আমাকে শক্ত করে ধর
আমি তখন চতুর্থ শ্রেণিতে পড়ি। বর্ষাকাল, সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। নানুর অসুস্থতার খবর শুনে আমি আর মা রওনা হলাম। অনেক দূরের পথ, গ্রামের কাঁচা রাস্তায় ভ্যানই একমাত্র সম্বল। বৃষ্টিতে রাস্তা কাদা হয়ে গেছে বলে কেউই যেতে চাইছে না, অনেক বলে-কয়ে একজনকে রাজি করালেন মা। একটা বড় ছাতার নিচে আমি আর মা ভ্যানে করে চলছি। মা প্রায় অর্ধেক ভিজে গেছেন কিন্তু তাঁর শাড়ির আঁচলে আমার মাথা ঢেকে এমন করে জড়িয়ে রাখলেন—অনেকটা মুরগি তার ডানার নিচে বাচ্চাদের যেভাবে রাখে, তেমন করে। পা ঠান্ডা হয়ে এলেও সারা শরীরে অকৃত্রিম ভালোবাসার উষ্ণতা অনুভব করেছিলাম সেদিন আমি।
যখন খালের কূলে এসে পৌঁছালাম, ততক্ষণে মাগরিবের আজান শেষ হয়ে গেছে। চারপাশ ক্রমান্বয়ে গাঢ় অন্ধকার হয়ে আসছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে, মাঝেমধ্যে বিজলির চমকে ছেয়ে যাচ্ছে আকাশের এপাশ থেকে ওপাশ। এই খালের ওপারেই নানুবাড়ি, ১৫ মিনিটের হাঁটাপথ। গতবার যখন এসেছিলাম, তখন বাবা আমাকে কোলে নিয়ে হেঁটে পার হয়েছিলেন এই খাল। কিন্তু এখন বর্ষার পানিতে ছোটখাটো নদীতে পরিণত হয়েছে, সঙ্গে যুক্ত হয়েছে প্রবল স্রোত। একটু দূরেই তিন খালের মোহনা। শুনেছি, বর্ষায় সেখানে পানির ‘পাক’ পড়ে। সব মিলিয়ে একটা অচেনা পরিবেশ গতবারের তুলনায়। সামনে বাঁশের বিশাল সাঁকো, যা মাঝপথে অনেকখানি পিঠ উঁচু করে পড়ে আছে। মা আমাকে কোলে নিয়ে পার হতে চাইলেন। কিন্তু আমি রাজি হলাম না। আমি বললাম, ‘মা, আমি পারব, তা ছাড়া আমি তো সাঁতার জানি।’ যদিও মনে মনে ভয় পাচ্ছিলাম। অন্ধকারে দুজনই ধীরে ধীরে পার হচ্ছি। আমি সামনে আর মা পেছনে। বৃষ্টির পানি আর পায়ের কাঁদায় বাঁশের ওপর পা ঠিকমতো রাখতে পারছিলাম না, পিচ্ছিল হয়ে গিয়েছে সব। ভয়ে ভয়ে পার হচ্ছিলাম। হঠাৎ পা ফসকে নিচে পড়ে গেলাম আমি। সঙ্গে সঙ্গে মা-ও লাফ দিলেন। আমি সাঁতার জানলেও হাঁটুতে ব্যথা পাওয়ায় সাঁতরাতে পারছিলাম না। স্রোত ক্রমান্বয়ে আমাদের সেই পাকের দিকে নিয়ে যাচ্ছিল। মা আমার হাত ধরে রাখলেন এবং টেনে তীরের দিকে নেওয়ার চেষ্টা করলেন। এতে করে দুজই প্রায় ডুবে যাচ্ছিলাম। আমি বেশ কয়েকবার পানিও খেয়েছি। কাশতে কাশতে আমি মাকে বললাম, ‘মা, আমি আর পারছি না।’ হঠাৎ মা তাঁর শাড়ির আঁচল আমার হাতের মুঠোর মধ্যে দিয়ে বললেন, ‘শক্ত করে ধরে রাখ, তুই কেবল ভেসে থাকবি।’ আমি মায়ের আঁচলের এক পাশ শক্ত করে ধরে ভেসে রইলাম, মা তাঁর পুরো শাড়ি খুলে সাঁতরে তীরের দিকে গেলেন। পায়ের নিচে মাটি পেতেই মা জালের মতো করে শাড়ি টানতে লাগলেন। আমাকে তীরে উঠিয়ে কোমর পানিতেই মা তাঁর শাড়ি পরে নিলেন। তীরে উঠে অন্ধকারে একটা বটগাছের নিচে আমরা অনেকক্ষণ জিরিয়ে নিয়েছিলাম। আমি দাঁড়িয়ে ছিলাম মায়ের কাঁধে মাথা রেখে। কান পেতে সেদিন শুনেছিলাম হৃদয়ের স্পন্দন।
সেই সময় তেমন কিছু না বুঝলেও এখন বুঝি ‘মা’ কথাটার মানে। মায়ের তুল্য কিছুই নেই। সারা জীবন আমি মায়ের কাছে ঋণী থাকতে চাই। সারাটা জীবন ব্যাকুল হয়ে কান লাগিয়ে শুনতে চাই হৃদয়ের সেই স্পন্দন। যেই কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেতাম পৃথিবী বোঝার আগে, সেই কাঁধে মাথা রেখে বুঝতে চাই না বলা কথা। বুঝতে চাই প্রতিটি উচ্চারণের অর্থ।
ঢাকা বিশ্ববিদ্যালয়।