আমাকে আমার মতো থাকতে দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাসিডদগ্ধ মানুষের জীবনের বঞ্চনার গল্প নিয়ে ঢাকার আলোকচিত্রী খালিদ হাসানের ছবির বই লিভ মি অ্যালোন। ২০১৪ সালের ডিসেম্বরে লিথুয়ানিয়া থেকে প্রকাশিত এই বইটিতে উঠে এেসছে অ্যাসিডদগ্ধ মানুষের জীবনের অদেখা চিত্র
ও​েদর সবারই আছে নিজস্ব জীবনের গল্প। ছবি: খালিদ হাসান
ও​েদর সবারই আছে নিজস্ব জীবনের গল্প। ছবি: খালিদ হাসান

আনোয়ারা বেগম (ছদ্মনাম) ঘর, সংসার, স্বামী নিয়ে সুখের জীবন কাটাচ্ছিলেন। একদিন হুট করেই জীবন বদলে যায়। বদলে দেয় অ্যাসিড। অপরাধ? তাঁর কোনো অপরাধ নেই। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছে তাঁকে। হারিয়েছেন দুই চোখ। পুড়ে গেছে মুখ আর শরীরের নানা অংশ।
ডলি নামের আরেক তরুণীর কথাই বলা যাক! চোখজুড়ে ছিল ভালোবাসার স্বপ্ন। বরের হাত ধরে বাড়ি ছেড়ে গিয়ে তৈরি করবেন নিজের ঘর! নিজের ঘর! প্রতিটা বাঙালি মেয়ের সাগর পাড়ি দেওয়ার স্বপ্নের নৌকা!

.
.

পাত্রের দাবি ১ লাখ ৬০ হাজার টাকা দিতে হবে। ভাই কথা দেয়, দেবে। বিয়ে হয়। তবে বিয়ের পর ভাই অস্বীকার করে সবকিছু। স্পষ্ট করে জানায়, কিসের টাকা? ডলির স্বামী প্রতিশোধ নেয়। অ্যাসিড ঢেলে দেয় স্ত্রীর গায়ে। এবার যেন ভাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে কিসের টাকা!
তিন-চার মাস সময় লাগে ডলির প্রাণে বাঁচতে। শুধু প্রাণেই বাঁচেন। হারিয়ে ফেলেন তাঁর বাইরের সৌন্দর্য, হাত, গলা আর ঘাড়ের চামড়া। পুড়ে শুকিয়ে গেছে সেসব। দেখলে নিজেকেই নিজের অচেনা লাগে।
পরিসংখ্যান বলে আমাদের দেশের সিংহভাগ অ্যাসিড আক্রান্তরাই নারী। আর একটু স্পষ্ট করে বললে ১৮ বছরের কম বয়স্ক মেয়ে। যাদের স্বপ্ন অন্যদের মতোই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হওয়ার। কিন্তু বাস্তবতার চাপে তাদের পড়ে থাকতে হয় বার্ন ইউনিটের সীমিতসংখ্যক বিছানায়। অধিকাংশই মারা যায়। আর যারা বেঁচে থাকে, তাদের জন্য অপেক্ষা করে সীমাহীন যন্ত্রণা! যদিও তাদের প্রত্যেকের আলাদা করে গল্প আছে, তবে সেগুলোও এ দেশের মানুষের খুব পরিচিত। তবে এই সাধারণ, সাদামাটা গল্পগুলো নিয়ে আলোকচিত্রী খালিদ হাসান প্রকাশ করেছেন তাঁর লিভ মি অ্যালোন নামের একটি ছবির বই।

.
.

লিভ মি অ্যালোন
২০১৪ সালের ডিসেম্বরে লিভ মি অ্যালোন বইটি ইউরোপের দেশ লিথুয়ানিয়া থেকে প্রকাশিত হয়। প্রায় ৩০টি ছবি আছে এতে। আর এতে উঠে এসেছে ডলি, নুরুন্নবী, খাদিজা, নাসরিনের মতো অনেক মেয়ের জীবনের গল্প।
আলোকচিত্রী খালিদ হাসান কাজ শুরু করেছেন সেই ২০১০ সালে। শুরুতে চেষ্টা করেছিলেন কোনো সংগঠনের সঙ্গে কাজ করতে। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। শেষে নিজের জমানো টাকা দিয়েই শুরু করেন। যদিও প্রকাশিত হয়েছে বই, তবে থেমে নেই কাজ এখনো।

লিভ মি অ্যালোন বইয়ের প্রচ্ছদ
লিভ মি অ্যালোন বইয়ের প্রচ্ছদ

কাজ করতে করতে মিশে যান সেই কষ্ট চেপে রাখা মুখগুলোর সঙ্গে। ছবি তোলার অভিজ্ঞতা, সে সময় আর মানুষগুলো নিয়ে খালিদ হাসান বললেন, ‘আমার কাছে ছবি মানে শুধু ক্যামেরার ক্লিক না। আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে চেষ্টা করেছি। ২০১১ সালে কলম্বিয়াতে ডার্ট সেন্টার জার্নালিজম অ্যান্ড ট্রমার একটা ফেলোশিপে যোগ দিই। কিছুটা পড়ালেখা আর জানাশোনা ছিল বলেই অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষের মানসিক ট্রমাটা আমি খুব সহজে ধরতে পেরেছি। মিশতে পেরেছি আপনজনের মতো করে।’
লিভ মি অ্যালোন বইটি নিয়ে লেখা হয়েছে দেশ-বিদেশের নানা পত্রিকায়। সামনের অক্টোবরেই খালিদ যাচ্ছেন আমেরিকার প্রিন্সিপিয়া কলেজে অতিথি বক্তা হিসেবে। যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের সংগ্রহে রাখা আছে লিভ মি অ্যালোন!

.
.

খালিদ বলছিলেন, ‘একদিন অ্যাসিড সারভাইভারদের ওখানে গিয়েছি। দেখি একটা মেয়ে গোসল করে আয়নায় নিজেকে দেখছে। আয়নার উল্টো পাশে একটা সুন্দর মুখ। ওপাশে পুড়ে যাওয়া চেহারার একজন বিজয়ী যোদ্ধা! দৃশ্যটা এখনো চোখে লেগে আছে।’

খালিদ হাসান
খালিদ হাসান
একজন খালিদ হাসান
আলোকচিত্রী খালিদ হাসানের জন্ম ১৯৮১ সালে, ঢাকায়। ছবি তোলার প্রতি ঝোঁক ছোটবেলা থেকেই। আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন ২০০১ সালে। প্রকৃতি, সমাজের অসংগতি, অধিকারের জন্য লড়াই এসব নিয়েই মূলত তাঁর কাজ। ২০০৯ সালে পেয়েছেন সেরা পরিবেশ আলোকচিত্রীর পুরস্কার। সেই একই বছর ঝুলিতে উঠেছে নেদারল্যান্ডস থেকে পাওয়া ‘স্টোরি ডকুমেন্টারি জুরি পুরস্কার’, অস্ট্রিয়া থেকে ‘সিডিপি এমারজিং ডকুমেন্টিস্ট পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা। খালিদের ছবির প্রদর্শনী হয়েছে ব্রিটেন, মেক্সিকো, রাশিয়া, সিরিয়া, ফ্রান্স, উজবেকিস্তান, কানাডা, যুক্তরাষ্ট্র আর চীনে। বিশ্বের প্রথম সারির বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে তাঁর ছবি।