‘২৫ আগস্ট। সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা। কয়েকজন তরুণ মুক্তিযোদ্ধা বেরিয়েছেন অভিযানে। তাঁরা একটা মাজদা গাড়ি হাইজ্যাক করেছেন। গাড়িটা ধানমন্ডি ৩২ নম্বরের কালভার্ট পেরিয়ে ডানে ঘুরল। ধানমন্ডি ১৮ নম্বর সড়কে সাত-আটজন পাকিস্তানি সেনা প্রহরারত। সম্ভবত কোনো আর্মি অফিসারের বাড়ি। সেনারা বেশ অসতর্ক অবস্থায় আছে। গাড়ির পেছনে বসে আছেন বদি আর কাজী কামাল। তাঁদের হাতে স্টেনগান। গাড়িটা ওই বাড়ির গেটের কাছে গিয়ে নীরবে গতি কমিয়ে দিল। হাবিবুল আলম বললেন, ‘ফায়ার’। গর্জে উঠল বদি আর কাজী কামালের হাতের স্টেনগান। কিছু বুঝে ওঠার আগেই সেনারা লুটিয়ে পড়ল রাস্তায়। ওই আক্রমণ পরিচালনা করেই তাঁরা নিরস্ত হলেন না। তাঁরা এগিয়ে গেলেন মিরপুর রোডের দিকে। সেখানে সেনারা এরই মধ্যে ব্যারিকেড দিয়ে গাড়ি চেক করতে শুরু করেছে। সেখানে গোটা দুই মিলিটারি ট্রাক ও একটা জিপ দাঁড় করিয়ে রাখা। তাঁদের গাড়ি সেই সেনা তল্লাশির কাছে যেতেই সেনারা অর্ডার করল, হল্ট। এবং ওরা কিছু বুঝে ওঠার আগেই গর্জে উঠল কাজী কামাল, বদি, স্বপন, রুমীদের অস্ত্র।’ (ব্রেভ অব হার্ট)অসম্ভব সাহসী এমন তরুণদের গর্জন আর রণহুংকার কল্পনার মতো মনে হলেও এসব চরিত্র কিন্তু বাস্তব! কাজী কামাল [কাজী কামাল উদ্দিন আহমেদ, বীর বিক্রম], বদি [শহীদ বদিউল আলম, বীর বিক্রম], স্বপন [কামরুল হক, বীর বিক্রম], আজাদ [শহীদ মাগফার আহমেদ চৌধুরী], জুয়েল [শহীদ আব্দুল হালিম চৌধুরী, বীর বিক্রম], কাসেদ [শহীদ মুফতি মোহাম্মদ কাসেদ], রুমী [শহীদ শাফি ইমাম রুমী, বীর বিক্রম] ও তাঁদের সহযোদ্ধারা ছিলেন সেই ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়া একেকজন টগবগে তরুণপ্রাণ, যাঁদের রক্তে মিশে ছিল স্বাধীনতার নেশা। মারকুটে ক্রিকেটার হিসেবে পরিচয় জুয়েল। ১৯৭১ সালের ২৯ আগস্ট পাকিস্তানি সেনারা তাঁকে আটক করে কয়েক দিন পর হত্যা করে। জগন্নাথ কলেজ থেকে পাস করা জুয়েল প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে প্রাদেশিক দলের হয়ে কায়েদে আজম ট্রফিতে খেলেছেন।শহীদ জুয়েলের সঙ্গে খেলেছেন রকিবুল হাসান [বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক]। রকিবুল জানান, ‘জুয়েলের কথা মনে হলে স্মৃতিকাতর হতে হয়। আমরা একসঙ্গে অনেক খেলেছি। আমরা খেলার সময় একই রুমেও থেকেছি অনেক বার। ও ছিল আক্রমণাত্মক ওপেনার। এ জন্য ও তুফান নামে পরিচিত ছিল। জুয়েল খেলত আজাদ বয়েজ ক্লাব ও মোহামেডান ক্লাবে। ১৯৬৯ সালের নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলার জন্য অল পাকিস্তান দলের ক্যাম্পে জুয়েল ডাক পেয়েছিল।’মুক্তিবাহিনীর ক্র্যাক প্ল্যাটুনের সদস্য জুয়েল ঢাকার ফার্মগেট ছাড়াও এলিফ্যান্ট রোডের পাওয়ার স্টেশন, যাত্রাবাড়ী পাওয়ার স্টেশনসহ আরও কয়েক স্থানে গেরিলা অপারেশনে অংশ নেন।পূর্ব পাকিস্তানের বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ছিলেন কাজী কামাল। ঢাকা ওয়ান্ডারার্স বাস্কেটবল দলে নিয়মিত খেলেছেন তিনি। বাস্কেটবলে পাকিস্তানের জাতীয় অলিম্পিকে একাধিকবার অংশ নেন কাজী কামাল। তিনি ১৯৭১ সালে পাকিস্তানের জাতীয় দলের ট্রায়ালে ডাক পান, কিন্তু দেশমাতৃকার টানে অংশ নেন মুক্তিযুদ্ধে।ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন মুফতি মোহাম্মদ কাসেদ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে লেটার মার্কসসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি একজন ভালো দাবাড়ু ছিলেন। পূর্ব পাকিস্তানে দাবায় তাঁর র্যাঙ্কিং ছিল দুই। ১৯৬৭ সালে তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বুয়েট) যন্ত্রকৌশল বিভাগে তৃতীয় বর্ষে পড়তেন। তিতুমীর হলের আবাসিক ছাত্র ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁর সহযোদ্ধাদের চিঠি থেকে জানা যায়, তিনি মুক্তিযুদ্ধে কমান্ডো অ্যাটাকে শহীদ হন।১৯৭১ সালের ২৩ অক্টোবর মনিরামপুরের চিনেটোলা বাজারের পাশের হরিহর নদের ব্রিজের ওপরে হত্যা করা হয় কয়েকজন মুক্তিযোদ্ধাকে। তাঁদের মধ্যে একজন ছিলেন মাশিকুর রহমান তোজো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রিকে পাশ কাটিয়ে তিনি যোগ দেন মুক্তিযুদ্ধে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বীমা-বিষয়ক পরিসংখ্যানবিদ্যা অ্যাকচুয়ারিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেছিলেন এই বাঙালি সূর্যসন্তান।শহীদ আজাদ সিদ্ধেশ্বরী কলেজ থেকে আইএ পাশ করে ভর্তি হন করাচি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু দেশের টানে ফিরে এসে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তাঁর সহপাঠী ছিলেন রমজুল হক [অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়]। শহীদ আজাদ সম্পর্কে রমজুল হক বলেন, ‘আজাদসহ আমরা সাতজন মাস্টার্সে ভর্তি হয়েছিলাম। সকালে বিভাগের ক্লাস শেষ করে আমরা দুপুর পর্যন্তই ক্যাম্পাসে থাকতাম। দুপুরে আজাদ ও আমি ফরাসি ভাষা শিখতাম। আজাদের অন্য ভাষার গল্প, কবিতা, উপন্যাস নিয়ে বেশ আগ্রহ ছিল। সুযোগ পেলেই সে নিউমার্কেট থেকে ইংরেজি বইপত্র কিনে আনত।’১৯৭১ সালের প্রথম দিকে মার্স্টাসের পরীক্ষা দেন আজাদ। তারপর মার্চে দেশের টানে ছুটে যান মুক্তিযুদ্ধে। ক্র্যাক প্লাটুনের সদস্য হয়ে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন মুক্তিযোদ্ধা আজাদ ও তাঁর সহযোদ্ধারা।শহীদ বদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ডিগ্রি এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। মুক্তিযোদ্ধা বদি মাধ্যমিক পরীক্ষায় স্টার নম্বরসহ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগের মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাডেট ছিলেন।মেধাবী শিক্ষার্থী শাফি ইমাম রুমী ছিলেন জাহানারা ইমামের [শহীদজননী] ছেলে। তিনি এসএসসিতে তৎকালীন পূর্ব পাকিস্তান শিক্ষাবোর্ডে তৃতীয় স্থান ও এইচএসসিতে অর্জন করেন স্টার মার্কস। ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বর্তমান বুয়েট) ভর্তি হয়েছিলেন। রুমী যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটের শিকাগো শহরের ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন। একাত্তরের আগস্টে তাঁর যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ডাক এল মুক্তিযুদ্ধের। আদরের ছেলে রুমী মাকে যুদ্ধে যাওয়ার কথা জানান। মায়ের মন কি আর সহজে টলানো যায়! কী করে আদরের সন্তানকে অনুমতি দেন যুদ্ধে যাওয়ার! কিন্তু রুমী বিবেকবান তরুণ হিসেবে মাকে বলেন, ‘আম্মা, দেশের এই রকম অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠিয়ে দাও, আমি হয়তো যাব শেষ পর্যন্ত। কিন্তু তাহলে আমার বিবেক চিরকালের মতো অপরাধী করে রাখবে আমাকে। আমেরিকা থেকে হয়তো বড় ডিগ্রি নিয়ে এসে বড় ইঞ্জিনিয়ার হব, কিন্তু বিবেকের ভ্রুকুটির সামনে কোনো দিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। তুমি কি তা-ই চাও, আম্মা?’ মা কি আর মাতৃভূমির দুর্যোগে না করতে পারেন? দৃপ্ত কণ্ঠে বলেন, ‘দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে।’এমনই শত সহস্র মেধাবী তরুণের লাল রক্তে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতার সূর্য পতাকা। তাঁদের ত্যাগের প্রাপ্তি তো আমাদের স্বাধীনতা। এই মৃত্যুঞ্জয়ী বীরেরা বেঁচে আছেন আমাদের দেশ ও জাতির আলোকবর্তিকা হয়ে।তথ্যসূত্র১. একাত্তরের দিনগুলি, জাহানারা ইমাম, সন্ধানী প্রকাশনী২. একাত্তরের বীরযোদ্ধা, সম্পাদক: মতিউর রহমান, প্রথমা প্রকাশন৩. মা, আনিসুল হক, সময় প্রকাশন৪. ব্রেভ অব হার্ট, হাবিবুল আলম বীর প্রতীক, অ্যাকাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি