আমাজনে ভূমিদস্যুর তাণ্ডব
‘সাও ফেলিক্স দ্য জিঙ্গু নামের জায়গাটি ব্রাজিলের আমাজনে গভীর জঙ্গলে ভরা এলাকা। সেখান থেকে সবচেয়ে কাছের থানাটিরও দূরত্ব ১০০ মাইলের বেশি। তাই খুনের ঘটনা ঘটলে তার তদন্তে কোনো কূলকিনারা পায় না পুলিশ। ফলে খুনের মতো অপরাধও ঘটছে অহরহ। ওই এলাকায় তাই অরাজক পরিস্থিতি বিরাজ করছে। খুনের প্রত্যক্ষদর্শীরাও কেউ পুলিশকে এ ব্যাপারে কোনো তথ্য দিতে চায় না ভূমিদস্যুদের ভয়ে। কারণ, পুলিশ প্রত্যক্ষদর্শীদের জীবনের নিশ্চয়তা দিতে পারে না। তাদের কাছ থেকে তাই সহযোগিতাও মেলে না। পুলিশ সদস্যরা সচরাচর থানার বাইরে যান না। তাঁরা থানা কম্পাউন্ডেই সঙ্গে শটগান আর অ্যাসল্ট রাইফেলে গুলি ভরে বালিশের কাছে রেখে ঘুমান।’ ওপরের স্বীকারোক্তিটি অন্য কারও নয়, আমাজন গভীর জঙ্গলে ওই এলাকারই একজন পুলিশ কর্মকর্তার। ওই পুলিশ কর্মকর্তার নাম আলভারো ইকেদা। পৃথিবীখ্যাত আমাজন আজ হুমকির মুখে পড়েছে অসাধু ভূমিদস্যুদের কারণে। তারা একদিকে ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, অন্যদিকে শত শত মাইল বন উজাড় করে চলেছে। ওই এলাকারই এক কৃষক রেইমুন্ডু তেক্সিয়েইরা ডি সুজা (৪৪)। ১৫ বছর আগে ওই কৃষক ভাগ্যান্বেষণে গিয়েছিলেন আমাজনের পশ্চিমে প্রত্যন্ত ওই গভীর জঙ্গল এলাকায় চাষবাস করে খেয়েপরে বাঁচতে। ১২০ একরের মতো জমিও কিনেছিলেন। কিন্তু সশস্ত্র ভূমিদস্যুরা একেবারে পানির দামে তাঁর কাছ থেকে অধিকাংশ জমিই জোর করে কিনে নেয়। জমি দিয়েও রক্ষা পাননি তিনি। দুই বছর আগে তাঁর এক ছেলেকে কে বা কারা গুলি করে হত্যা করে গ্রামের একটি রাস্তার ওপর লাশ ফেলে রেখে যায়। ওই কাজ যে ভূমিদস্যুদেরই, তা একেবারে নিশ্চিত তিনি। কিন্তু কে করবে তার বিচার?ডি সুজা বলেন, ‘আমরা ভূমিদস্যুদের হাতে বেঘোরে মারা পড়ছি। দেখার কেউ নেই। আমরা শুধু চেয়েছিলাম খেয়েপরে বাঁচতে আর সন্তানদের মানুষ করতে। কিন্তু আজ সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’অস্ত্রধারী ওই ভূমিদস্যুরা এরই মধ্যে মাইলের পর মাইল বন ধ্বংস করেছে। গত কয়েক দশক ধরেই চলছে তাদের তাণ্ডব। প্রায় অস্ট্রিয়ার সমান ওই বন এলাকায় ভূমিদস্যুদের অবাধ বিচরণ। সেখানে আইনশৃঙ্খলা রক্ষার জন্য হাতে গোনা কয়েকটি থানা রয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা সাও ফেলিক্স দ্য জিঙ্গু (পারা অঙ্গরাজ্য) এলাকার। সেখানে মাইলের পর মাইল এলাকার বন-বনানী ইতিমধ্যে উজাড় করে ফেলেছে ভূমিদস্যুরা। ৫৫ লাখ বর্গকিলোমিটারের ক্রান্তীয় বন আমাজনের বিস্তার লাতিন আমেরিকার নয়টি দেশজুড়ে। ওই বনাঞ্চলের বেশির ভাগই পড়েছে ব্রাজিলে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সবচেয়ে বেশি প্রজাতির উদ্ভিদ ও জীবজন্তু আছে ওই অঞ্চলে। বন উজাড় করায় সেখানকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।১৯৮০ সালে জীববৈচিত্র্যে ভরা ওই এলাকা ঘুরতে গিয়েছিলেন দুই তরুণ সাংবাদিক মার্ক লন্ডন ও ব্রায়ান কেলি। তাঁরা টানা ১০০ দিন ওই বনাঞ্চল ঘুরে দেখে একটি বই লিখেছিলেন। তাঁরা দেখেছিলেন, তিন শতাংশ বন উজাড় করে ফেলেছে দস্যু আর বসতিস্থাপনকারীরা। এর ২৫ বছর পর তাঁরা আবার আমাজনের খোঁজখবর নিয়ে জানতে পারেন, সেখানকার ২০ ভাগ বন উজাড় হয়ে গেছে। তাঁরা আমাজনকে বাঁচানোর আবেদন জানিয়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, ব্যবস্থা না নেওয়া হলে আগামী ২০২০ সাল নাগাদ আমাজনের এক-চতুর্থাংশ জঙ্গল সাফ হয়ে যাবে। আমাজন এলাকার বন ধ্বংসের ওই খেলা শুরু হয় ১৯৬০ ও ১৯৭০-এর দশকে সামরিক শাসনের সময়। ওই সময় সামরিক শাসক লোকজনদের এই এলাকায় বসতি স্থাপনে উদ্বুদ্ধ করে। তাদের বলা হয়, সেখানে বন পরিষ্কার করে বসবাস ও চাষবাস করতে। এরপরই শুরু হয় বন ধ্বংসের পালা। ব্রাজিল সরকার বনাঞ্চল রক্ষায় নানা উদ্যোগ নিতে শুরু করেছে। অরাজক ওই জঙ্গল এলাকার জন্য সরকার নতুন একটি আইন করেছে। গত জুন মাসে কংগ্রেসে ওই আইনের অনুমোদনও হয়েছে। অনেকে মনে করছে, সরকার কঠোর হওয়ায় এখন আমাজন রক্ষা পাবে। এরই মধ্যে বন রক্ষায় সাধারণ লোকজনও সোচ্চার হচ্ছে। তবে অনেকের আশঙ্কা, সন্ত্রাসী কার্যকলাপ কমাতে না পারলে সরকারের ওই উদ্যোগ সফল হবে না।