আমরা সবাই ‘জিনিয়াস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবকিছু জিনেই আছে’—জিনবিজ্ঞানের এই বেদবাক্যকে একরকম উড়িয়ে দিয়ে ডেভিড শেংক বলছেন, ‘জিন, প্রতিভা আর জ্ঞান-বুদ্ধি নিয়ে যা কিছু বলা হয়েছে, তা ভুল!’ সমপ্রতি এ নিয়ে তাঁর আলোচিত-সমালোচিত বই ‘দ্য জিনিয়াস ইন অল অব আস’। এই বইতে তিনি বলছেন, ‘আকাশ-সমান স্বপ্ন আর স্বপ্নজয়ের অদম্য সাহস থাকলে নিরলস শ্রমসাধনার মাধ্যমে যে কেউ হতে পারে মহাজ্ঞানী আইনস্টাইন-নিউটন বা খ্যাতনামা খেলোয়াড় টেড উইলিয়ামস-মাইকেল জর্ডান অথবা সর্বকালের সেরা সংগীতজ্ঞ বেটোফেন-মোজার্ট।’ জিনের কথিত জাদুখেলায় যুক্তির জল ঢেলে ডেভিড শেংক দেখাতে চেয়েছেন যে সবার জিনেই সুপ্ত আছে প্রতিভা। সেই প্রতিভা জাগিয়ে তুলতে চাই তীব্র ইচ্ছা, মনঃসংযোগ আর অবিরত অনুশীলন। এসবই বলেছেন ৪৩ বছর বয়সী ডেভিড শেংক তাঁর ‘দ্য জিনিয়াস ইন অল অব আস’ বইতে।‘সোনালি জিন’ বলে কিছু নেইকে বলেছে আপনি একজন বিশ্বমানের অ্যাথলেট হতে পারবেন না? বা একজন সুরসম্রাট কিংবা একজন নোবেলজয়ী বিজ্ঞানী? হয়তো হাসাহাসি শুরু হবে, যদি বলি, যে কেউ যা কিছু করতে চাই বা যা কিছু হতে চাই, তা সম্ভব। কিন্তু এও কি হাসির ব্যাপার নয় যে, আপনি নিজের ক্ষমতার সবটুকু প্রয়োগ না করেই আর সর্বোচ্চ সময় না দিয়েই নিজের ক্ষমতা-দক্ষতা বা প্রতিভার কাল্পনিক একটা সীমারেখা তৈরি করেন? আইনস্টাইন বা বেটোফেনের দিকে তাকিয়ে অনেকেই বলেন, তাঁদের প্রতিভা হলো ঈশ্বরপ্রদত্ত। আসলে জন্মের সময় স্রষ্টার দেওয়া ‘সোনালি জিন’ বলে কিছু নেই। প্রকৃতিগত নয়, বরং প্রতিভা হলো অদম্য ইচ্ছা আর প্রশিক্ষণের ফল।প্রতিভার কোনো পরিধি নেইজিন যেমন আমাদের জীবনকে প্রভাবিত করে, একইভাবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই জিনকে প্রভাবিত করে। তাই জিনে মানুষের দক্ষতার কোনো স্থায়ী সীমারেখা থাকতে পারে না। আসলে আমাদের ক্ষমতার খবর আমরা নিজেরাই জানি না। ‘জিন’ নামের প্রবাদ-পাথরে প্রতিভার কোনো পরিধিই আঁকা নেই। প্রতিভা হলো কোমল কাদামাটির মতো, যা দিয়ে বানানো যায় মনের মতো মূর্তি। বিনয়, স্বপ্ন, অসাধারণ ইচ্ছাশক্তি আর লক্ষ্য ছোঁয়ার অটুট সংকল্প থাকলে যেকোনো বয়সে আপনিও হতে পারেন বিশ্বখ্যাত প্রতিভার অধিকারী।জিনিয়াস হওয়ার জিনমানুষের জ্ঞান-বুদ্ধি বা প্রতিভা জীবাশ্ম জ্বালানি নয় যে তা একটা সময়ে এসে ফুরিয়ে যায়। কার্যত এটা হলো বায়ুশক্তির মতো। ইচ্ছেমতো কাজে লাগিয়ে বিখ্যাত হওয়া যায়। জিনিয়াস হওয়ার জিন সবার মধ্যেই আছে। আমরা দরকারি পরিবেশ-প্রতিবেশ আর মানসিকতার অভাবে ভেতরের আলোটা ভালোভাবে বের করে আনতে পারছি না। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী অ্যান্ডারসন এরিকসন ও তাঁর সহযোগী অন্যান্য মনোবিজ্ঞানীর একটা পরীক্ষার কথা বলা যায়। তাঁরা জানার চেষ্টা করেছেন, কী এমন জিনিস বা প্রক্রিয়া যা কিছু মানুষকে বিশেষ বা বিখ্যাত বানিয়ে দেয়? তাঁরা এই প্রতিভা-পরীক্ষার গিনিপিগ হিসেবে এস এফ নামের এক যুবককে বেছে নেন। যুবকটি মাত্র সাত অঙ্কের সংখ্যা স্মরণে রাখতে পারত। গবেষণার শেষে এসে দেখা গেল, আশির চেয়েও বেশি অঙ্কের সংখ্যা সে দিব্যি মনে রাখতে পারে। তার মানে, স্মৃতির কোনো ধরাবাঁধা সীমারেখা নেই!টেড উইলিয়ামস, মাইকেল জর্ডান, মোজার্ট বা বেটোফেনের প্রতিভার কথা সবাই জানি। মনে করার কোনো কারণই নেই যে তাঁদের জিন ছিল ঈশ্বরপ্রদত্ত। ওই ভাবনার আজ সময় ফুরিয়েছে। আসলে তাঁদের সবার মধ্যে একটা মিল আছে—প্রত্যেকেই প্রচণ্ড পরিশ্রম করেছেন নিজের দক্ষতাকে শানানোর জন্য। খালি চোখে দেখলে তাঁদের ঘণ্টার পর ঘণ্টা অনুশীলনই শুধু চোখে পড়ে; কিন্তু আরও গভীরে গেলে ধরা পড়ে, তাঁরা আরও অনেক বেশি এবং জীবন দিয়ে সাধনা করেন। অদম্য আগ্রহ, অবিরত অনুশীলনযুক্তরাষ্ট্রের বেসবল কিংবদন্তি টেড উইলিয়ামস। বলা হয়, তিনি হচ্ছেন ঈশ্বরপ্রদত্ত খেলোয়াড়। কিন্তু তিনি নিজে বলেছেন, ‘নিজেকে যতটুকু উজাড় করে খেলি, আমার অর্জনটাও সে রকম। একমাত্র অনুশীলনই সেই খ্যাতি এনে দিয়েছে আমাকে। শৃঙ্খলা মেনেছি সব সময়। অলৌকিক বা ঐশ্বরিক কিছু নয়, আমার সফলতার কারণ আমার অদম্য আগ্রহ আর অনুশীলন।’ হ্যাঁ, তিনি এমনই অনুশীলন করতেন যে কখনো কখনো আঙুল ফেটে রক্ত ঝরছে, সেদিকে তাঁর খেয়ালই যেন নেই। এ রকম অনুশীলন করেছেন কখনো? হতাশার কিছু নেই। স্বপ্নটা আঁকড়ে ধরুন। সংকল্পে অটল থাকুন। নিয়মিত অনুশীলন করুন। অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ই আপনার প্রতিভার প্রমাণ দেবে। নির্বাচিত অংশের অনুবাদ: জাহাঙ্গীর আলম