আমরাও পারি
যাঁরা দু চোখে দেখতে পান না, যাঁরা চলৎশক্তিহীন, যাঁদের বাকশক্তি রহিত—এমন মানুষদের শুধু দয়া বা করুণা দেখিয়ে আত্মতুষ্টিতে ভোগার দিন ফুরোতে চলল বলে। এসেছে প্রতিবন্ধী মানুষদেরও সচল আর উন্নয়নের অংশীদার করার সময়। আমাদের মনে রাখতে হবে, প্রতিবন্ধীরাও দেশের জনসংখ্যার একটি বড় অংশ। তাঁরা ‘অক্ষম’ হয়ে থাকা মানে দেশের জনশক্তির বিশাল একটি অংশ অকেজো হয়ে থাকা। প্রতিবন্ধিত্ব জয় করা বা প্রতিবন্ধী মানুষজনই হতে পারেন দেশের উন্নয়নের অংশীদার। জুতসই প্রযুক্তি আর আমাদের ইতিবাচক মনোভাব প্রতিবন্ধীদের জন্য খুলে দিতে পারে সম্ভাবনার বহু অনাবিষ্কৃত দুয়ার। গত ২৫ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত ছবিটি সেই কথাই মনে করিয়ে দেয় আরেকবার। ব্রেইল ব্যালট পেপারের সহায়তায় ভোট দিচ্ছেন একজন দৃষ্টিপ্রতিবন্ধী নারী। গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর ডব্লিউভিএর সম্মেলন কক্ষে আয়োজিত হয় এই নির্বাচন। বাংলাদেশ ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপল সোসাইটির এই নির্বাচনে ভোট দেন এই নারীর মতো শখানেক প্রতিবন্ধী। ২০০৫ সাল থেকেই এভাবে ভোট দিয়ে আসছেন এই সংগঠনের সদস্যরা। হ্যাঁ, ব্রেইল ব্যালট পেপারই সম্ভব করে তুলেছে দৃষ্টিপ্রতিবন্ধীদের ভোট দেওয়ার প্রক্রিয়ার। ব্রেইল পদ্ধতির মাধ্যমেই পড়ার কাজটি করতে পারেন দৃষ্টিপ্রতিবন্ধীরা।এমন আরও অনেক প্রযুক্তি আছে যার সহায়তা বদলে দিতে পারে একজন প্রতিবন্ধীর জীবন। ছবিটি যেন প্রতিবন্ধীদের সক্ষমতারই দারুণ এক উদাহরণ হয়ে থাকল। — ই.হো. চৌ.