্টিভিজমে। এমন এক সময়ে সিরুগেদা মাঠে নামেন, যখন মন্দাকবলিত স্পেনে পাঁচ লাখ নতুন বাড়ির প্রয়োজন, কিন্তু সেখানে প্রবল বেকারত্বও আছে এবং সামাজিক উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ নেই বললেই চলে। এ পরিস্থিতিকে সামাল দিতেই মাঠে নেমেছেন সিরুগেদা এবং তাঁর সঙ্গী সাথিরা। প্রায়ই আইনকানুনের তোয়াক্কা না করেই কাজ করেন তাঁরা। দ্রুততার সঙ্গে নির্মাণকাজ শেষ করার কৌশল অবলম্বন করে, বাতিল বা ফেলে দেওয়া জিনিসপত্র কাজে লাগিয়ে, স্বেচ্ছাশ্রম কাজে লাগিয়ে তাঁরা বিভিন্ন এলাকার মানুষজনের প্রয়োজন মেটাচ্ছেন।

নাইজেরিয়ার হারকোর্ট বন্দরের জলঘেরা বস্তির চার লাখ ৮০ হাজার বাসিন্দাকে সব সময়ই সরকারি উচ্ছেদ অভিযানের হুমকির মুখে থাকতে হয়। অর্থনৈতিক অগ্রগতির জন্য নগরায়ণ এবং নগরায়ণের জন্য ওই বস্তির জায়গায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। অবশ্য দেশটির স্থপতি কুনলে আদেইয়েমি মনে করেন এই চক্রের বিকল্প সমাধান আছে। তিনি মনে করেন, ভাসমান বাড়ির একটা শহর বানালে ওই মানুষদের বাস্তুচ্যুত হয়ে বিচ্ছিন্ন হতে হবে না। এতে, একদিকে তাঁরা যেমন নিজেদের সম্প্রদায়ের মধ্যেই থাকতে পারবেন, তেমনি তাঁদের জীবনমানও উন্নত হবে।

পাকিস্তানের ইয়াসমিন লারি বুদ্ধিমত্তার সঙ্গে সনাতনী জ্ঞান কাজে লাগিয়ে বন্যা আর ভূমিকম্পের ঝুঁকি থেকে দেশের মানুষকে বাঁচাতে এগিয়ে এসেছেন অভিনব স্থাপত্য নিয়ে। বাণিজ্যিক ভবন থেকে শুরু করে বসতবাড়ি আর ঐতিহাসিক জাতীয় স্থাপনার সংস্কারকাজ করে যাচ্ছেন তিনি। বন্যা ও ভূমিকম্পে নিরাপদ তিন হাজার ৬০০ বাড়ি বানিয়ে ইতিমধ্যেই জাতিসংঘের সম্মাননা ও পুরস্কারও পেয়েছেন তিনি।
তবে, এমন সব স্থাপত্যের মধ্যে সম্ভবত ভিয়েতনামের স্থপতি ভো ত্রং ঘিয়ার কাজই সবচেয়ে চমকপ্রদ। ২০০০ সাল-পরবর্তী অর্থনৈতিক প্রবৃদ্ধির জোয়ারে দেশটিতে পরিবেশদূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছায়।

সেখানে এতটাই বাজে নগরায়ণ হয়েছে যে, হো চি মিন সিটিতে সবুজের পরিমাণ মাত্র ২ দশমিক ৫ ভাগ। আর পাঁচ বছরের কম বয়সী শিশুর মধ্যে প্রতি ১০ জনের নয়জনই শ্বাস-প্রশ্বাসজনিত অসুখে আক্রান্ত। ঘিয়া সবুজ-স্থাপত্য বা জীবন্ত গাছপালাসমেত বাড়িঘর বানিয়ে এই সমস্যা মোকাবিলার চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, ‘ভিয়েতনামের নগরগুলো স্নিগ্ধতার সৌন্দর্য হারিয়েছে। একজন আধুনিক স্থপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সবুজ ফিরিয়ে আনা।’