আমরা সবাই একান্ত বাধ্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতা-কর্মীদের চাকরি দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাধ্য (সূত্র: প্রথম আলো, ২৭ এপ্রিল ২০১৭)। ছাত্রলীগের প্রতি একান্ত বাধ্য এই উপাচার্যের মতো আমরাও ব্যক্তি ও জাতীয় জীবনে অনেক কিছুতেই বাধ্য। উদাহরণসহ দেখাচ্ছেন আসফিদুল হক

.
.

* পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি আর ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি-ব্যর্থতার কারণে সুনামগঞ্জের তিন লাখ পরিবার আজ পথে বসেছে। তবু বন্যার ভয়াবহতা মোকাবিলা করার জন্য তাদের ওপরই নির্ভর করতে আমরা সবাই বাধ্য।

* অপরিকল্পিত নগরায়ণ আর ক্রমবর্ধমান মানুষের চাপে রাজধানী ঢাকা পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরে। অন্যদিকে বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ঢাকা। সামান্য বৃষ্টিতে এই শহরে সৃষ্টি হয় ছোট-বড় অসংখ্য নদী। তবু বসবাসের জন্য আমরা এই শহরে থাকতে বাধ্য।

* চার বছর ধরে চলছে মগবাজার-মৌচাক উড়ালসড়কের কাজ। আর চার বছর ধরেই এই এলাকার বাসিন্দাদের জন্য চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি, বায়ুদূষণ, জলাবদ্ধতা ও যানজটসংক্রান্ত দুর্ভোগ। এমনকি মাথায় গার্ডার পড়ে একজন পথচারী নিহতও হয়েছেন। তবু জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এখানে চলাচল করতে বাধ্য।

* সীমাহীন দুর্নীতি আর লুটপাটের কারণে ব্যাংকিং খাতের আজ যায় যায় অবস্থা। সফল দুর্নীতিবাজেরা প্রতিনিয়তই তাঁদের সাফল্য তুলে ধরছেন এই খাতে। একরাশ অনিশ্চয়তা নিয়ে তবু আমরা টাকাপয়সা ব্যাংকে রাখতে বাধ্য।

* নানা রকম রাসায়নিক, ফরমালিন ও ভেজাল মেশানোর কারণে আমাদের খাবারগুলো হয়ে উঠেছে বিষ। তবু জেনে বা না জেনে এসব বিষ খাদ্য হিসেবে গ্রহণ করতে আমরা বাধ্য।

* সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য স্কুল-কলেজের কোনো বিকল্প নেই। তবু ভালো নম্বর পাওয়ার জন্য আমরা সন্তানদের কোচিংয়ে পাঠাতে বাধ্য।

* বছরে বছরে, কারণে-অকারণে, নানা বাহানায় বাড়িওয়ালারা বাড়িভাড়া বাড়াতে থাকেন। তবু উপার্জনের সবচেয়ে বেশি অংশ ব্যয় করে ভাড়া বাসায় থাকতে আমরা বাধ্য।

* কোনো লেনদেন নেই, নেই কোনো পূর্বপুরুষের শত্রুতা, তবু জায়গামতো দেখা হলেই ছিনতাইকারীদের হাতে আমরা সর্বস্ব তুলে দিতে বাধ্য।

* নিজেরা কষ্ট করে ব্যবসা করি বা ভালো চাকরি, চাহিবামাত্র চাঁদাবাজদের হাতে তাদের কাঙ্ক্ষিত চাঁদা তুলে দিতে আমরা বাধ্য।

* আমরা অনেকেই পৈতৃক সূত্রে বা নিজেরা তিলে তিলে সঞ্চয় করে জায়গা-জমি কিনে রাখি ভবিষ্যৎ সুরক্ষার জন্য। কিন্তু ভূমিদস্যুদের যদি সেই সম্পত্তি পছন্দ হয়ে যায়, তাহলে নামমাত্র মূল্যে তাদের হাতে সেটা তুলে দিতে আমরা বাধ্য।

এই তালিকা আরও বড় করা যেত। তবে অল্প কথায় মনের ভাব প্রকাশে আমরা বাধ্য...।