পূর্ববঙ্গের মানুষ বাড়িকে বলে দেশ। তাঁদের কাছে তাই দেশ মানে নোয়াখালী, খুলনা কিংবা বরিশাল। সেই দেশ থেকে কোনো আত্মীয় হয়তো কলকাতায় এসেছেন। সঙ্গে এনেছেন আমসত্ত্ব। গ্রামের বাড়িতে বাঁশের চাটাইয়ের ওপর আমসত্ত্ব শুকানো হয়। আমসত্ত্বের গায়ে তাই চাটাইয়ের নকশা লেগে থাকে। সেই খাঁজকাটা নকশায় হাত বুলিয়ে চোখের জল ফেলতেন ঠাকুর মা–ঠাকুর দা। বলতেন, ‘এই চাটাই আমার বাড়ির মাটির ওপর আছিল, সেই মাটি ছুঁইয়া দেখি।’
৪ ফেব্রুয়ারি নগরের বাতিঘরে আয়োজিত পাঠকের মুখোমুখি অনুষ্ঠানে নিজের বেড়ে ওঠার বিশদ বিবরণ দিতে গিয়ে এসব কথা বলেন ভারতের কথাসাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী।
‘আমার জীবন, আমার রচনা’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে বঙ্কিম পুরস্কার, আনন্দ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার বিজয়ী এ সময়ের বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী বলেন, তাঁর বাবা-ঠাকুরদার বাড়ি ছিল এ দেশের নোয়াখালী অঞ্চলে। ১৯৪৭ সালের পর দেশভাগের অনিবার্য শর্ত মেনে তাঁদের পাড়ি জমাতে হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গে। নতুন দেশে নতুন পরিবেশে জীবন জীবনের নিয়মেই চলছিল। তবু দেশ হারানো মানুষ ছেড়ে আসা মাটির শোক কী করে ভোলেন? সব ছেড়ে চলে যেতে হলেও বাংলাদেশকে চিরকাল নিজেরই দেশ ভেবেছেন তাঁরা।
দেশভাগ তাঁদের মতো লাখো পরিবারের জীবন এলোমেলো করে দিলেও এর ফলাফল সর্বার্থে খারাপ হয়নি বলে তিনি মনে করেন। তিনি বলেন, দেশভাগ না হলে পাকিস্তান সৃষ্টি হতো না। আর পাকিস্তান না হলে বাংলার মানুষও মুক্তিযুদ্ধে অংশ নিতেন না। বাংলাদেশের জন্ম একটি অসামান্য ঘটনা। কারণ এ দেশের জন্ম না হলে বাংলা ভাষা ও সাহিত্যের টিকে থাকা কঠিন হতো।
সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে স্বপ্নময় পাঠকের সামনে নিজের লেখক হয়ে ওঠার গল্পও শুনিয়েছেন। তিনি বলেন, ছেলেবেলায় প্রথম কবিতা লেখার চেষ্টা করেন। সেসব খুব সফল হয়নি। তাই গল্প লিখতে শুরু করেন একসময়। প্রথম গল্প প্রকাশিত হয় সত্তরের দশকের শুরুতে অমৃত পত্রিকায়। রসায়ন থেকে স্নাতকোত্তর করে দেশলাই কোম্পানিতে চাকরি করেছেন। এরপর আকাশবাণী, ভূমি কার্যালয় এবং আবহাওয়া অফিসে। কাজের সুবাদে ঘুরে বেড়িয়েছেন ভারতের নানা অঞ্চলে। মিশেছেন আদিবাসীদের সঙ্গে। প্রথম গল্প সংকলন ভূমিসূত্র–এ তাই উঠে এল ভারতবর্ষের অন্ত্যজ শ্রেণির মানুষদের দুঃখগাথা। এভাবে নতুন নতুন অভিজ্ঞতা তাঁর সাহিত্যে ছাপ ফেলেছে।
সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এই আসরে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। অতিথি ছিলেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। স্বপ্নময়ের ‘আমার রবীন্দ্রনাথ’ গল্পটি পাঠ করেন আবৃত্তি শিল্পী সুমন বিশ্বাস।