বিশ্বকাপ-২০১১, উদ্বোধন হলো বাংলাদেশেই! আহা! শুনতেই মনটা ভরে যায়। এই অনুষ্ঠানে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে মাত্র ৭০ জন ছিলেন বিদেশি শিল্পী। বাকিরা সবাই বাংলাদেশের শিক্ষার্থী। সংখ্যায় তাঁরা এক হাজার ৭২৮ জন! মুম্বাইয়ের নাকামুকা নাচে তাল মিলিয়ে ধুতি-কাঁচুলি পরা মাছওয়ালি কিংবা কাশ্মীরের বুমরো বুমরো তালে ঝকমকে জরিপোঁতা রেশমি উড়নি দোলানো সুন্দরী কিংবা রাং দে বাসান্তির সঙ্গে ‘বাল্লে বাল্লে’ তাল মেলানো শিখ সর্দারজি, অথবা শ্রীলঙ্কার সমুদ্রে ঢেউ তুলে বেড়ানো ছায়ার মতো রহস্যময় মানুষগুলো... আর কত বলব, মূল কথা হলো, সবাই তাঁরা বাংলাদেশি!ও হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা, একুশের ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা মুক্তিযোদ্ধা, তাঁরা যে বাংলাদেশি তরুণ প্রাণই ছিলেন, তা নিশ্চয়ই গর্বিত চেহারা দেখেই বুঝতে পেরেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে কেমন ছিল তাঁদের অনুভূতি? ‘উদ্বোধনীর আনন্দ, না বিশ্বকাপের উদ্বোধনীতে অংশগ্রহণের গর্ব, জানি না কোনটার কথা আগে বলব। শুধু এটুকু বলতে পারি, আমি এখন কালের সাক্ষী।’ নিজের আনন্দ-অনুভূতির কথা এভাবেই বলছিলেন ঢাকা কলেজের পারভেজ মিয়া। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কার উদ্বোধনী অংশটুকুতে অংশ নিয়েছেন তিনি। পারভেজ আরও বলেন, ‘২৪ জানুয়ারি থেকে একটানা অনুশীলন করেছি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তবু উদ্বোধনীর দিন মনে হচ্ছিল, আজকের দিনটি আলাদা। আজ নতুন কিছু করব। নাচ শেষে যখন সাকিব, ধনি, পন্টিং কিংবা ভেট্টোরির সঙ্গে হাত মেলাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল, বাহ! ডবল বোনাস হয়ে গেল!’ তবে আরেক নৃত্যশিল্পী মোরশেদের অনুভূতি ছিল একটু ভিন্ন। তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরে নাচ করছি মঞ্চ ও টিভিতে। কিন্তু বিশ্বকাপের মঞ্চ আমার জীবনের সেরা প্লাটফর্ম। দর্শকে ভরা গ্যালারির একেকটা চিৎকারে শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছিল। দমকে দমকে শিহরণ বয়ে যাচ্ছিল! এই অনুভূতি আর কোনো দিন হয়নি।’বাংলাদেশের সুরে যাঁরা নেচেছিলেন, তাঁদের একজন রিংকু বলেন, ‘বাংলাদেশের পতাকা হাতে যখন নাচছিলাম শুধু আওড়াচ্ছিলাম, আমার বাংলাদেশ, আমার পতাকা, আমার বিশ্বকাপ! মাঠে আমার আবেগ ছিল বাঁধনহারা।’ নৃত্যশিল্পী সুকোমল জানালেন, ‘এত বড় মঞ্চে নাচার অভিজ্ঞতা আমার জন্য নতুন নয়। শিবলী স্যার আর নিপা ম্যামের সঙ্গে এসএ গেমসেও নেচেছি। তবু নিঃসংকোচে বলতে পারি, বিশ্বকাপ শুধুই বিশ্বকাপ। নিজের দেশে বিশ্বকাপ, চাট্টিখানি কথা নয়!’ ভারতের উদ্বোধনী নৃত্যে অংশ নিয়েছিল মিরপুর আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের দশম শ্রেণীর শিক্ষার্থী বৈশাখী। সে জানায়, ‘নাকা মুকা—গানটির তালই ছিল নেচে ওঠার মতো। তাই নেচেছি মন খুলে।’ বৈশাখীদের প্রতিষ্ঠান থেকে স্কুল-কলেজ মিলিয়ে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নিয়েছিল বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে। কলেজ শাখার সাদিয়া জানায়, ‘নাচতে নাচতেই খুঁজছিলাম অধিনায়ক সাকিবকে। জীবনে কোনো দিন ভাবিনি সরাসরি দেখব তাঁকে। বিশ্বকাপের উদ্বোধনী মাঠে এভাবে দেখা হয়ে যাবে—এখনো বিশ্বাস হয় না!’মিরপুর আইডিয়ালের সরাইয়া মিস বলেন, ‘ভোর সাতটা থেকে রাত ১১টা, প্রতিদিন। অনুশীলন আর অনুশীলন। ভাবছিলাম, ছোট্ট মেয়েগুলোর কী কষ্টটাই না হবে! হয়েছে উল্টোটা। ওরাই সান্ত্বনা দিচ্ছিল, উৎসাহ দিচ্ছিল আমাকে। তখনই বুঝেছিলাম, ওরা পারবে। ওরা পেরেছে।’ ঢাকা কলেজের ১২০ জন ভাগ্যবান এবং দুরন্ত ছাত্রের তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়াশিক্ষক শামীম শিবলি আহমেদ। তিনি বলেন, ‘আমার ছেলেরা দুরন্ত। আর তাদের পারফরমেন্সও ছিল দুর্দান্ত।’ ভালো লাগার এ রকম কথা আছে আরও কয়েক ঝুড়ি।সারাংশ টানলেন এশিয়াটিক বিজ্ঞাপনী সংস্থার প্রজেক্ট কর্মকর্তা শাহরিয়ার আবির। আইসিসি এবং বাংলাদেশের অংশগ্রহণকারীদের মূল সমন্বয়ক হিসেবে ছিলেন তিনি। কিন্তু সব প্রশংসা দিলেন বাংলাদেশি অংশগ্রহণকারীদেরই। বললেন, ‘আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ দিতে, কিন্তু হার মানতে হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে। ওরা না থাকলে উদ্বোধনীটার প্রাণই ফুটত না। ওদের উৎসাহ-উদ্দীপনা উদ্বোধনীকে করেছে প্রাণের উৎসব।’কাপটা আমাদের হোক বা না-হোক, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটা যে শুধুই আমাদের, এ কথা বিশ্ববাসী জানে। আমাদের টাইগাররা জিতুক বা হারুক, আমরা স্বপ্ন দেখিয়েই যাব। উদ্বোধনীর আনন্দ আমরা ধরে রাখবই পরের বিশ্বকাপের উদ্বোধনী পর্যন্ত। তারও পর পর্যন্ত... আরও দূর পর্যন্ত...।