আমরা ভূমিসন্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
রাতারগুল বনে বৃক্ষরোপণ-বিষয়ক সচেতনতামূলক গানের আসর। ছবি: আনিস মাহমুদ
রাতারগুল বনে বৃক্ষরোপণ-বিষয়ক সচেতনতামূলক গানের আসর। ছবি: আনিস মাহমুদ
জঙ্গিবাদে জড়িত বিপথগামীরা আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে না। গোটা বাংলাদেশে আমাদের তরুণেরা জড়িয়ে আছেন নানামুখী শুভ উদ্যোগের সঙ্গে। তাঁদের অভিনব ও ইতিবাচক কিছু উদ্যোগ নিয়ে এবারের মূল আয়োজন।

কখনো কি শুনেছেন দল বেঁধে গাছের চারা চেয়ে বেড়ানোর ঘটনা? সিলেট নগরে একদল তরুণের সাংগঠনিক উদ্যোগ এমনই। বৃক্ষরোপণ মৌসুমে দল বেঁধে চারা সংগ্রহ ও বৃক্ষ সচেতনতার নাম তাঁরা দিয়েছেন ‘বৃক্ষ ভিক্ষা’। তিন বছর ধরে চলছে এই কার্যক্রম। সংগঠনের নামটাও মনে রাখার মতো ‘ভূমিসন্তান বাংলাদেশ’। স্রেফ চেয়ে-চিনতে সংগ্রহ করে এ পর্যন্ত প্রায় দেড় হাজার গাছের চারা তাঁরা লাগিয়েছেন সিলেটের জলার বনখ্যাত রাতারগুলে।

ভূমিসন্তানের উদ্যোগে গাছের চারা সংগ্রহে নেমেছে চা-পল্লির শিশুরা
ভূমিসন্তানের উদ্যোগে গাছের চারা সংগ্রহে নেমেছে চা-পল্লির শিশুরা

ভূমিসন্তান-কথা
২০১২ সালের ২৭ সেপ্টেম্বর। বিশ্ব পর্যটন দিবসে প্রথম আলোর প্রথম পাতায় একটি ছবি ছাপা হয়। ছবিটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জলার বন রাতারগুলের। অনেকে এক নজর দেখে সুন্দরবন বলে ভুল করে বসেছিলেন। সেই বন রাতারাতি পরিচিতি পাওয়ায় বর্ষায় দর্শনার্থীদের ভিড় বাড়ে। শুরু হয় জল, প্রকৃতি আর বনের ওপর আঘাত। এই আঘাত রুখতে এক হন ১৪ জন তরুণ। তাঁরা সবাই মিলে প্রথমে গঠন করেন ‘জলার বন সুরক্ষা কমিটি’। উদ্দেশ্য—দর্শনার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা জাগ্রত করে জলার বনের সুরক্ষা। পরে ১৪ জনের মিলিত মোর্চার নাম পুনর্নির্ধারণ হয় ‘ভূমিসন্তান বাংলাদেশ’। ২০১৪ সালের ২৯ আগস্ট সিলেটের সুরমা নদীতীরের কিনব্রিজ এলাকায় বৃক্ষমেলায় ভূমিসন্তান বাংলাদেশ অংশ নেয়। তারা মেলায় একটি প্রদর্শনী স্টল খোলে, কিন্তু সেখানে কোনো গাছ ছিল না। ‘বৃক্ষ ভিক্ষা দিন’ একটি ব্যানারে শুধু এ কথাটি লেখা ছিল। মেলা সাত দিনই অন্য রকম এক আকর্ষণ ছিল ভূমিসন্তানদের এই বৃক্ষ ভিক্ষা।
সফল হয় সেই চারা সংগ্রহের অভিনব কার্যক্রম। পরের বছর বৃক্ষমেলা থেকে ভূমিসন্তানরা ১ হাজার ৩০০ চারা রোপণ করে রাতারগুলে। সেখানে ওই সব চারা রোপণকালে স্থানীয় গ্রামবাসী সবুজায়নে একটি সভাও করে। বৃক্ষ ভিক্ষার চারা রোপণ ও তদারকির জন্য গঠিত হয় ‘রাতারগুল সবুজ বিপ্লব সমিতি’। পরিবেশবিধ্বংসী গাছ পরিহার করতে ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর সুরমা নদীর কিনব্রিজের নিচে ‘পরিবেশবিধ্বংসী গাছ বিসর্জন’ নামে একটি অনুষ্ঠান হয়। এতে সবুজ পরিবেশের জন্য উপকারী গাছের পরিচিতি ও পরিবেশের জন্য ক্ষতিকর গাছ চিহ্নিত করে সুরমার জলে বিসর্জন দেওয়া হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সঙ্গে যৌথ কর্মসূচি হিসেবে গত বছর আন্তর্জাতিক নদী দিবসে সুরমা নদীকে দূষণমুক্ত রাখতে ‘গণসাঁতার’ আয়োজন করে তারা। পালন করে নদীর বর্জ্য পরিষ্কার কর্মসূচিও। এখন বিপন্ন প্রাণী ও পাখি সংরক্ষণেও কাজ করছে ভূমিসন্তান।
এবারও বর্ষা মৌসুমের শুরুতে গাছের চারা সংগ্রহ ও রোপণের জন্য ব্যতিক্রমী কর্মসূচির সূচনা করে ভূমিসন্তান। এই উদ্যোগে অংশ নেয় সিলেটের চা-পল্লির শিশুরা। শহরতলির মািলনী চা-বাগানে ১১ জুলাই হাঁড়িভাঙা আমের ৫০টি চারা শিশুদের হাতে দিয়ে রোপণের মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি। আমের চারাগুলো অনুদান হিসেবে দিয়েছেন সিলেট ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষক সালেহ আহমদ। চারাগুলো রোপণের পর দেখভালও করছে ভূমিসন্তানরা।
ভূমিসন্তানের সদস্যসংখ্যা ১৪। এর মূল সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীরই সংগঠনটির প্রাণ। আশরাফুল পেশায় একটি বেসরকারি টেলিভিশনের চিত্রগ্রাহক। তিনি বলেন, ‘জীবনে মানুষ অনেক কিছুই তো দান করে, গাছ দিলে সেটা একটা অন্য রকম অর্থবহ ব্যাপার হয়। আমাদের সংগঠনে কেউ গাছ ছাড়া আর্থিক অনুদান দিতে চাইলে আমরা তাঁদের সানন্দে ফিরিয়ে দিই।’